সাপ-স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মহিষখোলা হাট। বাড়ির পেছন দিকটা থেকে ভালোভাবেই দেখা যায় হাটটা। এখন না থাকলেও একসময় এই হাটের সুখ্যাতি ছিল। বহুদূরের মানুষ এই হাটে কেনাবেচা করতে আসত। বাড়ির কাছে বলে বাবা যখন যেতেন, আমাকেও নিয়ে যেতেন। না নিতে চাইলেও আমি পেছন পেছন ছুটতাম। চতুর্থ শ্রেণীতে পড়ি। তখনকার ঘটনা এটি। আমরা হাটে যাচ্ছিলাম, বাবা আর আমি। বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া সবুজ ঘাসে ঢাকা রাস্তাটি দিয়ে বাবার পেছনে হাঁটছিলাম, না না, দৌড়াচ্ছিলাম। কারণ, বাবা খুব দ্রুত হাঁটেন। হাট থেকে কী মাছ কিনব, আমার মাথায় ছিল শুধু সেই চিন্তা—বড় ইলিশ। ডিম থাকবে তার পেটে, না থাকবে না...। রাস্তার পাশেই ছিল আমাদের ধানখেত। ধানের কচি চারাগুলো বাতাসের ঢেউয়ে দোল খাচ্ছে—সেই শোভা দেখার জন্যই বোধ হয় বাবা রাস্তা থেকে নেমে খেতের দিকে যাচ্ছিলেন। আমাকেও সেই শোভা দেখতে হবে, তাই আমিও বাবাকে অনুসরণ করছিলাম। হঠাৎ পায়ের নিচে (খালি পা ছিল) শীতল কোনো বস্তু অনুভব করলাম এবং তাত্ক্ষণিকভাবে আমার পায়ের আঙুলে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। পায়ের দিকে তাকিয়ে যা দেখলাম, একটু দুরন্ত ছিলাম বলেই হয়তো জ্ঞান ও বাক্শক্তি হারাইনি। ধানখেত কাঁপানো চিত্কারে বাবাকে জানান দিলাম ব্যাপারটা। বাবা গো সা-সাপ, কা-কামড় দিছে!! বাবার এমন অবস্থা হলো, যেন সাপে তাঁকেই কামড়েছে। বিদ্যুতের চেয়ে বোধ হয় দ্রুতগতিতে বাবা তাঁর কোমরের তাগা (চাবি বেঁধে রাখার জন্য একধরনের কালো সুতা) ছিঁড়ে আক্রান্ত পায়ের হাঁটুর ওপর যতটুকু দরকার, তার চেয়ে বেশি টাইট করে বাঁধলেন। আমারটা ছিঁড়েও তা-ই করলেন, মানে আরেকটা বাঁধ দিলেন। আমি হাঁটতে পারছিলাম না, পাঁজাকোলা করে আমাকে নিয়ে বাবা বাড়ির দিকে ছুটলেন। পথে কেউ কেউ তাঁকে এ কাজে সাহায্য করল। খবর পেয়ে আমার নানা তাঁদের গ্রামের বিখ্যাত ওঝা রব বেপারিকে সঙ্গে করে নিয়ে এলেন। ওঝাকে দেখে বাড়িভর্তি উত্সুক জনতার সবাই তাঁকে আমার কাছে যাওয়ার জন্য পথ করে দিলেন। আমার পায়ের বাঁধন ও কাটা জায়গাটা নিয়ে ওঝা কিছুক্ষণ গবেষণা করলেন এবং কষে আরও একটি বাঁধন দিলেন। বিষমুক্ত করার প্রয়াসে নতুন ব্লেড দিয়ে পুরো পা মোরব্বা কাটা করলেন তিনি। কতগুলো সাংঘাতিক ঝালমরিচ খাওয়ানো হলো আমাকে। ঝালের চোটে যখন আমার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হলো তখন নিশ্চিত হওয়া গেল, আমি বিপদমুক্ত। বড় ধরনের একটা নিঃশ্বাস ছেড়ে স্বস্তি প্রকাশ করল সবাই। আর আমি ওঝার মন্ত্রবলেই হোক আর সাপটার বিষ ছিল না বলেই হোক, সে যাত্রা বেঁচে উঠেছিলাম। আর উঠেছিলাম বলেই অভিজ্ঞতাটা লিখতে পারলাম। ইকবাল খানফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগতেজগাঁও কলেজ, ঢাকা।