সাপমারা খালের সাঁকোর জীর্ণদশায় দুর্ভোগ
আনোয়ারার রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নের মাঝামাঝি সাপমারা খালের ওপর নির্মিত সাঁকোটি দুই ইউনিয়নের বাসিন্দাদের একমাত্র যোগাযোগের মাধ্যম। মাসখানেক ধরে জোয়ারের পানির তোড়ে সাঁকোটি নড়বড়ে হয়ে ওঠে। পারাপারের জন্য লোকজন উঠলেই দুলতে থাকে এটি। ফলে এলাকার নারী, শিশু ও বৃদ্ধদের জন্য সাঁকো পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
জুঁইদণ্ডী এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, গত বছর রোয়ানুর সময় সাঁকোটি ভেঙে গেলে স্থানীয় লোকজন কোনোভাবে সংস্কার করেছিলেন এটি। তবে এই সংস্কার স্থায়ী হয়নি। খালের জোয়ারের পানির ধাক্কায় সেতুটি আবারও নড়বড়ে হয়ে পড়েছে।
তিনি আরও জানান, প্রতিদিন জেলেদের কাছ থেকে সামুদ্রিক মাছ কেনার জন্য জুঁইদণ্ডীর শত শত ব্যবসায়ীকে রায়পুরে যেতে হয়। পাশাপাশি রায়পুরের বহু শিক্ষার্থী পড়াশোনার জন্য জুঁইদণ্ডীর জেকেএস উচ্চবিদ্যালয় ও আনোয়ারুল উলুম মাদ্রাসায় যায়। শুধু তা–ই নয়, রায়পুরের অনেককে জুঁইদণ্ডীর ওপর দিয়ে আনোয়ারা সদর ও চট্টগ্রাম শহরে যেতে হয়।
গত সোমবার সাপমারা সাঁকো এলাকায় গিয়ে দেখা যায়, সাঁকোতে দুজনের বেশি উঠলেই দুলছিল। খালের দুই পাড়ের বাসিন্দারা অনেক কষ্টে চলাচল করছিল সাঁকোর ওপর দিয়ে।
সাপমারা খালের পাশে সাঁকো এলাকার বাসিন্দা নুরুল আলম বলেন, প্রতিদিন এই সাঁকো দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পারাপার করে। তারা সবাই ঝুঁকি নিয়ে সেতু পারাপার করে।
জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী ও রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম প্রথম আলোকে বলেন, সাপমারা খালের সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।
আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান প্রথম আলোকে বলেন, সাপমারা খালের ওপর ৩০ মিটার পাকা সেতু করার জন্য বহু আগে প্রকল্প পাঠানো হয়েছে, এটি অনুমোদন হলেই এলাকাবাসীর কষ্ট লাঘব হবে।