সাপের মাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেহের চেয়ে অনেক লম্বা লেজযুক্ত সব টিকটিকি বা আঁচিলাকে সচরাচর বলা হয় সাপের মাসি। কারণ, এদের দেহ চিকচিক করে, মসৃণ এবং কারও কারও পা ছোট বা খাটো খাটো। ফলে প্রথম দেখায় এদের সাপ বলে ভুল হতে পারে।সেদিন আকাশে দারুণ মেঘ করেছিল। কারণ, সেটা ছিল শ্রাবণের প্রথম সপ্তাহ এবং মুহুর্মুহু বৃষ্টিও হচ্ছিল। এক ফাঁকে কাপ্তাই বন দেখার দায়িত্ব পাওয়া এসিএফ জাহিদুর রহমান, দুজন সশস্ত্র বনপ্রহরী ও আমার সফরসঙ্গীর সঙ্গে নেমে পড়লাম প্রধান সড়ক থেকে প্রায় ২৫০-৩০০ মিটার নিচের এক ছড়ায়। তখনো আকাশ থেকে নয় বরং গাছের পাতায় জমে থাকা বৃষ্টি বড় বড় ফোঁটায় রূপ নিয়ে আছড়ে পড়ছিল আমাদের মাথার ওপর। স্থানীয় কায়দায় আমাকে জোগাড় করে দেওয়া একটি লাঠির সাহায্যে আমি সাবলীলভাবেই পাহাড় ও ছড়ার গা বেয়ে চলছিলাম। এমন সময় ছড়ার পাশে সামান্য পাথর-নুড়িতে বেড়ে ওঠা ঘন ঝোপের ওপর রোদ পোহানোর ব্যর্থ চেষ্টায় রত একটি রঙিন ঘাসটিকির ওপর আমার দৃষ্টি পড়ল। বুঝলাম, এটি প্রায় দেখা প্রজাতির নমুনার মতো নয়। পাথর বেয়ে ওঠার প্রথম চেষ্টায়ই ফেল করলাম ও ধপাস করে পড়ে গেলাম ছড়ার হাঁটুপানিতে এবং সঙ্গে সঙ্গে ডান পায়ের চামড়ার কিছুটা আঁকড়ে ধরে রাখল পাথরের ধারালো অংশ। প্রাথমিক চিকিৎসার চিন্তা বাদ দিয়ে দ্বিতীয়বার পাথর বাইবার চেষ্টা করলাম এবং কৃতকার্যের সঙ্গে ও অতিসন্তর্পণে আঁচিলের প্রায় দেড় মিটারের ভেতর পৌঁছাতে সক্ষম হলাম। ক্যামেরার লেন্সে পেলাম পুরো প্রাণীটি। ডজনের ওপর ফ্রেমে ধরার পর স্বস্তির নিঃশ্বাস নিলাম।সুন্দরবন থেকে শুরু করে সেই পাহাড়ি নদী সাঙ্গুর শেষ সীমান্ত বা সেন্ট মার্টিন এবং তেঁতুলিয়া থেকে টেকনাফের পানি বাদে বাকি সব জায়গায় আছে বেশ কয়েক প্রজাতির টিকটিকি। আমরা এদের সবাইকে চিনি বললে বেশি বলা হবে না, কারণ এরা আমাদের ঘরদোরেই থাকে। কিন্তু সব ঘাসটিকি বা গ্রাস লিজার্ডের বসবাস মিশ্র বা চিরসবুজ বনে। ঘাসের রঙে রং এদের দেহ এবং ইংরেজি নামের সঙ্গে মিল রেখে আমি এদের বাংলা নাম দিয়েছি ‘ঘাসটিকি’।গ্রামগঞ্জে দেখা আঁচিলের চেয়ে অনেক সরু কিন্তু দারুণ রংচঙে ও খুব লম্বা লেজের অধিকারী বর্ণিল ঘাসটিকি দেখতে হলুদাভ, সবুজ এবং বাদামি বা চকলেট রঙা ও মোটা পার্শ্ব ডোরাযুক্ত। মাথার ডগা থেকে লেজের শেষ প্রান্ত পর্যন্ত গাঢ় বাদামি, যার ওপর জলপাই রঙা ডোরা। নিচের সব দিক হলুদাভ সবুজ, অনেকটা কচি কলাপাতা রঙের। কিন্তু পা ও আঙুল বাদামি। পার্শ্ব ডোরার শুরু ওপরের চোয়ালের ডগায়, যার শেষ লেজের প্রান্তে। এটি পুরো চোখকে ঢেকে রাখে। আর কানের যে বড় ছিদ্র তার কেবল ওপরের অংশ ছুঁইয়ে গেছে এ ডোরা। ছিদ্রের বাকিটুকু পেটের রঙে রং, যেমনটি ওপরের চোয়াল। অবস্থা দেখে মনে হয়, যেন সৃষ্টিকর্তা এদের পিঠের রং বাদামিই দিয়েছিলেন। কিন্তু সৌন্দর্য বৃদ্ধির জন্য পরে পিঠের মাঝ বরাবর টেনে দিয়েছেন একটি প্রশস্ত ফিকে জলপাই ডোরা আর দুটি পার্শ্ব ডোরা। প্রজাতিটি Takydromus khasiensis, Khasi Hills Long-tailed Lizard।বর্ণিল ঘাসটিকির বসবাস বনের রৌদ্রোজ্জ্বল মেঝের ঝোপঝাড়, কিনারা, ছড়া বা ঝিরির পাড়ের ছোট গাছগাছড়া এবং পাহাড়িয়াদের উঠোনের পাশের জঙ্গল। খাবার হিসেবে মূলত কীটপতঙ্গ শিকার করে ঝোপঝাড় থেকেই। কখনো-সখনো বনের মেঝের ওপর আড়ি পেতে বসে থেকেও ফড়িং, ঘাসপোকা, মাকড়সা প্রভৃতি ধরে খায়।গ্রীষ্মের শুরুতে প্রজননকাল। সাধারণত কয়েকটি সাদাটে ডিম শক্ত গুঁড়ি বা পাথরের গায়ে আঠা দিয়ে সেঁটে দেয়। অবিকল মা-বাবার মতো দেখতে কিন্তু ছোট্ট একটি বাচ্চা আপন প্রচেষ্টায় ডিম থেকে বের হয়ে নিজেই নিজের জীবন রচনা করে।আমাদের দেশে খুবই বিরল এ বর্ণিল ঘাসটিকি প্রজাতিটি সংরক্ষিত হবে, যদি দেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এলাকার প্রাকৃতিক বন টিকে থাকে। আর সেটা নিশ্চিত করতে হবে সরকারকে স্থানীয় জনগণের সহায়তায়।রেজা খান: প্রাণিবিজ্ঞানী ও দুবাই চিড়িয়াখানার প্রধান