সাপের রস পাহারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ডিসেম্বরে পরীক্ষা শেষে মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। বাড়িতে ছিল চার-চারটে খেজুরগাছ। সেখানে আমার দুই বন্ধু ছিল—বাবু আর সাকিব। সাকিব বলল, ‘লিমন, চল, আজকে তোদের গাছের খেজুরের রস খাই।’ যথারীতি রাতের বেলা যে গাছটায় সবচেয়ে বেশি রস হয়, সাকিব সেটায় উঠতে লাগল। আমি আর বাবু নিচেই ছিলাম। কিছুদূর উঠতে না উঠতেই দেখলাম, সাকিব যত তাড়াতাড়ি পারে নেমে যাচ্ছে, আর আস্তে আস্তে বলছে, ‘সাপ, সাপ।’ আমি তো ভয়েই সোজা বাড়িতে দৌড়। পরদিন যখন নানুর কাছ থেকে জানতে পারলাম, চোর যেন রস নিতে না পারে এ জন্য তিনি ‘প্লাস্টিকের তৈরি সাপ’ হাঁড়ির কাছে রেখে দিয়েছিলেন। তখন নানুর বুদ্ধির তারিফ না করে পারলাম না। সাকিব এ কথা শোনার পর বলল, ‘এ তো দেখি কঠিন পাহারাদার!’ সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়, ঢাকা।