সাফল্য এনে দিল খরগোশ
দুই বছর আগে শখ করে কেনা এক জোড়া খরগোশ থেকে আজ পর্যন্ত কত জোড়া খরগোশ হয়েছে তা তিনি নিজেও বলতে পারেন না। তবে এখন তাঁর খামারে ২৫ জোড়া খরগোশ আছে। ইতিমধ্যে ৫০ থেকে ৬০ জোড়া খরগোশ বিক্রি করেছেন। খরগোশ বিক্রির টাকায় সংসারের প্রয়োজনীয় কেনাকাটা এবং চিকিৎসার খরচ মিটিয়েছেন।খরগোশের খামার করে সংসারের চেহারা বদলে দিয়েছেন কাপ্তাই উপজেলার বরইছড়ির বাসিন্দা স্বপ্না বেগম (৩৮)। কাপ্তাই চট্টগ্রাম সড়কের পাশে তাঁর বাড়ি। বাড়ির সামনের রাস্তাটা পার হলে পাহাড়ের পাদদেশে এক চিলতে জায়গায় তাঁর খামার।২০১১ সালের কথা। অষ্টম শ্রেণীতে পড়া মেয়ের লেখাপড়ায় উৎসাহ জোগাতে রাঙামাটি থেকে এক জোড়া খরগোশ কিনেছিলেন স্বপ্না। তিন মাস পর হঠাৎ মেয়ে খরগোশটি একসঙ্গে ইঁদুরছানার মতো তিন জোড়া বাচ্চা দেয়। তখনো স্বপ্না খামার করার কথা ভাবেননি। কিন্তু তিন মাস পর ওই খরগোশটি আবারও পাঁচটি বাচ্চা দেয়। সেই সঙ্গে আগের বাচ্চাগুলোও বড় হতে থাকে। এত দিন নিজেদের ঘরের এক কোনে খরগোশগুলোর থাকার ব্যবস্থা ছিল। কিন্তু সংখ্যা বেড়ে যাওয়ায় এবার খরগোশের জন্য আলাদা ঘর প্রয়োজন হলো। স্বপ্না রাস্তার পাশের খালি জায়গায় পুরোনো টিন দিয়ে ঘর বানালেন। কয়েক মাসের মধ্যে বাচ্চাগুলো পূর্ণবয়স্ক হয়ে তারাও বাচ্চা দিতে লাগল। এভাবেই গড়ে উঠল স্বপ্নার খরগোশের খামার।এক জোড়া খরগোশ কমপক্ষে এক হাজার ২০০ টাকায় বিক্রি করেন স্বপ্না। মাঝে মাঝে দ্বিগুণ দামেও বিক্রি হয়। স্থানীয় লোকজনের পাশাপাশি বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও তাঁর কাছ থেকে খরগোশ কেনেন। স্বপ্না বলেন, কিছুদিন আগে তাঁর স্বামী ওমর ফারুক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে রোজগার বন্ধ হয়ে যায়। তখন স্বপ্না দুই জোড়া খরগোশ বিক্রি করে ৫০ কেজি চাল কেনেন, হাসপাতালের চিকিৎসাব্যয় মেটান এবং সংসারের প্রয়োজনীয় জিনিস কেনেন। খরগোশের জন্য এখন আরও বড় ঘর তৈরির প্রয়োজন হয়ে পড়েছে। স্বপ্না খামার বড় করার পরিকল্পনা করছেন বলেও জানান।খরগোশ কী খায় জানতে চাইলে স্বপ্না বলেন, গাজর, আলু, কলা, বরবটি, বাঁধাকপি, কাঁঠালপাতা, ঘাস ইত্যাদি খায়। খামারের পেছনে মাসে খরচ দুই হাজার টাকা। বিশেষ কোনো রোগবালাইও হয় না। স্বপ্না জানান, একটি খরগোশ বছরে তিন বারের মতো পাঁচ-ছয়টি করে বাচ্চা দেয়। বাচ্চা পূর্ণবয়স্ক হতে সময় লাগে এক বছর। পূর্ণবয়স্ক খরগোশের ওজন আড়াই কেজির মতো হয়। খরগোশ রাখার জন্য স্বপ্না নিজ হাতে মোটা তারের খাঁচা বানাতে পারেন। খরগোশের সঙ্গে কেউ খাঁচা কিনতে চাইলে তিনি সরবরাহ করেন। খরগোশের খামার করতে চাইলে আগ্রহীদের সহযোগিতা করবেন বলেও স্বপ্না জানান।