সাফল্য এনেছে মিশ্র চাষ
মিশ্র ফসল চাষে সাফল্য পেয়েছেন সীতাকুণ্ডের প্রায় চার হাজার চাষি। একই জমিতে শিম, লাউ, টমেটো, আখ চাষ করায় উৎপাদন বাড়ছে। ফলে বিগত কয়েক বছরে এখানে মিশ্র চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলার কৃষি বিভাগ ও চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিতে একই সঙ্গে দু-তিন ধরনের ফসল চাষে খরচ কম, লাভ বেশি।সীতাকুণ্ড পৌর সদরের মহাদেবপুরের মৌলভীপাড়ার চাষি মো. আলমগীর জানান, ২৫ শতক জমিতে তিনি টমেটো লাগিয়েছেন। আর এ জমির ফাঁকে ফাঁকে লাগিয়েছেন ৮৫টি লাউগাছ। নভেম্বর মাসে লাগানো টমেটো ফলন দিয়েছে গত জানুয়ারিতে। বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ইত্যাদি বাবদ তাঁর খরচ হয় ১৫ হাজার টাকা। একই জমিতে আখ চাষে খরচ পড়বে অতিরিক্ত আরও ছয় হাজার টাকা। আর এ জমি থেকে তিনি তিন মাসে কমপক্ষে ৩০ হাজার টাকার টমেটো এবং ২০ হাজার টাকার আখ বিক্রি করতে পারবেন বলে আশাবাদী। তিনি জানান, একসময় এই এলাকায় কোনো মিশ্র ফসলের চাষ হতো না। বিগত কয়েক বছরে এখানকার চাষিরা মিশ্র ফসল চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন। এখন এলাকার বেশিরভাগ চাষিই মিশ্র ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আলমগীর জানালেন, তাঁর গ্রামে এখন কমপক্ষে শতাধিক চাষি তাঁর মতো মিশ্র ফসল চাষ করে তিন মাসে ৪০-৫০ হাজার টাকা উপার্জন করে থাকেন। বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ জমিতে সারি সারি ফুলকপির পাশাপাশি লাগানো হয়েছে লাউগাছ। শুধু ফুলকপির সাথে লাউ নয়, এ গ্রামের অনেকে একই সাথে মিষ্টিকুমড়া, টমেটো, শিম—এই তিন ধরনের ফসল চাষ করছেন। এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এভাবে একাধিক ফসল চাষ করে গ্রামের কৃষক পরিবারগুলো এখন অনেকটা সচ্ছল। সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, একেবারে পানিতে তলিয়ে থাকা বেশকিছু জমিতে পানির ওপর মাচা করে একই সাথে করলা এবং লাউচাষ করা হয়েছে। কৃষক সোলেমান সর্দার জানান, জলাবদ্ধতার কারণে এলাকার অনেক জমি অনাবাদি পড়ে থাকে। কিন্তু চাষিরা এবার তা হতে দেননি। তাঁরা জমির উঁচু জায়গায় আলাদা মাটি দিয়ে সেখানে লাগিয়েছেন গাছ। সীতাকুণ্ডের মিশ্র ফসল চাষের সফলতা প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা তারেক মাহমুদুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘মিশ্র ফসল চাষে চাষিদের মধ্যে আগ্রহ আমরাও লক্ষ করেছি। সাথি ফসল চাষ করায় তাঁরা লাভবান হচ্ছেন। বিগত কয়েক বছরে এ ধরনের মিশ্র ফসল চাষ বেড়েছে।’ বার সীতাকুণ্ডে প্রায় তিন হাজার ৮৫০ হেক্টর জমিতে ১৬ হাজার ২০০ চাষি শীতকালীন সবজি চাষ করেছেন বলে তিনি জানান।