সাফল্য ও অর্জন
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীরা ভবিষ্যতে নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত করছেন নিজেদের। সামাজিক নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হবে তাঁদের। সে জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন সম্মেলন ও কর্মশালায় নিয়মিত অংশ নিচ্ছেন তাঁরা। অ্যাকসেস একাডেমিতে প্রবেশের পর থেকে গ্রীষ্মকালীন অবসরে শিক্ষার্থীরা যোগ দেন স্টাডি প্রোগ্রাম, বিভিন্ন ইন্টার্নশিপ প্রোগ্রাম কিংবা গ্রীষ্মকালীন প্রজেক্টে, যাতে পড়াশোনা শেষ হতে হতেই নিজেদের সিভিতে লেখার মতো জমে যায় অনেক কিছু। ইন্টার্নশিপ প্রোগ্রামে এখানকার শিক্ষার্থীরা দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতিমান প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান।এ ছাড়া গ্রীষ্মকালীন প্রজেক্টে শিক্ষার্থীরা নিজেদের দেশের বিভিন্ন আর্থসামাজিক ক্ষেত্রে গবেষণার কাজ করে থাকেন। কখনো কখনো বিভিন্ন গবেষক দলের সঙ্গে সহায়ক ভূমিকা রাখেন।২০১১ সালে ২৫ জন নির্বাচিত ছাত্রী যাবেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য স্টানফোর্ড ইউনিভার্সিটির গ্রীষ্মকালীন প্রজেক্টে। দুবাইয়ের ‘সীমানা ছাড়িয়ে শিক্ষা’ শীর্ষক সম্মেলনে অংশ নেন ছয়জন। শিক্ষার্থীরা আরও অংশ নেন কাতারের দোহায় আয়োজিত আইসিটিডি সম্মেলনে, কানাডায় সাংবাদিকতাবিষয়ক কর্মশালায়। শেরি ব্লেয়ারের সঙ্গে ফিলিস্তিন ও আফগানিস্তানের দুজন শিক্ষার্থী কুয়েতের একটি সম্মেলনে যোগ দেন। ২০১০ সালে দিল্লির পরিবেশবাদী সম্মেলনে নিজেদের প্রবন্ধ উপস্থাপন করেন পাঁচজন শিক্ষার্থী। জাপানে জেন্ডার-বৈষম্য নিয়ে একটি প্রামাণ্যচিত্রও দেখান তাঁরা।