
২০১৫ সাল প্রায় শেষ। এই বছরেও দেশের নারীরা আশা-হতাশায় দুলেছেন। বছরটিতে পারিবারিক নারী নির্যাতনে ঘটেছে বেশ কয়েকটি নির্মম ঘটনা। নারীকে শুধু মেরে ফেলা নয়, নারীর চোখ তুলে ফেলা, হাত-পা কেটে দেওয়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। খেলাধুলায় নারীদের সাফল্য এই বছরে উল্লেখ করার মতো। লিঙ্গবৈষম্য কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো অবস্থানে থাকার কারণে বাংলাদেশ বেশ কয়েকটি আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেছে।
পারিবারিক নারী নির্যাতনে নৃশংসতা
যৌতুকের জন্য জুলাই মাসে ঈদের আগে সাভারের জিঞ্জিরা এলাকার এক ভাড়া বাসায় স্বামী, দেবর, ভাশুর ও ননদ মিলে সুখী আক্তারের হাত-পা বেঁধে ইলেকট্রিক টেস্টার দিয়ে তার একটি চোখ তুলে ফেলেন। অন্য চোখটিতেও গুরুতর আঘাত পান সুখী। ঘটনার সময় তাঁর চিৎকারে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করান। আর সুখীর স্বামী রবিউলকে তুলে দেন সাভার থানা-পুলিশের হাতে। গণমাধ্যমে এই ঘটনা ছিল আলোচিত। এরপরও এমন নৃশংস বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
নভেম্বরে গাজীপুরের গৃহবধূ শিউলি খাতুনের (৩৬) দুই চোখই চাকু দিয়ে খুঁচিয়ে তুলে ফেলেন স্বামী জুয়েল হাসান। প্রতিবেশীরা শিউলিকে উদ্ধার করে ভর্তি করেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে। টঙ্গীর জামাইবাজার এলাকার ভাড়া বাসায় স্বামী জুয়েল চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ তুলে তাঁর স্ত্রীকে ভেতরে রেখেই বাসা তালাবদ্ধ করে চলে যান।
অক্টোবরে দেবরের রামদার কোপে দুই পা হারিয়েছেন মাদারীপুরের গৃহবধূ সালমা। ডান হাতের কবজি হাতের সঙ্গে একটু লেগে ছিল। এলোপাতাড়ি কোপানোর সময় সালমার যৌনাঙ্গের আশপাশের মাংসও উপড়ে ফেলা হয়।
আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ উপপরিচালক নীনা গোস্বামী প্রথম আলোকে বলেন, এই বছর নারী পারিবারিক নির্যাতনের বীভৎসতা প্রকট আকার ধারণ করেছিল। শুধু স্বামী নন, দেবরও ভাবীর পা কেটে ফেলার মতো সাহস দেখিয়েছেন। নারী নির্যাতনের এ ধরনের প্রবণতা নিয়ে গবেষণা করা জরুরি। বছর শেষে ডিসেম্বর মাসে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ঢাকায় নিযুক্ত নয় নারী রাষ্ট্রদূত গণমাধ্যমে যৌথ বিবৃতি দেন।
মেয়েদের বিয়ের বয়স ১৬ না ১৮?
মেয়েদের বিয়ের বয়স বিশেষ শর্ত বা বিধানের মাধ্যমে ন্যূনতম ১৮ থেকে ১৬ বছরে নেমে আসবে কি না, তা বছরজুড়েই ছিল আলোচনায়। অনেক আন্দোলনও হয়েছে। তবে শেষ পর্যন্ত বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ায় ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার ‘বিশেষ বিধান’ বহালই রয়েছে। খসড়া আইনটি এখন পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি সরকার।
সেনাবাহিনীতে নারী সৈনিক
২০১৫ সালেই প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৭৯ জন নারী সৈনিক নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে মোসাম্মৎ মেমোরি হাসান ও সান্ত্বনা রানী মণ্ডল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রিক্রুট বিবেচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে ট্রফি তুলে দেন।
নারী ট্রাফিক সার্জেন্ট
২৮ জন নারী প্রথমবারের মতো সড়কের শৃঙ্খলা রক্ষা করবেন এবং আইন অমান্যকারীদের কাছে প্রতিরোধক হয়ে দাঁড়াবেন। ট্রাফিক আইন যাঁরা মানবেন না, তাঁদের বিরুদ্ধে এই নারীরা মামলা করতে পারবেন। এই বছরেই প্রথমবারের মতো সার্জেন্ট হিসেবে পুলিশে নারীদের নিয়োগ হয়।
নাদিয়ার সাহসের স্বীকৃতি
৭ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক নারী সাহসিকতার (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড-আইডব্লিউওসি) পুরস্কার অর্জন করেন সাংবাদিক নাদিয়া শারমিন। যে নারীরা তাঁদের সাহসিকতা দিয়ে সমাজ বদলাতে অবদান রাখেন, তাঁদেরই এই সম্মান জানায় আইডব্লিউওসি। ২০১৩ সালের ৬ এপ্রিল রাজধানীতে হেফাজতে ইসলামের সমাবেশে ৫০ থেকে ৬০ জনের একটি দল তাঁর ওপর হামলা করে। নাদিয়া তখন কাজ করতেন একুশে টিভিতে। এখন তিনি টিভি চ্যানেল ৭১–এ কর্মরত।
মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি
নভেম্বর মাসে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০১৫ বলছে, ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৪তম। গত বছর ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশ চার ধাপ এগিয়েছে। আয়ুষ্কালের দিক থেকেও নারীরা পুরুষের তুলনায় এগিয়ে। নারীরা গড়ে বাঁচেন ৬২ বছর। আর পুরুষে গড় আয়ু ৬০ বছর। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে নারীরা পুরুষ বা ছেলেশিশুর তুলনায় এগিয়ে আছেন।
মার্চ মাসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সমীক্ষায় লিঙ্গবৈষম্য বিলোপে শীর্ষ ১০টি দেশের অন্যতম হওয়ায় সম্মানজনক উইমেন ইন পার্লামেন্টস (ডব্লিউআইপি) পুরস্কার জিতেছে বাংলাদেশ। রাজনীতিতে লিঙ্গবৈষম্য বিলোপে আঞ্চলিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
গ্রন্থনা: মানসুরা হোসাইন