সাফল্যচূড়ায় জাহাঙ্গীরনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির তিন সদস্য
চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির তিন সদস্য

নটর ডেম ডিবেটিং ক্লাব আয়োজিত আন্তক্লাব বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেইউডিএস)। 
‘আধিপত্যের রাজনীতি’, এই স্লোগানকে প্রতিপাদ্য রেখে ৩ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত ১০ দিনব্যাপী বিতর্কের এই জাতীয় আয়োজনে সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্লাব থেকে আসা বিতার্কিকেরা অংশ নেন।
সংসদীয় পদ্ধতিতে আয়োজিত নকআউট এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জেইউডিএস মুখোমুখি হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। এই রাউন্ডের বিতর্কের বিষয় ছিল, ‘দলীয়করণ নয়, অভ্যন্তরীণ কোন্দলই বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রধান বাধা।’ এরপর একে একে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস, ঢাকা কলেজ ও নটর ডেম কলেজকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই দলটি। আরেক ফাইনালিস্ট দল ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতার ফাইনাল বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছিল, ‘উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ যাবে মালালাদের হাতে।’ তুমুল বিতর্কে জমে ওঠে ফাইনাল। প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বিজয়ী হয় বিরোধী দলে থাকা জেইউডিএস।
ফাইনাল বিতর্কের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন এই দলের তৃতীয় বক্তা আদিব রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ুয়া এই বিতার্কিক বলেন, ‘আমার নয় বছরের বিতার্কিক জীবনের অর্জনগুলোর মধ্যে অন্যতম এবারের এই চ্যাম্পিয়নশিপ।’ দলের অন্য দুই সদস্য হচ্ছেন এহসানুর রহমান ও মাহবুবুল ইসলাম।
এই নিয়ে এ বছরের ষষ্ঠ চ্যাম্পিয়নশিপ ট্রফিটি ঘরে তুলল থাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেইউডিএস)।