সাফল্যের জন্য চাই আত্মবিশ্বাস: রোনান ফ্যারো
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ মিলনায়তন তখন একেবারে কানায় কানায় পূর্ণ। একাদশ আর দ্বাদশ শ্রেণীর প্রায় এক হাজার ‘ভিকি’ অপেক্ষা করছে, ‘তিনি’ আসবেন তাই। হাজারো ভিকির তুমুল করতালি, ড্রামবাদন আর উল্লাসধ্বনির ভেতরে ডায়াসে এলেন তিনি। ‘তিনি’ হলেন রোনান ফ্যারো। রোনান যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের ল স্কুল থেকে স্নাতক। কিছুদিন মানবাধিকারকর্মী ও সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। ইউনিসেফের যুব মুখপাত্রও ছিলেন একসময়। এখন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘গ্লোবাল ইয়ুথ ইস্যুজ’-বিষয়ক বিশেষ উপদেষ্টা এবং অফিস অব গ্লোবাল ইয়ুথ ইস্যুজের পরিচালক হিসেবে কাজ করছেন। যাঁর পরিচয় দিতে গিয়ে এত কথা বলতে হলো তাঁর বয়সটা কত শুনতে চান, পাঠক? এই তো, দুই দিন আগে মানে ডিসেম্বরের ১৯ তারিখে সবে চব্বিশে পা রাখলেন এই তরুণ!যুক্তরাষ্ট্রের হারপার্স বাজার-এর বিবেচনায়, তিনি ২০১০ সালের সেরা উঠতি রাজনীতিবিদ হিসেবে নির্বাচিত হয়েছেন। মার্কিন সরকারের পক্ষ থেকে সারা দুনিয়া চষে বেড়ান এই তরুণ। যে দেশেই যান সেই দেশেই তরুণদের ক্ষমতায়নের কথা বলেন, একসঙ্গে সংগঠিত হয়ে নিজের কথা, নিজের দাবি কীভাবে সবার মধ্যে ছড়িয়ে দিতে হয়, পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হয়, তা নিয়ে আলোচনা করেন তরুণদের সঙ্গে। তারই অংশ হিসেবে তিনি এসেছেন বাংলাদেশে। ১০ থেকে ১২ ডিসেম্বরের সফরে ১২ তারিখ তিনি গিয়েছিলেন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের তরুণ নেতৃত্বের গুরুত্ব নিয়ে কথা বলতে। ‘আমি জেনেছি, গত জাতীয় নির্বাচনে বাংলাদেশের তরুণ সমাজের যাঁরা অনেকেই প্রথমবারের মতো ভোটার হয়েছেন, তাঁরাই নির্ধারণ করে দিয়েছেন ক্ষমতায় যাবেন কারা। আগামী নির্বাচনে এই তরুণ ভোটারদের সংখ্যা আরও বাড়বে।’ তরুণদের অবহেলা করাটা যে একেবারেই কাজের নয়, সেটাই যেন বলে দিলেন রোনান ফ্যারো। শুধু যে নিজে বললেন তা-ই নয়, শিক্ষার্থীদের কথা বলার সুযোগ দিলেন। আনিকা তাহসীন, নাইমা আমীনসহ আরও অনেকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন রোনান। কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, ‘রোনান ফ্যারোর মতো একজন তরুণ নেতা এসে যখন তরুণদের উদ্দীপ্ত করেন, তখন তরুণেরা নিজেরাও মনে করে যে রোনান ফ্যারো যদি হতে পারেন তবে আমরা কেন নয়। এ কারণেই আমি মনে করি, আমাদের শিক্ষার্থীরা আজ রোনান ফ্যারোর কথা শুনে একদিন তাঁর মতোই হওয়ার জন্য কাজ শুরু করবে এখন থেকেই।’ এই অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেই ‘স্বপ্ন নিয়ে’ পাতার এই তরুণ সাংবাদিককে এক বিশেষ সাক্ষাৎকার দেন তরুণ নেতা রোনান ফ্যারো। সাক্ষাৎকারের শুরুতেই রোনান জানালেন, তিনি বাংলাদেশকে খুব ভালোবাসেন। তিনি এমনটা বলতেই পাল্টা প্রশ্ন করি, কেন তিনি বাংলাদেশকে ভালোবাসেন। তাতে যা উত্তর মিলল, সেটা না হয় রোনানের মুখ থেকেই শোনা যাক, ‘বিশ্বের অনেক দেশেই যাওয়ার এবং সেখানকার তরুণদের সঙ্গে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। সব দেশেই তরুণেরা কিছুটা একই ধরনের সমস্যার সম্মুখীন হয়। কিন্তু আমার মনে হয়েছে, সেবামূলক ভালো কাজের প্রতি বাংলাদেশের তরুণদের যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে, তা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।’ রোনান জানালেন, বাংলাদেশের অনেক তরুণের সঙ্গে তিনি কথা বলেছেন, যাদের দেখে তাঁর মনে হয়েছে, তারা অনেক শক্তিশালী তরুণ নেতা হওয়ার যোগ্যতা রাখে। রোনানকে প্রশ্ন করি, ছাত্ররাজনীতিকে তিনি কীভাবে দেখেন। রোনান বলেন, ‘আমার মনে হয় শিক্ষার্থীদের নিজেদের স্বাধীন চিন্তাভাবনা সবার মধ্যে ছড়িয়ে দিতে ছাত্ররাজনীতি ভিত্তি হিসেবে কাজ করতে পারে। আমি অনেক বাংলাদেশি তরুণের কাছে শুনেছি, তাদের নিজেদের ক্যাম্পাসে নিজেদের চিন্তাচেতনার কথা ছড়িয়ে দিতে গিয়ে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ, বিভিন্ন রাজনৈতিক দল তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। আমি আশা করি শিক্ষার্থীরা এসব সমস্যার সমাধান খুঁজে নিতে পারবে নিজেরাই।’রোনান ফ্যারোর কাছে জানতে চাই, তিনি নিজে একজন তরুণ নেতা—এ বিষয়টা কেমন লাগে তাঁর কাছে। ‘আমার নিজেকে সৌভাগ্যবান মনে হয়। সেই সঙ্গে এটা অনেক মজারও। কারণ, সব সময় তরুণদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায়।’ সবশেষে জানতে চাই, বাংলাদেশের একজন তরুণ যদি রোনান ফ্যারোর মতো তরুণ নেতা হতে চায়, তবে কোন তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। রোনান একটু ইতস্তত করতে থাকেন, জানতে চান, তিনটিই বলতে হবে, নাকি আরও কিছু বলতে হবে। আমি বলি, তিনটি বললেই হবে। অনেকগুলোর মধ্য থেকে সেরা তিনটি বলুন। স্মিত হেসে রোনান বলতে থাকেন, ‘প্রথমেই বলব যে নিজের নীতি মেনে চলতে হবে। কী নিয়ে কথা বলছ, সেটা ভালোভাবে জানতে হবে। অনেক দেশেই এমন হয়, সফল হওয়ার পর আর নিজের নীতির কথা মনে থাকে না। দ্বিতীয়ত, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। চাই আত্মবিশ্বাস। নিজের মানুষদের কাছে, নিজের ক্যাম্পাসে যাও। ২০০৮-এর নির্বাচনের সময় এক-চতুর্থাংশ ভোটারই ছিল তরুণ। সামনের নির্বাচনে এই সংখ্যা আরও বাড়বে। এভাবেই তরুণদের নিজেদের কথার গুরুত্ব তুলে ধরতে হবে সবার কাছে। তৃতীয়ত, আমি তাদের বলব সংঘবদ্ধ হয়ে কাজ করার জন্য। সম্মিলিতভাবে, শান্তিপূর্ণভাবে কাজ করতে হবে হিংসা-ভেদাভেদ ভুলে। অনেক সময়ই এমন দেখা যায়, ভালো কাজের জন্য ভালো মানুষেরা নিজেদের মধ্যেই প্রতিযোগিতা করতে থাকেন, এটা আসলে ধ্বংসাত্মক। আমি মনে করি, বাংলাদেশি তরুণেরা যদি নিজেদের নীতিতে অটল থেকে, সাহসিকতার সঙ্গে সম্মিলিতভাবে কথা বলে, তাহলে একদিন এই দেশটি অনেক উন্নতি করতে পারবে।’