সাফল্যের ধারায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য বছরের মতো এ বছরও ফেনীর বিদ্যালয়গুলো এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। তবে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে গ্রামের বিদ্যালয়গুলোর তুলনায় এগিয়ে ছিল ফেনী শহরের বিদ্যালয়গুলো। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ।
জেলা শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করে পূর্ণাঙ্গ কোনো হিসাব পাওয়া না গেলেও বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
ফেনীর বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ফেনী গার্লস ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।
ভালো ফলাফল করেছে শহরের অন্যান্য বিদ্যালয়গুলোও। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬৭ জন। পাসের হার শতভাগ। ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে ২৭৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন। শুধু একজন প্রতিবন্ধী শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। শাহীন একাডেমি থেকে ৩৮৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৮১ জন। জিপিএ ৫ পেয়েছে ১২৯ জন। ফেনী সেন্ট্রাল হাইস্কুল থেকে ৪৬২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৪৫ জন। জিপিএ পেয়েছে ৫৯ জন। ফেনী জিএ একাডেমি উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৩৭ জন। পাস করেছে ৩০৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন।
ভালো ফলাফলের পেছনে কোন বিষয়টি কাজ করেছে, জানতে চাইলে ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ জাহানারা চৌধুরী জানান, ভালো ফলাফলের জন্য শিক্ষকেরা শ্রেণিকক্ষে নিবিড় পাঠদান করেছেন। এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন কায়দায় লেখাপড়ায় উদ্বুদ্ধ করেছেন তাঁরা।
অপরদিকে মফস্বলের কোনো কোনো বিদ্যালয়ের পাসের হার শতভাগ হলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কম। দাগনভূঞা উপজেলার কামাল আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৪২ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। ছাগলনাইয়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে ১২৩ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। তবে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। ছাগলনাইয়া একাডেমি থেকে ৯৮ জন পরীক্ষা দিয়ে একজন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে-১৪ জন। ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৮৫ জনের মধ্যে ৮৪ জন পাস করেছে।