সাফল্যের পথ দেখাচ্ছেন চম্পা
>

নিজের জমানো ও ধারের টাকায় মুরগির খামার শুরু করেন গৃহবধূ লোবেনা শারমিন চম্পা। কোনো অভিজ্ঞতা ছিল না। পদে পদে ছিল লোকসানের ঝুঁকি। তবে পরিশ্রম আর মনোবলের ওপর ভর করে সব পাল্টে দিলেন তিনি। ছয় বছরের মাথায় বনে গেলেন লাখোপতি। কীভাবে এগোলেন চম্পা?
সংসারে সচ্ছলতা আনতে স্বামী পাড়ি দেন দুবাই। কিন্তু স্বামীর পাঠানো টাকায় টানাটানির অবসান হলো না। নিজেই কিছু করার চেষ্টা করলেন। মুরগির খামার দিয়েই যাত্রা শুরু। তিন বছরের মাথায় বাড়ল পরিধি—যুক্ত হলেন মাছ চাষে। এরপর কবুতর পালন। মুরগি, মাছ ও কবুতর—এই তিনের জোরে ছয় বছরের মধ্যে তিনি হয়েছেন লাখোপতি। এই গল্প কক্সবাজারের রামুর গৃহবধূ লোবেনা শারমিনের (৪০)। সবাই তাঁকে চেনেন চম্পা নামে। খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং গ্রামে তাঁর বাড়ি।
চম্পা এখন সফল নারী উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘চম্পা পোলট্রি অ্যান্ড ফিশারিজ’। চম্পার সাফল্যের কথা আশপাশে ছড়িয়ে পড়লে গ্রামের অনেকে এগিয়ে আসছেন সমন্বিত খামার গড়তে। তাঁদের পথ বাতলে দিচ্ছেন তিনি। গত ৩০ মে চম্পার খামার দেখতে ধেছুয়াপালং গ্রামে গেলে কথা হয় তাঁর সঙ্গে।

চম্পা জানান, স্বামী আনোয়ারুল করিম চৌধুরী ২০০২ সাল থেকে দুবাইপ্রবাসী। সেখান থেকে পাঠানো টাকায় সংসার ঠিকমতো চলছিল না।
দুই সন্তান নিয়ে মাস শেষে টানাটানিতে পড়ে যাচ্ছিলেন। অনেক ভেবে নিজে একটি মুরগির খামার করার চিন্তা করলেন। দুই লাখ টাকায় ঘরের পাশের জমিতে শুরু করেন লেয়ার মুরগির খামার। এর মধ্যে নিজের জমানো এক লাখ ও ধারের টাকা ছিল এক লাখ। টানা দুই মাস দিন-রাত পরিশ্রম করার পর শুরু হয় ডিম উৎপাদন। সময়টা ২০১০ সাল।
দিনে দিনে ডিমের উৎপাদন বাড়তে থাকে। বাড়ে খামারের পরিসর। তিন বছরে মুরগির সংখ্যা ৩৭৬ থেকে দাঁড়ায় দেড় হাজারে। এর মধ্যে খামারের ডালপালা মেলে। খামারের পাশের জমিতে পুকুর কেটে হাত দেন মাছ চাষে। তারও কিছুদিন পর কবুতর পালন শুরু করেন। তিনটি খাত থেকেই এখন আয় হচ্ছে তাঁর। বর্তমানে চম্পার তিনটি খামারে লেয়ার মুরগির সংখ্যা প্রায় পাঁচ হাজার। মুরগি থেকে দৈনিক ডিম উৎপাদিত হচ্ছে চার হাজারের বেশি। প্রতিটি ডিম সাত টাকা দরে বিক্রি হচ্ছে। এতে প্রতিদিন ডিম বিক্রি থেকে চম্পার আয় হচ্ছে প্রায় ২৫ হাজার টাকা। রামু উপজেলা ও কক্সবাজার শহরের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে চম্পার খামারের মুরগির ডিম। রয়েছে দুটি পুকুর। প্রতি মাসে গড়ে মাছ বিক্রির আয় ১০ হাজার টাকা। আর মাসে চার হাজার টাকা আয় হয় কবুতর বিক্রি করে। সব খরচ বাদ দিয়ে মাসে তাঁর আয় দাঁড়ায় প্রায় দেড় লাখ টাকা। চম্পার এক একর আয়তনের খামারে এখন বিনিয়োগ ৪০ লাখ টাকা। এর মধ্যে ব্যাংকঋণ ১০ লাখ টাকা। বাকি ৩০ লাখ টাকা খামারের আয় থেকে।
চম্পা বলেন, ‘আমি যখন খামার করা শুরু করি, তখন কোনো অভিজ্ঞতা ছিল না। পরিশ্রম আর মনোবলকে বড় পুঁজি করে এগিয়েছি। একটাই চিন্তা ছিল মাথায়, টাকা পানিতে না যায়। ২৪ ঘণ্টার মধ্যে ঘুমানো ছাড়া পুরোটা সময় দিয়েছি খামারে। যার ফল আমি হাতে হাতে পেয়েছি।’
এর মধ্যে ছেলেরা বড় হয়েছে। বড় ছেলে আহাদুল করিম চৌধুরী পড়ছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এলএলবিতে। ছোট ছেলে নিহাদুল করিম চৌধুরী মরিচ্যা আল ফোয়াদ একাডেমি থেকে এবার এসএসসি পাস করেছে।
আহাদুল করিম চৌধুরী বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি বাকি সময়ে আমরাও আম্মুকে সহযোগিতা করছি।’
চম্পা নিজেই তাঁর বাজার দেখাশোনা করেন। মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার সদরসহ রামুর বিভিন্ন দোকানে দিয়ে ডিম সরবরাহের টাকা তুলে আনেন।
এদিকে চম্পার দেখাদেখি গ্রামের অনেকে মুরগির খামার গড়তে এগিয়ে আসছেন। খুনিয়াপালং গ্রামের আমিনুল করিম জানান, চম্পার দেখাদেখি তিনি নিজেও চার বছর আগে একটি মুরগির খামার গড়ে তুলেছেন। সেই খামারে এখন চার হাজার মুরগি রয়েছে।
একই গ্রামের আরেক নারী রোমিনা আকতার বলেন, ‘চম্পা আপা আমাদের জন্য অনুপ্রেরণা। তাঁর দেখাদেখি এক বছর আগে আমি একটি মুরগির খামার গড়ে তুলি। খামারে এখন এক হাজার ব্রয়লার মুরগি রয়েছে। এক মাস আগে মুরগি বিক্রি করে ২০ হাজার টাকার বেশি লাভ করেছি।’
চম্পা বলেন, ‘প্রশিক্ষণ আর সহজ শর্তে ঋণসুবিধা পেলে গ্রামের বহু বেকার ও শিক্ষিত নারী এই পেশায় স্বাবলম্বী হতে পারেন। আমি এ ব্যাপারে নারীদের উৎসাহ দিচ্ছি। প্রতি সপ্তাহে কেউ না কেউ খামার দেখতে আসেন। তাঁদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। আমি চাই, আমার মতো আশপাশের অন্য মেয়েরাও এগিয়ে আসুক। মূল কথা হচ্ছে মনোবল ও আগ্রহ থাকলে যেকোনো কিছুতে সফল হওয়া যায়।’
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নারী উদ্যোক্তা চম্পার ভাগ্যের চাকা খুলে গেছে। তাঁর খামারের ডিম ও মাছ রামুজুড়ে বিক্রি হচ্ছে। তাঁর পথ অনুসরণ করে রামুর বহু নারী সফল হচ্ছেন।
রামু উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা রুপেন চাকমা বলেন, ‘ইচ্ছাশক্তি ছিল বলেই চম্পা এখন সফল নারী উদ্যোক্তা হতে পেরেছেন। তাঁর খামারে সমস্যা হলেই আমরা উপস্থিত হই ও নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।’