সাফল্যের প্রতীক

আলোকচিত্রী সরকার প্রতীক। এ বছর ‘ওয়ার্ল্ড প্রেস ফটো ২০১৫’ পুরস্কার পেয়েছেন। বিশ্ববিখ্যাত ফটো এজেন্সি সেভেন-এর সদস্য নির্বাচিত হয়েছেনও ২০১৫ সালে। এ ছাড়া বেশকিছু আন্তর্জাতিক পুরস্কার তিনি পেয়েছেন। দ্য নিউইয়র্ক টাইমস, ন্যাশনাল জিওগ্রাফিক, সানডে টাইমস, দ্য ব্রিটিশ জার্নাল অব ফটোগ্রাফিতে তাঁর ছবি প্রকাশিত হয়েছে। পড়ুন এক তরুণের সাফল্যের গল্প।
পেছনে সাদা দেয়াল, সামনে দুজন বয়স্ক মানুষ। এই জন ও প্রভা দম্পতির নানা মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে নাতির ক্যামেরায়। প্রভার পিঠে ছড়ানো পাকা চুলের ছবি, জন শরীরে পাউডার মেখে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছেন, জীবনের শেষ দিনগুলোতে পরস্পরকে আঁকড়ে ধরা, কখনো একা পড়ে থাকা হুইলচেয়ার। নানা-নানির এই ছবিগুলোর জন্য আলোকচিত্রী সরকার প্রতীক পান ওয়ার্ল্ড প্রেস ফটো ২০১৫ পুরস্কার। ‘হোয়াট রিমেইনস’ শিরোনামের এই ছবিগুলো ডেইলি লাইফ বিভাগে পুরস্কার পায়।

ছবিগুলো তোলার সময় পুরস্কারের কোনো ভাবনা কাজ করেনি প্রতীকের মনে। তাঁর নানা-নানি ঢাকার ইস্কাটনে প্রতীকদের বাড়ির কাছাকাছি অন্য একটি বাড়িতে থাকতেন। বয়স্ক এই মানুষ দুটোকে মাঝেমধ্যে সঙ্গ দিতে যেতেন তিনি। গিয়ে ভেবে পেতেন না কী গল্প করবেন তাঁদের সঙ্গে। অনেক সময় চুপচাপ বসেও থাকতেন। হঠাৎ প্রতীকের মনে হলো এই সময়টা ছবি তুললেই তো পারেন। তিনি যখন নানা-নানির ছবি তুলতেন, খুব খুশি হতেন তাঁরা। একদিন প্রতীক খেয়াল করলেন তাঁর নানির সব চুল পেকে গেছে। অনেক আগেই হয়তো পেকেছে, কিন্তু তিনি কোনো দিন নজরই দেননি। টিভি চলছে, কিন্তু তাঁর নানা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। ‘এই দম্পতির নিঃসঙ্গতা আগে কখনো বুঝতে পারিনি আমি। আমার নানার ছিল বদলির চাকরি। অবসর নেওয়ার পর ঢাকায় চলে আসেন তাঁরা। এর মধ্যে আমার বাবা মান্না সরকার হঠাৎ মারা গেলেন। মায়ের কারণে তখন কিছুদিন আমাদের বাড়িতে নানা-নানি থাকেন। সে সময় তাঁদের এই একাকিত্বটা বুঝতে পারিনি। আলাদা বাড়িতে যাওয়ার পর টের পেলাম বিষয়টি।’ বলেন প্রতীক। অবশ্য প্রতীকের এই পুরস্কার পাওয়ার খবর জেনে যেতে পারেননি প্রভা। গত বছর তিনি মারা যান।
ওয়ার্ল্ড প্রেস ফটো ২০১৫ পেয়ে খুশি তো অবশ্যই প্রতীক। তবে বেশি সম্মানিত বোধ করেছিলেন ওয়ার্ল্ড প্রেস ফটোর ২০১৪ জুপ সোয়ার্ট মাস্টারক্লাস ফেলোশিপ পেয়ে। এখানে প্রতিবছর বিশ্বের সেরা উদীয়মান তরুণ আলোকচিত্রীদের সুযোগ দেয় নেদারল্যান্ডসের ওয়ার্ল্ড প্রেস ফটো কর্তৃপক্ষ। প্রতীক বলেন, এটির জন্য নির্বাচিত হওয়া অনেক সম্মানের ব্যাপার। ৫৩টি দেশের প্রায় ২০০ জন আলোকচিত্রী মনোনয়ন পেয়েছিলেন। তাঁদের মধ্য থেকে ১২ জন আলোকচিত্রীর কাজ চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

প্রতীক সরকার থেকে আলোকচিত্রী সরকার প্রতীক
২০০৯ সালের কথা। দুই মেগাপিক্সেলের মুঠোফোনে নানা রকম ছবি তুলতেন প্রতীক। একদিন ঢাকার মগবাজার ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে সূর্যের ছবি তুলছিলেন। কোনো কিছু বোঝার আগেই মুঠোফোনটি হঠাৎ ‘ক্র্যাশ’ করে। অকেজো হয়ে যায়। এই ঘটনা তাঁর মনে দাগ কাটে। আলো নিয়ে গবেষণা করতে থাকেন। তবে ছবি তোলার নেশা তখনো পুরো পেয়ে বসেনি তাঁকে। সরকার প্রতীক নিজেই বলেন, ‘আলোকচিত্রী হব, সেটা কোনো দিনও ভাবিনি। ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে বিপণনে পড়েছি। তোশিবার একটি মুঠোফোনে এটা-সেটার ছবি তুলতাম। এক আত্মীয়র থেকে ক্যামেরা নিয়ে ফিল্মে ছবি তুলেছি। আমার এক আত্মীয় বলেন, তুমি তো ভালোই ছবি তোলো। পাঠশালায় ভর্তি হও। তাঁর কথা শুনেই ২০১১ সালে প্রথম পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমিতে ভর্তি হই। পরে টাকা জমিয়ে নাইকন ডি-৪০ ডিসিএলআর ক্যামেরা কিনেছিলাম।’
স্নাতক শেষ। মা বীণা সরকার চাইলেন প্রতীক চাকরি করুক। সংসারের প্রয়োজনে মায়ের কথা রাখতে প্রতীক যোগ দিলেন একটি বেসরকারি সংস্থার বিপণন বিভাগে। সারা দিন অফিস, সন্ধ্যায় পাঠশালার ক্লাস। ২০১১ সালে ছবিমেলার একটি প্রদর্শনী দেখে প্রথম তাঁর মনে হয় জীবনে যা-ই হোক না কেন ছবি তোলা ছাড়ব না। আলোকচিত্রের প্রতি প্রেম তখন থেকে শুরু বলা যায়।
২০১২ সালে প্রতীক রাতের ঢাকার ছবি তুলতে শুরু করেন। সেই ছবিগুলো একদিন নিয়ে আসেন পাঠশালায়। সে সময় পাঠশালার ১২ বছর পূর্তি উপলক্ষে একটি বইয়ের কাজ চলছিল। প্রতীকের তোলা ছবিগুলো পছন্দ হয়ে যায় অন্য আলোকচিত্রীদের। আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি নামের সেই বইয়ে পাঠশালার ১২ জন আলোকচিত্রীর সেরা ১২টি ছবি প্রকাশিত হয়। প্রতীকও তাঁদের একজন। সেদিনই তিনি সিদ্ধান্ত নেন ছবি তোলা ছাড়া আর কিছু করবেন না। সমর্থন দেন তাঁর মাও। আর কী লাগে তখন।
পাঠশালার সেই ছাত্র এখন সেখানকারই শিক্ষক। এই অনুভূতি এভাবে প্রকাশ করেন: ‘যদি ছাত্ররা ক্লাসে ঠিকমতো কাজ না করে আনে, মনটা খারাপ হয়ে যায়। কেউ কেউ বেশ ভালো করছে। যেহেতু সবাই নিজে থেকে এটি শিখতে আসে, তাই শেষ পর্যন্ত সেই আগ্রহটা ধরে রাখলে ভালো করবে।’

সাদা, প্রকৃতি ও সাফল্য
প্রতীকের ছবি দেখলে চেনা যায়—কিছুটা ওভারএক্সপোজড। ছবিতে সাদার প্রাধান্য থাকে, থাকে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক। ‘অব রিভার অ্যান্ড লস্ট ল্যান্ড’ শিরোনামের পদ্মাপাড়ের মানুষের জীবনযাপন, নদীভাঙনের ছবি কিংবা এফডিসিতে তোলা ‘লাভ মি অর কিল মি’ দেখলে তা বোঝা যায়। আলোকচিত্রী ডুয়ান মাইকেল, রবার্ট অ্যাডামস, অ্যালেক সথ, উইজির আলোকচিত্র প্রতীককে অনুপ্রাণিত করে। এ বছরের জুনে প্রতীক বাংলাদেশের জন্য আরও সম্মান বয়ে আনেন। বিখ্যাত ফটো এজেন্সি সেভেন প্রতীককে তাঁদের সদস্য হিসেবে নির্বাচিত করে। এই সংস্থার সদস্য সংখ্যা ১৯। এর মধ্যে গোটা এশিয়া মহাদেশের আছেন দুজন। একজন চীনের, আরেকজন আমাদের প্রতীক।
প্রতীক বলেন, ‘সেভেন থেকে যখন জানানো হলো আমাকে তাঁরা মনোনয়ন দিয়েছেন, তখন আমি কীভাবে কাজ করি, তারা কী চায়, এসব আলোচনা করে নিয়েছি।’
প্রতীক ভালো গান গাইতে পারেন। গানও লেখেন তিনি। ‘আলোকচিত্রের সঙ্গে মিলিয়ে ব্র্যাকগ্রাউন্ডে মিউজিক কম্পোজ করেছি আমি। স্লাইড শো যখন হয়, সঙ্গে বাজতে থাকে আমার করা সুর। নতুনত্ব আনার চেষ্টা করি সব সময়। একটা প্রদর্শনীতে করেছিও। বেশ সাড়া পেয়েছি। সবাই প্রশংসা করেছে।’
সাফল্যের ধারাবাহিকতায় এভাবেই এগিয়ে চলেছেন প্রতীক।
এক নজরে

নাম: সরকার প্রতীক।
জন্ম: ১৯৮৬।
লেখাপড়া: বিপণনে ও আলোকচিত্রে স্নাতক।
পুরস্কার:
২০১৪: ওয়ার্ল্ড প্রেস ফটো জুপ সোয়ার্ট মাস্টারক্লাস
২০১৫: পিডিএন’স ৩০ এমার্জিং ফটোগ্রাফার
২০১৫: ওয়ার্ল্ড প্রেস ফটো
ফেলোশিপ:
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে নিউ মিডিয়া বিষয়ে।