সাফল্যের সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ থেকেই তবে শুরু হোক তামান্নার সাফল্যবন্দনা। যদিও সাফল্যের সীমানায় ‘শেষ’ বলে কোনো কথা নেই। জীবনের শেষ সময়েও আসতে পারে সাফল্য। তবু এতটুকু জীবনে কাজী তামান্না হকের সর্বশেষ বড় সাফল্য স্নাতক ও স্নাতকোত্তর—দুই পর্যায়েই প্রথম শ্রেণীতে প্রথম হওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে এ সাফল্য অর্জন করেছেন তিনি।অবশ্য সাফল্যের সঙ্গে তামান্নার সখ্য বহু পুরোনো। বলা যায়, শৈশবেই তিনি সাফল্যের সঙ্গে সই পেতেছেন। সই তাঁকে প্রতিদানও দিয়ে চলেছে শুরু থেকেই। তামান্নার সাফল্যের খতিয়ান বলছে, তিনি ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টানা পাঁচবার জাতীয় শিশু পুরস্কার (স্বর্ণপদক) পেয়েছেন। এই পুরস্কার পেয়েছেন মণিপুরি ও সাধারণ নৃত্যে। বিটিভির নতুন কুঁড়িতে পেয়েছেন সাধারণ নৃত্যে পুরস্কার। আর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় দুবার পেয়েছেন স্বর্ণপদক। সেটা ১৯৯৫ সালের কথা। তামান্নার খতিয়ান আরও বলছে, তামান্না পড়ালেখায়ও সমান পটু। তাই তো এসএসসি ও এইচএসসি—দুই বৈতরণিই পাড়ি দিয়েছেন স্টার মার্কসসহ। ঢাকার মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ছিল তাঁর সেই সময়ের বিদ্যাপীঠ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়কেই বেছে নেন তাঁর সাফল্য অর্জনের ঠিকানা হিসেবে।‘যদিও ইংরেজি সাহিত্যেই আগ্রহ বেশি ছিল আমার, কিন্তু বাবার ধারণা ছিল, আমি নাট্যকলাতেই বেশ ভালো করব। তাই বাবার উৎসাহে শেষ পর্যন্ত নাট্যকলা বিভাগেই ভর্তি হই।’ স্মৃতি হাতড়ে বলছিলেন তামান্না। বাবার ধারণা যে মোটেও অমূলক ছিল না, তার প্রমাণও পেতে শুরু করেন ভর্তির পরপরই। নাচ, গান, অভিনয় ইত্যাদি বিষয় খুব দ্রুতই ধ্যান-জ্ঞানে পরিণত হয় তাঁর। সেই সুবাদে সাফল্যও মিলতে থাকে দ্রুত। তিনি বিভাগের প্রতিটি পরীক্ষায় প্রথম হতে শুরু করেন। ‘ওই সময় আমি থিয়েটার নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করেছি। চীন, মালয়েশিয়া, কোরিয়া, ভারত (দিল্লি ও কলকাতা) সফর করেছি সরকারি খরচে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলের সঙ্গে।’ বললেন তামান্না।তামান্না এখনো থিয়েটার ও অভিনয় নিয়েই আছেন। সম্প্রতি যোগ দিয়েছেন নিজ বিভাগেই প্রভাষক হিসেবে। এ ছাড়া বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখান তিনি। দায়িত্বে আছেন মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক নিশিমন বিসর্জন-এর কোরিওগ্রাফার হিসেবে।তামান্না থিয়েটারকে নিয়ে যেতে চান নতুন উচ্চতায়, যেখানে নাটক পাবে নতুন আঙ্গিকের ভাষা, অভিনয় পাবে অনন্য মাত্রা। তামান্নার ভাষ্য অনুযায়ী, ‘থিয়েটার নিয়ে অনেক নিরীক্ষা করার ইচ্ছা আছে আমার। সংলাপনির্ভর নাটকের বাইরে আমি নাচ-গাননির্ভর নাটকের চর্চা বাড়াতে চাই।’