সাফারি পার্কে প্রাণীদের কোয়ারেন্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্রে আছে কোয়ারেন্টিন সেন্টার
ছবি: ছুটির দিনে

কোয়ারেন্টিন শব্দটি এখন সবার মুখে মুখে। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এটি প্রকটভাবে সামনে এসেছে। করোনা সন্দেহে মানুষকে সাধারণত ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয় পর্যবেক্ষণের জন্য। কিন্তু এই কোয়ারেন্টিন কি শুধু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য? না। প্রাণী–পাখিরও আছে কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা।

বন্য পশুপাখিদের জন্য এমন কোয়ারেন্টিন সেন্টার আছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্রে। এর অবস্থান পার্কের মূল সাফারি অংশে। ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় ৬টি কক্ষ নিয়ে তৈরি এই বন্য প্রাণী কোয়ারেন্টিনে আছে পশুসহ বেশ কিছু পাখি। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সাফারি পার্কের কোয়ারেন্টিন সেন্টারে দুটি জাগুয়ার

সম্প্রতি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি গ্রাম থেকে উদ্ধার করা এক জোড়া চিতা বিড়াল এখানে আছে ২২ দিনের জন্য। সাধারণত কোনো প্রাণীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে সে তার শরীরে ভাইরাস বা রোগজীবাণু বহন করছে কি না, তা কোয়ারেন্টিনে রেখে পর্যবেক্ষণ করা হয়। কোয়ারেন্টিন চলার সময়ে পাখি বা প্রাণীর শরীরে কোনো সমস্যা দেখা না দিলে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পশুপাখির ওপর নিবিড় পর্যবেক্ষণ চালানো হয়। চিকিৎসক নির্দিষ্ট নিয়মে সেগুলোর শারীরিক অবস্থা রেকর্ড রাখেন।

বন্য প্রাণী কোয়ারেন্টিন সেন্টার সম্পর্কে কথা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর মো. আনিসুর রহমানের সঙ্গে। তিনি জানালেন, প্রাণীভেদে এদের কোয়ারেন্টিনের মেয়াদও হয় ভিন্ন। সাধারণত ৭ দিন, ১৫ দিন, ২১ দিন এমনকি ৪০ দিন‌ পর্যন্তও হয়। আনিসুর রহমান বলেন, ‘কোনো প্রাণী কেনা হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়ার পর নির্দিষ্ট সময়ের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়ারেন্টিন সময়ের মধ্যে প্রাণীদের শরীরে কোনো সমস্যা দেখা দিলে দায় নেয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।’

সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্র
ছবি: ছুটির দিনে

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত বছরগুলোতে প্রচুর প্রাণীকে কোয়ারেন্টিনে রাখতে হয়েছে। বর্তমানে আছে জাগুয়ার, তামারিন্ড, ময়ূর, ভাল্লুক, চিতা বিড়াল, কালিম, টিয়া, ময়নাসহ বেশ কিছু প্রাণী। দেশের যে যে জায়গায় প্রাণী প্রদর্শন করা হয়, সেসব জায়গায় সাধারণত কোয়ারেন্টিন সেন্টার থাকে।

গত ২৯ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসা কেন্দ্রের ভেতর কোয়ারেন্টিন সেন্টারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন কর্মী সেখানে থাকা প্রাণীগুলোর পরিচর্যা করছেন। কোয়ারেন্টিন সেন্টারে প্রবেশ করতেই এক জোড়া জাগুয়ারের ভয়ংকর গর্জন শোনা গেল। অপরিচিত লোক দেখে শক্তপোক্ত গ্রিলের কাছে এসে গলায় গরগর আওয়াজ তুলছে তারা। এই জাগুয়ার জোড়া চোরাকারবারির হাত থেকে বেঁচে এখানে এসেছে। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এগুলোকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এগুলোর স্থান হয় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোয়ারেন্টিন সেন্টার।

পাশের কক্ষে রাখা আছে ফুটফুটে চিতা বিড়ালছানা। খুব মায়াবী এই চিতাছানাদের এখানে আনা হয়েছে কিছুদিন আগে। সেদিন কোয়ারেন্টিন সেন্টারের সামনে বেশ কয়েকজন কর্মীকে ব্যস্ত দেখা গেল। কাছে গিয়ে জানা হলো কয়েকটি ভুবন চিলকে তারা প্রকৃতিতে ছেড়ে দেবেন। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান সেখানে ছিলেন। তিনি বললেন, ‘এগুলোর কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। তাই ছেড়ে দেওয়া হচ্ছে। কয়েক দিন পরপরই কোয়ারেন্টিন শেষ হওয়া পশুপাখিদের এভাবে প্রকৃতিতে অথবা নির্দিষ্ট এলাকায় ছাড়া হয়।’