সাফারি পার্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে নতুন করে সংযোজন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ম্যুরাল। আকর্ষণীয়ভাবে সাফারি পার্কের প্রধান ফটকের সামনে স্থাপিত ১৭ ফুট উচ্চতার দেশের দ্বিতীয় বৃহত্তম এই ভাস্কর্যটি পর্যটকদের সহজেই দৃষ্টি আকর্ষণ করবে।বাংলাদেশ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে সাফারি পার্কের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪ লাখ ৫৪ হাজার ৩৭০ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। ৫ নভেম্বর ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বাংলাদেশ বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিচালক তপন কুমার দে জানান, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে আসামি করা হলে একপর্যায়ে তিনি কক্সবাজারের এই গহিন অরণ্যে আত্মগোপন করেছিলেন। ওই সময় তিনি (বঙ্গবন্ধু) বন্য প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষা এবং সংরক্ষণের উদ্দেশ্যে এ ধরনের একটি সাফারি পার্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে প্রথমে ডুলাহাজারা হরিণ প্রজননকেন্দ্র এবং পরবর্তী সময়ে ৯০০ হেক্টর বনাঞ্চল নিয়ে হরিণ প্রজননকেন্দ্রটিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক গড়ে তোলা হয়। সেই পার্কের প্রধান ফটকের সামনে তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। ভাস্কর্যটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘এই ভাস্কর্যটি স্থাপনের মাধ্যমে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে। পাশাপাশি পার্কের উন্নয়নও একধাপ এগিয়ে গেল।’ তিনি বলেন, ‘বিগত জোট সরকারের আমলে বিএনপির প্রভাবশালী এক নেতা ক্ষমতার দাপট দেখিয়ে সাফারি পার্ক থেকে বঙ্গবন্ধুর নামটি মুছে ফেলেছিলেন। কিন্তু মানুষের মন থেকে তাঁর নাম মুছে ফেলা সম্ভব হয়নি বলে তা আবার সংযোজন করতে হলো।’চট্টগ্রাম অঞ্চলের বনসংরক্ষক শফিউল আজমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিচালক তপন কুমার দে, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে এম আহমদ হোসেন ও চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম। এ সময় জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম চৌধুরী, চকরিয়া পৌরসভার সাবেক মেয়র জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গিয়াসউদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং দুটি মায়া হরিণ, একটি সিংহ শাবক ও দুটি বাঘ নির্দিষ্ট বেষ্টনীতে অবমুক্ত করেন।