সাফায়েতের ওপর হামলাকারী মশিউর এখনো ধরা পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুই গুন্ডা হয়ে গেছিস নাকি? টাকা কামাবি, আমাদের দিবি না। বেরিয়ে আয়।’ এরপর খুলশীর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে যুবলীগ নেতা সাফায়েতকে টেনেহিঁচড়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয় ভুঁইয়া গলিতে। উরুতে দুটি গুলি করে সরে পড়ে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্থানীয় লোকজন। সন্ত্রাসীরা দুটি গুলি ছুড়লেও শরীরের চারটি অংশে তা ছেদ করে গেছে। সাফায়েত উল হক চান্দগাঁও থানা যুবলীগের সাধারণ সম্পাদক। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা ৫ নভেম্বর রাতে এ ঘটনা ঘটায়। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এ ঘটনার নেতৃত্ব দেন মশিউর রহমান ওরফে দিদার। তাঁর নেতৃত্বে খুলশী এলাকায় চাঁদাবাজি ও জমি দখল করে দেওয়াসহ নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনের নেতা-কর্মীরা জানান, চাঁদা না পেলে তিনি কাউকে ছেড়ে কথা বলেন না। এমনকি একই সংগঠনের বড় ভাইকেও তোয়াক্কা করেন না তিনি। সাফায়েতের ওপর আক্রমণ এর প্রমাণ বলে তাঁরা মন্তব্য করেন। ঘটনার বর্ণনা দিয়ে সাফায়েত উল হক প্রথম আলোকে বলেন, ‘আমি যুবলীগের একটি থানা কমিটির সাধারণ সম্পাদক। হামলাকারীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আমি তাঁদের বড় ভাইয়ের মতো। খুলশী এলাকায় আমার ব্যবসা আছে। ওরা ঘটনার দিন আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হানা দেয়। একপর্যায়ে আমাকে বলে, তুই গুন্ডা হয়ে গেছিস।...বেরিয়ে আয়। বলেই কয়েকজন আমাকে টেনে হিঁচড়ে গাড়িতে ওঠায়।’ সাফায়েত আরও বলেন, ‘আমি ব্যবসা করে টাকা রোজগার করি। আর ওরা ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী। আমার মতো খুলশী এলাকার আরও অনেক ব্যবসায়ী তাঁদের কাছে জিম্মি। সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি কি মেনে নেওয়া যায়? আমি এর প্রতিকার চাই।’জানা যায়, সাফায়েতের ওপর হামলার ঘটনায় পরদিন (৬ নভেম্বর) খুলশি থানায় একটি মামলা হয়। এতে মশিউর ও তাঁর পাঁচ সহযোগীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। কিন্তু ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও মশিউর ও তাঁর সহযোগীদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।সূত্র জানায়, ঘটনার পরই মশিউর চট্টগ্রাম ছেড়ে লক্ষ্মীপুর পালিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে মশিউর ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ প্রথম আলোকে বলেন, ‘সাফায়েতের ওপর হামলাকারীদের কেউ চট্টগ্রামে নেই। আমরা তাদের অনেক খোঁজাখুঁজি করেছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করছি। চট্টগ্রামে এলেই তাদের ধরা পড়তে হবে।’ নগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মশিউর ও তার সহযোগীরা বেপরোয়া হয়ে উঠেছে। খুলশীতে একটি ইট বসানোর আগেও তাদের চাঁদা দিতে হয়। এ ছাড়া বিভিন্ন ব্যক্তির জায়গা দখল-বেদখল করে এই সন্ত্রাসী সিন্ডিকেটের সদস্যরা মোটা অঙ্কের টাকা আয় করছে। তাদের ভয়ে এলাকার কেউ কথা বলতে চায় না। দলের জ্যেষ্ঠ নেতারা একটু শক্ত হলে মশিউরসহ সহযোগী সন্ত্রাসীদের অপতৎপরতা কমে যাবে বলে তিনি মন্তব্য করেন।এদিকে গুরুতর আহত সাফায়েত গতকাল বুধবার পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।