সাব-রেজিস্ট্রার নেই চকরিয়ায়
কক্সবাজারের চকরিয়ায় সাব-রেজিস্ট্রার না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন চকরিয়া ও পেকুয়া উপজেলার মানুষ। গত বছর ৩০ ডিসেম্বর সাব-রেজিহস্ট্রার শাহনেওয়াজ খান অন্যত্র বদলি হয়ে গেলে পদটি শূন্য হয়। এতে জমির দলিল নিবন্ধন করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, সাব-রেজিস্ট্রার শাহনেওয়াজ খান বদলি হওয়ার পর থেকে এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন রামু উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রেজাউল করিম। কিন্তু তিনি চকরিয়া আসেন সপ্তাহে দুই দিন, সোম ও মঙ্গলবার। স্থানীয় লোকজন জানান, সপ্তাহে পাঁচ কার্যদিবসের জায়গায় তিন দিন দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় জমি বেচাকেনায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আগ্রহী ব্যক্তিদের। সূত্র জানায়, চকরিয়া ও পেকুয়া উপজেলার ২৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭০টি মৌজা রয়েছে। এসব মৌজায় ব্যক্তিমালিকানাধীন এক লাখ একর আবাদি-অনাবাদি জমি রয়েছে। দুই উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে বিভিন্ন এলাকায় বেড়ে চলছে জমি বেচাকেনা। দলিল সম্পাদনের চাপ বাড়ছে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে।দলিল লেখক আবু হেনা মোস্তফা কামাল বলেন, সাব-রেজিস্ট্রার না থাকায় কয়েক মাস ধরে চকরিয়া ও পেকুয়া উপজেলার লোকজন প্রয়োজনের সময় জমি বেচাকেনা করতে পারছেন না। এতে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের সমস্যা হচ্ছে। জানতে চাইলে ভারপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মো. রেজাউল করিম বলেন, ‘দিনে ১৫টি দলিল সম্পাদন করা যায়। তবে যেসব দলিল আমাদের কাছে জমা হয়, মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমরা সব কটিই রেজিস্ট্রি করে দিই। সুতরাং মানুষের দুর্ভোগ হওয়ার কথা নয়।’ তিনি জানান, কর্মকর্তা-সংকটের কারণে তাঁকে সপ্তাহের দুদিন রামু, দুদিন চকরিয়া ও এক দিন কুতুবদিয়া উপজেলায় দায়িত্ব পালন করতে হচ্ছে।জানতে চাইলে কক্সবাজার জেলা রেজিস্ট্রার মোস্তাক আহমদ বলেন, ‘চকরিয়া একটি গুরুত্বপূর্ণ উপজেলা। কর্মকর্তা-সংকটের কারণে আমরা রামু সাব-রেজিস্ট্রার রেজাউল করিমকে চকরিয়ায় দুই দিন অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি। সেখানে শিগগিরই নতুন একজন সাব-রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে।’