সাবরিনা ও সালমা—ফুলের মতো দুটো মেয়ে একদিন আমার অফিসে এল হুইলচেয়ারে। বলল, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘ফেসবুকে’ একটি গ্রুপ খুলেছে। প্রতিবন্ধী মানুষের সমস্যা ও অধিকারের বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরার জন্য ‘বাংলাদেশ সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক’ (বি-স্ক্যান)। বলল, তাদের ইচ্ছের কথা, স্বপ্নের কথা। অবাক হয়ে শোনার পালা আমার। আমাকে তারা চাইল তাদের সঙ্গে। রাজি হলাম আর এরপর থেকে এদের দেখেছি নানাভাবে নানা কাজে আর অবাক হয়েছি ভিন্নভাবে সক্ষম এসব লোকের ক্ষমতা দেখে। তাদের অন্তর্জ্ঞান ও ইনটিউশন দেখে, কল্পনাপ্রবণতা দেখে, সমস্ত ইন্দ্রিয়কে ব্যবহার করার দক্ষতা দেখে। সাবরিনার কথা আজ বলব। তাকে দেখে দেখে মুগ্ধ হয়েছি। হুইলচেয়ারের সঙ্গে লাগানো ছোট কাঠের পাটাতনের উপর রাখা ল্যাপটপে দুটো আঙুল চালনা কিবোর্ডে। খুব কষ্ট হচ্ছে তার। কিছুক্ষণ পর ব্যথায় টনটন করে ওঠে আঙুল। সহ্য করতে না পেরে থামে। একটু কমলেই আবার শুরু। বিস্ক্যানের আসন্ন একটি সেমিনারের কর্মপরিকল্পনায় মগ্ন। সাবরিনা বাংলাদেশের একজন ব্লগার। সে ভালোবাসে পড়তে, লিখতে, ডিজঅ্যাবল মানুষের অধিকার নিয়ে লিখতে, লড়াই করতে। ইন্টারনেটের মাধ্যমে সে প্রকাশ করে নিজেকে। অন্যদের চেয়ে সে আলাদা। ভয়ানক অসুখ মাসকুলার ডিসট্রোফি নিয়েও সে ব্লগ করে। অবাক কথা! নিদারুণ কষ্ট নিয়েও দুটো আঙুল দিয়ে কিবোর্ডের চাবি টিপতে পারে। তার লেখার মধ্য দিয়ে হূৎস্পন্দনের প্রতিটি তরঙ্গ পৌঁছে যাবে মানুষের হূদয়ে।হুইলচেয়ারে বসা সাবরিনা একজন অবাক বালিকা। অনলাইন তার অনিঃশেষ প্রেরণা, নিজেকে তুলে ধরার এবং তার মতো মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সে নেমেছে লেখায়, রাজপথে সমমনাদের নিয়ে। হাতিয়ার তার আধুনিক প্রযুক্তি। সে হুইলচেয়ার ব্যবহারকারীদের নিয়ে রাজপথে নামে। একুশের শহীদ মিনারের নিচে সমাবেশ করে, সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকার আদায়ের দেনদরবার করে, ব্লগে লিখে লিখে মানুষদের জানায়। এভাবে লিখে লিখে ব্লগার হিসেবে জনসমর্থন পায়। বিশেষভাবে পারদর্শী এ জন্যই বলি তাকে। তার মনের ভাবনা কত শক্তিশালী, চোখের জোর অবিশ্বাস্য। কী প্রচণ্ড পরিমাণ মনের জোর থাকলে একজন অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা মানুষ এত আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। নিজের চার দেয়ালের ভুবনকে ছাড়িয়ে বিশ্বভুবনে নিজেকে ছড়িয়ে দিতে পারে, হয়ে উঠতে পারে অপরাজিতা। খুব ছোট্ট সাবরিনার কথা জানতে ইচ্ছে করে। ফিরে যাব বন্দরনগর চট্টগ্রামে, যেখানে তার জন্ম, বেড়ে ওঠা ও স্বপ্নপুরিতে বর্তমান নিবাস।জন্মের পর কবছর তেমন কষ্ট চোখে পড়েনি। প্রজাপতির মতো ছুটোছুটি, দুরন্তপনা, দুষ্টুমি এই মিষ্টি মেয়েটির। কিন্তু একদিন কী যে হলো! নানা রঙের সেই দিনগুলো আর রইল না। ভয়ংকর কালো মেঘের ছায়া পড়ল ছোট্ট মেয়েটির জীবনে। ১৯৮৯ সাল। স্নানঘরে ঢুকেছেন মা তাকে নিয়ে, স্নান শেষ হলো। কিন্তু সাবরিনা আর নিজে থেকে উঠে দাঁড়াতে পারে না। দুষ্টুমি নয় তো? পরে ভুল ভাঙল তার। সত্যি তার বড় রকমের কোনো অসুখ হয়েছে। দেশে-বিদেশে নানা রকমের চিকিৎসা হলো। ধরা পড়ল তার মাসকুলার ডিসট্রোফি নামে দুশ্চিকিৎস্য এক রোগ হয়েছে। জন্মগত এই রোগ, পেশি হয়ে যায় ভয়ানক দুর্বল। ক্ষয়ে যায় পেশি। ক্রমে অবস্থা আরও খারাপ হতে থাকে। মানুষ হয়ে পড়ে চলনশক্তিহীন। জিনগতিতে থাকে ভুল সংকেত। আর তাই সুস্থ পেশি তৈরির জন্য প্রোটিনগুলো তৈরি হয় না। পেশিগুলো কালক্রমে দুর্বল হতে থাকে, হাঁটাচলা-ওঠাবসা কঠিন হয়ে ওঠে। বেণি দুলিয়ে পাড়া-মাতানো সাবরিনার দুরন্ত শৈশব হঠাৎ থেমে গেল। ক্ষয় হয়ে আসে শরীরের বল। ধনুকের মতো বাঁকা হয়ে ওঠে শরীর। হুইলচেয়ারে আটকে গেল তার জীবন। স্কুলের পাঠও চুকল। বাইরেও বেরোনো হয় না, পথেঘাটে স্কুলে সবাই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। সমাজে মেলামেশা থেকে নিজেকে সরিয়ে নেয়। কিন্তু জীবনের প্রতি সপ্রশ্ন আগ্রহ তার থামে না। চার দেয়ালের মধ্যে বন্দী হয়েও লেখালেখিতে, বইপত্র পড়াতে সময় কাটে। কিন্তু এদিকে আরও দুঃসংবাদ। তার বোনও আক্রান্ত হয় একই রোগে। সব দরজা কি বন্ধ হয়ে আসছে জীবনের? বিদ্রোহী হয়ে ওঠে তার মন। লেখালেখি শুরু করে সাবরিনা তাদের এই সমস্যা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে একটি হূদয়ছোঁয়া চিঠি লেখে, যা প্রকাশিত হয় স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায়। সাবরিনার প্রথম প্রবন্ধ প্রকাশিত হলো দৈনিক আজাদীর জনপ্রিয় ফিচার পাতা আজমিশালিতে ‘স্বপ্ন কখনো সত্যি হয় না’। এরপর আর থেমে থাকা নয়। আমার ব্লগ, প্রথম আলো ব্লগ, চতুর্মাত্রিক, শব্দনীড় লেখার শেষ নেই। ভিন্নভাবে দক্ষ মানুষেরা জীবন চলার অধিকার থেকে বঞ্চিত। তাই সে লেখে তাদের স্বাভাবিক জীবনের অধিকার নিয়ে। সর্বত্র প্রবেশগম্যতা চাই। চলাচলের সুবিধা চাই, চাই দালানে, বাসে, রেলে ব্যবস্থা, চাই বিশেষ টয়লেট সুবিধা।চলাচলে বাধা, শিক্ষাগ্রহণে বাধা, নাটক দেখার বাধা, অন্যদের মতো সম্মেলনস্থলে পৌঁছাতে বাধা। এসব অন্যায়-অবিচারের বিরুদ্ধে লেখে সাবরিনা ও তার সহকর্মীরা। ২০০৯ সালে সাবরিনা তার আরও বন্ধুকে নিয়ে তাই খোলে ‘বিস্ক্যান’ অনলাইন গ্রুপ। অসংখ্য সদস্য এখন এই অনলাইন গ্রুপের। সাবরিনার লেখা থামে না। ববস(বেস্ট অব ব্লগ) প্রতিযোগিতায় শীর্ষে ওঠে তার নাম। আন্তর্জাতিক ভাষার ব্লগে বিচারকদের রায়ে সে হয় দ্বিতীয়। বিশ্বে ৭০০ কোটি মানুষের মধ্যে ৯০ কোটি মানুষ অন্যভাবে সক্ষম। বাংলাদেশে দেড় কোটি অন্যভাবে সক্ষম মানুষ রয়েছে। এদের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা চাই। সাবরিনার সঙ্গে আছেন সালমাও। শিক্ষাঙ্গনে অধিকার ও প্রবেশগম্যতার জন্য এখন তাই চলছে গণস্বাক্ষর অভিযান বিস্ক্যানের পক্ষ থেকে। স্বেচ্ছাসেবী সংগঠন বিস্ক্যান, যার সভাপতি সাবরিনা। সাবরিনা স্বপ্ন দেখে সঙ্গীদের নিয়ে। সে পাহাড় ভালোবাসে, ভালোবাসে বৃষ্টি, ভালোবাসে গান শুনতে, নাটক দেখতে, পড়ালেখা শিখতে, অন্যদের মতো কাজ করে খেতে। কবে উঠবে সেই রোদ্দুর। সেই রোদ্দুরে সে পাহাড়ের কাছে যেতে চায়। স্বপ্ন কখনো সত্যি হয় না লিখেছিল সাবরিনা। কিন্তু স্বপ্ন সত্যি হবে একদিন লড়াই থামবে, শান্তি আসবে বিশ্বে, সমতাভিত্তিক বিশ্বে সবার জন্য। সাবরিনাদের সেদিন জয় হবে। কেন? জয় হবে আসলে মানুষের।[email protected]