সাবলীল শীতল বাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসির ঘরের ভেতরের অংশ শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। ছবি: নকশা
এসির ঘরের ভেতরের অংশ শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। ছবি: নকশা

এখন তো বছরের দু-তিন মাস বাদে বাকিটা সময় গরমই থাকে। গরমে শীতল হাওয়ার ছোঁয়া পেতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি ব্যবহার করেন অনেকেই। এসির বাতাসে প্রশান্তি মেলে, তবে যত্নআত্তি না করলে ঠান্ডা হাওয়া পাওয়াটাও দুষ্কর হয়ে ওঠে। অতিরিক্ত ধুলাবালির কারণে এসি পরিষ্কার করা নিয়ে অনেকেই বিপাকে পড়েন। তবে চাইলে এসির সামান্য একটু যত্ন নিজেরাই করতে পারেন।

বাড়িতে সাধারণত দুই ধরনের এসি ব্যবহার করা হয়—স্প্লিট ও উইন্ডো। বর্তমানে স্প্লিট এসির চাহিদা বেশি। স্প্লিট এসির দুটি অংশ থাকে। কমপ্রেশর ইউনিট থাকে বাইরে। ঘরের ভেতরে থাকে আরেকটি অংশ। উইন্ডো এসি একটি যন্ত্রেই, তবে এর খানিকটা থাকে ভেতরে, বাকিটা বাইরে। দুই রকম এসির বেলাতেই বাইরের অংশটি নিজেরা পরিষ্কার করা কঠিন। কিন্তু ভেতরের অংশটি বাড়িতেই পরিষ্কার করা সম্ভব। এসির ওপরের অংশ নিয়মিত শুকনা কাপড় দিয়ে মুছে নিলে সাদা এসিতে হলদেটে ছাপ পড়বে না। অনেক সময়ে এসিতে দাগ পড়তে পারে। দাগের অংশটিতে শুকনা কাপড়ে সাদা ভিনেগার লাগিয়ে মুছে ফেলতে হবে। এতেও যদি দাগ না যায়, তবে তুলায় করে নেলপলিশ রিমুভার নিয়ে আলতো করে মুছে নিতে হবে। এসি পরিষ্কার করার ক্ষেত্রে শুধু ইনডোর ইউনিটটি নিজেরা পরিষ্কার করা সম্ভব। বাইরের অংশটি অবশ্যই এ কাজে দক্ষ লোক দিয়ে করাতে হবে।

এসির ফিল্টার প্রতি মাসে পরিষ্কার করা উচিত। হালকা গরম পানিতে ডিশ ওয়াশার বা সাদা ভিনেগার দিয়ে ফিল্টার ধুয়ে নিতে হবে। বছরে একবার এসির কনডেনসার কয়েল পরিষ্কার করতে হবে। এতে এসির কার্যক্ষমতা দীর্ঘদিন ঠিক থাকবে। নরম ব্রাশ দিয়ে খুব সাবধানে কনডেনসার কয়েল পরিষ্কার করা উচিত। এসি ব্যবহার করার ফলে অনেক সময় ঘরে গুমোট গন্ধ হয়। এ গন্ধ দূর করতে ডিশ ওয়াশার দিয়ে এসির ওয়াটার প্যান ধুয়ে ফেলতে হবে। অনেক সময়ে এসির বাইরের অংশে মৌমাছি, পিঁপড়া বা অন্য কোনো পোকামাকড় বাসা বাঁধে। তাই নিয়মিত এসির এ অংশ ঝাড়া-মোছা করা উচিত। যেকোনো বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার ও পরিষ্কার করার ক্ষেত্রে এর ব্যবহারবিধি, অর্থাৎ ম্যানুয়াল পড়ে নেওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাজ শুরু করার আগে অবশ্যই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নিতে হবে।

বাড়িতে এসি কীভাবে পরিষ্কার করা যায়, সে সম্পর্কে রাজধানীর শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেডের পরিচালক (ডিরেক্টর) মো. শরিফুল ইসলাম বলেন, বাড়িতে খুব সহজেই এসির যে অংশটি ঘরের ভেতরে থাকে, তা পরিষ্কার করা সম্ভব। স্প্লিট এসির ওপরের ঢাকনাটি খুলে নিলে ফিল্টার বা ছাঁকনি দেখা যাবে। ছাঁকনিটি খুলে কলের নিচে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর শুকিয়ে নিয়ে আবার লাগিয়ে দিলেই হবে। আশপাশের অংশগুলো শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে।

বাড়িতে নিজেরা পরিষ্কার করা ছাড়াও একবার বিশেষজ্ঞ লোক দিয়ে সার্ভিসিং করে নেওয়া উচিত। এতে এসি দীর্ঘদিন ভালো থাকবে। সার্ভিসিংয়ের জন্য যে শো রুম থেকে আপনি এসি কিনেছেন, সে দোকানের কর্মচারী দিয়ে করানোই ভালো। অনেক ব্র্যান্ড এ ক্ষেত্রে প্রথমবার ফ্রি সার্ভিসিং করে থাকে। পরবর্তী সময়ে কমপক্ষে দুই হাজার টাকা নিতে পারে।