ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর বাজার। স্থানীয়রা দত্তপুর বাজার নামেই চেনে। বাজারের পাশেই আবদুল করিমের ধাম। দত্তপুর বাজারে গিয়ে তাঁর খোঁজ করতেই এক দোকানি বললেন, ‘কোন করিমরে খুঁজুইন? সাবান খায় যে করিম?’ হ্যাঁ, সাবানখেকো করিমের খোঁজেই এসেছি। তর্জনী দিয়ে তাঁর দোকান দেখিয়ে দেয় ওই দোকানি, ‘ওই যে ওইটাই তো হের দোকান।’ সেখানে একটি চায়ের দোকান আছে ঠিকই, কিন্তু ঝাঁপ ফেলা। শরীফ নামের এক বালককে ডেকে আনা হলো, করিমকে খবর দেওয়ার জন্য। চটপটে শরীফ কালবিলম্ব না করেই তার অদৃশ্য মোটরবাইকে চেপে বসে। ধুলো উড়িয়ে ছুটে যায় করিমকে ডেকে আনতে। খানিক পরই তার সঙ্গে ছুটে আসেন একজন ৬০ ছুঁই ছুঁই বৃদ্ধ। পান খাওয়া লালমুখ।দোকানের ঝাঁপটাপ খুলে বসেন সাবানখেকো আবদুল করিম। দোকানের একটা তাকে পাঁচটি সাবান সাজানো। সেদিকে তাকাতেই একগাল হেসে দিলেন করিম। বিজ্ঞাপনের ভাষার মতো বললেন, ‘সাবান ছাড়া আমার এক দিনও চলে না!’ পরিষ্কার-পরিচ্ছন্নতার উপসঙ্গ হিসেবে সাবান ছাড়া হয়তো অনেকেরই চলে না। তবে আবদুল করিমের সাবানের চাহিদা অন্য রকম—এ কথা এলাকার ও আশপাশের দশ গাঁয়ের কারোরই অজানা নয়!৩০ বছর ধরে দিব্যি সাবান খেয়ে চলেছেন আবদুল করিম! খাবার হিসেবে প্রিয় বিশেষ একটি ব্র্যান্ডের সুগন্ধি সাবান। তবে সেটা না পেলে বাজারের অন্য যেকোনো সাবানই খেতে পারেন, তাও জানিয়ে দেন করিম। শুরুটা হয়েছিল বয়স ২৫-২৬ থাকতে। জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি মিষ্টির দোকানের কারিগরের কাজ করতেন সে সময়। গোসল করতেন সুগন্ধি সাবান গায়ে মেখে। প্রতিবার গোসল করতে গেলেই সাবানের রূপে-গন্ধে বিমোহিত হয়ে যেতেন। এক দিন সাবানের গন্ধ নাকে না গেলেই কী এক অপূর্ণতা থেকে যেত যেন! গায়ে ও মুখে ভালো করে ঘষেও আশ মিটত না। তাই একদিন কী মনে করে চেখে দেখলেন একটু। এরপর ধীরে ধীরে নিয়মিত খেতে শুরু করলেন। অভ্যাস নেশায় পরিণত হলো একসময়। প্রতিদিন একটি করে সাবান খেতে শুরু করলেন।তবে এখন আর্থিক টানাপোড়েনের কারণে একটি সাবান তিন দিনে শেষ করেন করিম। দত্তপুর বাজারের দক্ষিণে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। দুই ছেলের একজন ঢাকায় গেঞ্জির ব্যবসা করেন, আরেকজন দত্তপুরেই রাজমিস্ত্রির জোগালি। মেয়ের বিয়ে দিয়েছেন পাশের গ্রামে। কথা বলতে বলতে আবদুল করিম তাঁর বাসায় নিয়ে গেলেন একসময়। স্ত্রী গেছেন মেয়ের বাড়ি বেড়াতে। ঘরের আলমারিতে চোখ পড়তেই পান খাওয়া মুখে হেসে দিলেন করিম। গুনে দেখা গেল, ১০৫টি সাবান মজুদ করে রাখা সেখানে, ‘সব বাজারে তো এই সাবান পাওয়া যায় না। তাই মজুদ করে রেখেছি। যেখানেই যাই, চার-পাঁচটি করে কিনে নিয়ে আসি। সাবানের অভাব, বড় অভাব!’ বলতে বলতেই একটি সাবান খেতে শুরু করলেন তিনি! একটা কামড় দিয়েই যেভাবে চোখ বুজে চিবুতে লাগলেন, যেন সাবান নয়, অমৃতই খাচ্ছেন!সকালে রুটি, দুপুর ও বিকেলে চা-বিস্কুট। রাতে রুটি নয়তো ভাত। আর দিনে ১০০ খিলির ওপরে পান খাওয়ার অভ্যাস আবদুল করিমের। ৩০টির বেশি পান খেলে নাকি জিহ্বা ভারী হয়ে আসে! আর তখনই চাই সাবান, ‘সাবান খেলেই জিহ্বার স্বাদ ফিইরা আসে।’ আবদুল করিমের এই বিচিত্র অভ্যাসের কথা শুনে প্রায়ই দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে একপলক দেখার জন্য। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও দেখানো হয়েছিল তাঁকে। সব দেখেশুনে সবার মনেই একই প্রশ্ন—সাবান খেয়ে কী করে হজম করেন করিম? করিমের মুখে নির্লিপ্ত হাসি। এলাকাবাসীর দাবি, এ পর্যন্ত জ্বরজারি বাদে আর কোনো বিশেষ রোগে ভোগেননি তিনি। দিব্যি সুস্থ অবস্থায় বেঁচেবর্তে আছেন। এমনকি নিয়মিত রক্তও দিয়ে যাচ্ছেন। এই কদিন আগেও প্রতিবেশী রতন মিয়ার ওপেন হার্ট সার্জারির সময় মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে এসেছেন।দত্তপুর গ্রামের সিরাজ মিয়া (৪৫) বলছিলেন, ‘করিম ভাইয়ের সাবান খাওয়ন দেইখ্যা পইলা পইলা অবাক অইতাম। অহন এইডা ছোট-বড় সবাই জানে।’মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের আবদুল করিমের সাবান খাওয়ার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানালেন, ঘটনাটি সত্যিই বিস্ময়কর। তবে আবদুল করিমের এসব জারিজুরিতে পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে পারছেন না অনেকেই। তেমনই একজন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন দীন মোহাম্মদ। তিনি বলছিলেন, সাবান ক্ষারজাতীয় পদার্থ, এটি নিয়মিত খেলে পাকস্থলী নষ্ট হয়ে যাওয়ার কথা। সেই সঙ্গে রক্তদূষণ হওয়ার কথা। আবদুল করিম সত্যিই সাবান খান কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার।