ভারতের আগ্রা ঘরানার শিল্পী সাবিনা মমতাজ ইসলাম রহমান এর আগেও একবার চট্টগ্রামের শ্রোতাদের মুখোমুখি হয়েছিলেন। সেই আসরের মুগ্ধতার স্মৃতি এখনো মুছে যায়নি। তাই সাবিনা আবারও গাইবেন শুনে হাজির হয়েছিলেন অনেকে। পাশাপাশি আগে সাবিনার গান শোনেননি এমন দর্শকও ছিলেন। বিমুখ করেননি সাবিনাও।
গত বৃহস্পতিবার সন্ধা সাতটায় ফুলকির এ কে খান মিলনায়তনে সাবিনার একক সংগীতের আসরের আয়োজক ছিল ফুলকির সুহূদ সংগঠন। রাশেদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই শিল্পীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন রবীন্দ্রসংগীতশিল্পী শিলা মোমেন। তিনি বলেন, ‘উচ্চাঙ্গসংগীতের মধ্যে আগ্রা ঘরানা বেশ ওজস্বী ধারা। হাতে গোনা কয়েকজন নারী শিল্পীর মধ্যে আসামের মেয়ে সাবিনাও এই ঘরানায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কলকাতার আইসিটি সংগীত রিসার্চ অ্যাকাডেমির ছাত্রী সাবিনা তালিম নিয়েছেন সুনীল বসু, বিদুষী শুভ্রা গুহ ও পণ্ডিত বিজয় কিচলুর কাছ থেকে।’
আসরের শুরুতে কেদার রাগে খেয়াল পরিবেশন করেন সাবিনা। শুরুতে একতাল এরপর ত্রিতাল, তারপর শেষে আবার একতালে ফিরে এলেন গাইতে গাইতে। সান্ধ্য রাগ কেদারের পর বসন্তবাহার রাগে গাইলেন ‘আয়ি বসন্ত কি বাহার’। আদ্ধা তালে গাওয়া এই গান যেন হলজুড়ে ঋতুরাজের আগমন ধ্বনি ঘোষণা করল।
দর্শক সারি থেকে অনুরোধ এল টপ্পা গাইতে হবে। সে অনুরোধ রাখতেই সাবিনা রাগ কাফিতে টপ্পা গাইলেন। ‘ বলে সুনা জানি মিয়া’। মন উচাটন করা এই টপ্পার পর আর কী গান চলতে পারে? তবু যে মন ভরে না। তাই গানও চলল। পরের গানটি ছিল ভৈরবী রাগে। ‘ভবানী, দায়ানী’ খেয়ালের সুরে দর্শক-শ্রোতাদের মন ভেজালেন শিল্পী। শেষে ছিল পিলু রাগে ঠুমরি ‘পিয়া নেহি আয়ে’। বিচ্ছেদের চিরন্তন কাতরতা নিয়েই যেন মিলনায়তন ছাড়লেন দর্শকেরা।
সংগীত আসর শুরুর আগে শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবীণ উচ্চাঙ্গসংগীতশিল্পী শিখা রানি দাশ। সংগীত আসরে পলাশ দে তবলা, টিংকু শীল হারমোনিয়াম ও গৌরি নন্দী তানপুরা বাজিয়ে শিল্পীকে সহায়তা করেন।