সামগ্রিক ফলাফলে এবারও পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৩৪ জন জিপিএ-৫ পেয়ে চট্টগ্রাম বোর্ডে ১৭তম স্থান অধিকার করেছে এ কলেজ। তবে সামগ্রিক ফলাফলে এবারও পিছিয়ে পড়েছে বান্দরবান জেলা। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭২ দশমিক ২৯ হলেও বান্দরবানে মাত্র ৫৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া, জেলায় পাঁচটি কলেজের মধ্যে বান্দরবান সরকারি মহিলা কলেজের একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ কলেজের ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন কৃতকার্য হয়েছে।বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা দাবি করেছেন তাঁদের কলেজে গত বছরের তুলনায় পাসের হার ও মান কিছুটা বেড়েছে। এ ধারাবাহিকতায় আগামী বছর পাসের হার আরও বাড়বে। তাঁদের মতে, শিক্ষকসংকট ও আর্থ-সামাজিক অনগ্রসরতার কারণে পাবলিক পরীক্ষায় বান্দরবান জেলা অন্যান্য জেলার তুলনায় প্রতিবছর পিছিয়ে পড়ছে। ফলাফল প্রকাশের পর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। কলেজ সূত্র জানায়, কলেজে মোট ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যরা জিপিএ-৫-এর কাছাকাছি পেয়ে উত্তীর্ণ হয়েছে। এসএসসি পরীক্ষায়ও এ কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছিল। জ্যেষ্ঠ শিক্ষক ইয়াকুব আলী বলেন, ‘আমাদের কলেজ চট্টগ্রাম বোর্ডে ১৭তম স্থান অধিকার করেছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠার পর থেকে আমরা শিক্ষার সর্বোচ্চ মান বজায় রাখতে পেরেছি। এ বিষয়টি আমাদের সাফল্য অর্জনে সহায়ক হয়েছে।’ জেলায় পাঁচটি কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৮৯৭ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৫২২ জন। অকৃতকার্য হয়েছে ৩৭৫ জন। সবচেয়ে কম মান নিয়ে কম শিক্ষার্থী পাস করেছে বান্দরবান সরকারি কলেজে। সেখানে ৩৬৯ জনের মধ্যে কৃতকার্য হয়েছেন ১৭১ জন। এর মধ্যে গ্রেড ‘এ’ পেয়েছেন মাত্র আটজন। এ রকম খারাপ ফলাফল সম্পর্কে কলেজের সহযোগী অধ্যাপক আবু তাহের ভূঁইয়া বলেন, ‘ইংরেজি ও বাংলা বিভাগে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষক নেই। বেশির ভাগ শিক্ষার্থী ওই দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।’ লামা মাতামুহুরি কলেজ ও নাইক্ষ্যংছড়ি কলেজে পাসের হার গতবারের তুলনায় কিছু বেড়েছে। নাইক্ষ্যংছড়ি কলেজে ৮২ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৭৮ জন। তবে এ কলেজ থেকে একজনও জিপিএ-৫ পাননি। মাতামুহুরি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কলেজে উত্তীর্ণের হার ও মান গত বছরের চেয়ে বেড়েছে। এ কলেজের ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৩৮ জন। এ বছর ২৪ জন জিপিএ-৫-এর কাছাকাছি পেয়েছে। গত বছর এ রকম ফল করেছিল মাত্র সাতজন।’