বছর পেরিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্বিতীয় বর্ষে পা রাখতে যাচ্ছে। এখানকার মেধাবী শিক্ষার্থীরা আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর। প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে তাঁদের রয়েছে অন্য রকম গর্ব।‘বরিশাল বিশ্ববিদ্যালয় দেশ ছাড়িয়ে বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষস্থানীয় অবস্থান করে নেবে—এটা আমরা বিশ্বাস করি।’ বলছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত আরা। সিফাতের কথার রেশ ধরে স্বপ্ন ও সম্ভাবনার কথা জানান ইংরেজি বিভাগের রাহিমা খাতুন, ফাহিমা ইয়াসমিন, আমিরুল ইসলাম, অর্থনীতি বিভাগের শাহেদুজ্জামান, নেয়ামতউল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের তুষার চন্দ্র পাল, আবদুল্লাহ আল মেহরুন, মিজানুর রহমানসহ অনেক শিক্ষার্থী। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এস এম আসিফ বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হয়ে ইতিহাসের সাক্ষী হয়েছি। এবার ভালো ফল করে দেশবাসীকে জানিয়ে দেব আমরা পারি এবং পারব।’ গণিতের প্রতি শিক্ষার্থীদের ভয় দূর করতে কাজ করার অঙ্গীকার করেন গণিতের শিক্ষার্থী তুহিন। একই বিষয়ের শিক্ষার্থী আয়শা আক্তার স্বপ্ন দেখেন শিক্ষক হওয়ার। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাসনিমা জান্নাত বলেন, ‘কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হব, তা ছিল কল্পনার বাইরে। ’আবু সাঈদ জানান,‘আমরা গুণী ও মেধাবী শিক্ষক পেয়েছি, আমাদের মঞ্চ হয়েছে, ল্যাব হয়েছে, ক্যানটিন পেয়েছি। এখন দ্রুত আমাদের মূল ক্যাম্পাসে ফিরে যেতে চাই। আমরা জানি ছোট ছোট পাওয়ার মধ্য দিয়ে বড় পাওয়াগুলোও পেয়ে যাব।’ প্রথম বছর বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও ব্যবসায় ব্যবস্থপনা চার অনুষদের মধ্যে গণিত, বাংলা, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও মার্কেটিং এই ছয়টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। এ বছর নতুন অনুষদ জীববিজ্ঞান ও কৃষি। নতুন এই অনুষদের চার বিষয়ের মধ্যে বাংলা, লোকপ্রশাসন, মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি। পাঁচ অনুষদের ১০ বিভাগের অধীন সাড়ে ৭০০ শিক্ষার্থী ভর্তি করা হবে।উল্লেখ্য, ২০১১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। নগরের জিলা স্কুলের বর্ধিত অংশের অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এ বছর ২৪ জানুয়ারি শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ২০১৪ সালের মধ্যে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে কর্ণকঠী এলাকায় নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে ৫০ একর সম্পত্তির ওপর চলছে অবকাঠানো নির্মাণের কাজ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের মানে পৌঁছাবে বরিশাল বিশ্ববিদ্যালয়। আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’