সামনে কোরবানি কামারশালায় ব্যস্ততা
ফেনী শহরের সিও অফিস বাজার এলাকায় ছোট্ট কামারশালার মালিক নারায়ণ কর্মকার সারা বছর কোরবানির ঈদের অপেক্ষা করেন। ঈদ এলেই দা-ছুরির চাহিদা বহুগুণ বেড়ে যায়। বাড়ে আয়ও। দুজন সহযোগী নিয়ে তাই এখন ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ব্যস্ততার জন্য ঘুমানোর সময়ও পাচ্ছেন না।
কেবল নারায়ণের কামারশালা নয়, ফেনীর প্রায় দুই শটি কামারশালার কর্মকারেরা এখন দিন-রাত দা–ছুরি তৈরিতে ব্যস্ত। শহরের বিভিন্ন বাজারেও এসব পণ্যের বিক্রি রমরমা এখন।
ঈদের আগে ১৫-২০ দিন ধরে দা-ছুরি, ধামা যা বিক্রি হয়, সারা বছরেও তা হয় না। নারায়ণের ভাষায়, এই সময়টাই তাঁদের মৌসুম। এক মৌসুমে প্রায় ৮০-৯০ হাজার টাকার দা, ছুরি বিক্রি করেন তিনি। পাইকারি ব্যবসায়ীদের কাছে ডজন হিসেবে এবং সাধারণ ক্রেতাদের কাছে খুচরা হিসেবে পণ্য বিক্রি করেন।
কোরবানি সামনে রেখে ছোট-বড় ছুরি, ধামা, দা, বঁটিই বেশি তৈরি হয় নারায়ণের কামারশালায়। দা ও ছুরি ১২০-১৫০ টাকা এবং ধামা ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করেন তিনি। প্রতি ডজন দায়ের দাম পড়ে ১ হাজার ২০০ টাকা।
কাঁচা লোহা থেকে দা বা ছুরি তৈরি করতে নারায়ণের সময় লাগে দুই থেকে তিন ঘণ্টা। চট্টগ্রাম ও নোয়াখালীর চৌমুহনী থেকে কাঁচা লোহা সংগ্রহ করেন তিনি। প্রতিযোগিতার বাজারে কাঁচামাল কিনে, শ্রমিকের মজুরি দিয়ে তেমন লাভ আর থাকে না। তবে কোরবানির ঈদ এলে বিক্রি অনেক বাড়ে। তখন জীবনেও স্বস্তি আসে।
নারায়ণ বলেন, ‘সারা বছরই কোরবানির অপেক্ষায় থাকি আমরা। দা-ছুরি বিক্রি হয় এই সময়ই। বছরের অন্যান্য সময় কোদাল, কুড়াল এসব বেশি চলে।’
শহরের তাকিয়া রোড, সিও অফিস বাজার, সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর, পাঁচগাছিয়া, বিরলী, লক্ষ্মীয়ারা, লস্করহাট, দাগনভূঞা উপজেলার সিলোনিয়া, দরবেশেরহাট, রাজাপুর, সিন্দুরপুর ও সোনাগাজী উপজেলার কামারশালাগুলোতে এখন দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের।
শহরের তাকিয়া সড়কের নিরঞ্জন কর্মকার আক্ষেপ করে বলেন, এত পরিশ্রম করে আমরা দা-ছুরি বানাই, কিন্তু আমাদের চেয়ে বেশি লাভ করে ব্যবসায়ীরা। অনেকে এ কারণে টিকতে না পেরে পেশা ছেড়ে দিচ্ছেন। যঁারা টিকে আছেন তাঁরাও মানবেতর জীবন যাপন করছেন।
দোকানদারদের নির্ধারণ করা দামেই পণ্য বেচতে হয় বলে পেশায় টিকতে পারেননি পাঁচগাছিয়ার রুবেল কর্মকার। তিনি এখন দা-ছুরি বানানো ছেড়ে হার্ডওয়্যারের ব্যবসা করছেন।
কর্মকারেরা নামমাত্র লাভ করে পণ্য বিক্রি করলেও সাধারণ ক্রেতাদের ঠিকই বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে দা-ছুরি।
পাঁচগাছিয়া গ্রামের আবদুল আউয়াল অভিযোগ করেন, গত বছরের তুলনায় এবার দা-বঁটিসহ সব জিনিসেরই দাম বেশি হাঁকা হচ্ছে। যেহেতু কোরবানিতে মাংস কাটার জন্য দা-ছুরি জরুরি, সে কারণে দাম বেশি হলেও ক্রেতারা কিনতে বাধ্য হচ্ছে।
তবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কঠিন হলেও পেশা ছাড়তে চান না নারায়ণ কর্মকার। তাঁর কথা, ‘বাপ-দাদার পেশা ছাড়ি কী করে। লাভ কম হোক, তবু পেশা ছাড়াব না।’