সামনে থেকে সামানজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদা সামানজার চৌধুরী
মাহমুদা সামানজার চৌধুরী

সামাজিক উন্নয়ন আর সাধারণ মানুষের উন্নয়ন নিয়েই সব ভাবনা তাঁর। কি সকাল, কি সন্ধ্যা—সবসময় হাজারো চিন্তার মধ্যে ডুবে থাকেন মাহমুদা সামানজার চৌধুরী। পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষে।
সামানজার বাংলাদেশের জাতিসংঘের ইয়ুথ অ্যাডভাইজরি প্যানেলের সদস্যদের একজন। দীর্ঘদিন যুক্ত আছেন ব্রিটিশ কাউন্সিলের সামাজিক কর্মসূচি অ্যাকটিভ সিটিজেনের সঙ্গে। জাতিসংঘের লিঙ্গভিত্তিক সমতাবিষয়ক কর্মসূচি ‘হি ফর সি’র বাংলাদেশের কার্যক্রম ‘ইয়াং ম্যান ফর জেন্ডার ইক্যুয়েলিটি’র সঙ্গেও সম্পৃক্ত তিনি। এই কর্মসূচির দূত হিসেবে কাজ করছেন তিনি বাংলাদেশে। সহস্রাব্দের লক্ষ্যমাত্রা বিষয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২০১৪ সালে তরুণদের গ্লোবাল ইয়ুথ ভয়েস উইলটন পার্ক কনফারেন্সে অংশ নেয় সামানজার।
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এখন তাঁর স্বপ্ন দেশের উন্নয়ন। পড়াশোনার সমানতালে কাজ করে যাচ্ছেন বিভিন্ন সামাজিক উন্নয়ন নিয়ে। ঢাকা ও ঢাকার আশপাশের এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জলবায়ু ও পরিবেশ সম্পর্কে সচেতনতার জন্য ‘গো গ্রিন’ নামে কর্মসূচি গ্রহণ করেছেন। এই কাজে এখন তাঁর সঙ্গী জনা দশেক স্বেচ্ছাসেবক।
সামানজার বলেন, ‘আগামীর পৃথিবীটা আমার, আমাদের। আমাদেরই আমাদের সমস্যা আর বাধাগুলো নিয়ে ভাবতে হবে। সে জন্য দেশ আর পৃথিবীর জন্য আমাদের চেষ্টা।’ এ ছাড়া মালয়েশিয়ায় লিঙ্গভিত্তিক অধিকার বিষয়ে এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নিয়েছেন তিনি।
স্বেচ্ছাসেবকমূলক অনেক সংগঠন আর কাজের সঙ্গে যুক্ত থাকলেও ঘুরে বেড়ানো আর আগুন নিয়ে খেলতে বেশ পছন্দ করেন সামানজার। ফায়ার স্পিনিং করার শখ আছে তাঁর। তিনি বলেন, ‘কাজ করতে ভয় পাই না। শখে হোক আর প্রতিজ্ঞাতেই হোক, কঠিন সব কাজ করতে চাই। কাজ দিয়ে চমকে দিতে চাই পৃথিবীকে।’
ভবিষ্যতে নারী ও শিশু শিক্ষা ও মানবাধিকার বিষয়ে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।