
সড়কজুড়ে ইট উঠে এলোমেলো হয়ে আছে। কোনো কোনো স্থানে ইটও নেই। আবার কয়েকটি জায়গায় ডোবায় বিলীন হয়ে গেছে সড়কের একাংশ। অন্য গাড়ি চলবে দূরে, রিকশাও চলছে ঝুঁকি নিয়ে। সাতকানিয়া পৌরসভার চরপাড়া সড়কের ১৫০ মিটার অংশ এমনই বেহাল এখন।
১৬ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, সাতকানিয়া-বাঁশখালী সড়ক থেকে এক কিলোমিটারের চরপাড়া সড়কটি শুরু হয়ে পূর্ব দিকে সাতকানিয়া আলিয়া মাদ্রাসার পাশ দিয়ে কলেজ সড়কের সঙ্গে মিলেছে। সড়কের শুরুতে প্রায় ২০০ মিটার অংশে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা হয়েছে। মাঝখানে আলিয়া মাদ্রাসা মসজিদ থেকে ইছামতী খাল সেতু পর্যন্ত প্রায় ১৫০ মিটার অংশ সংস্কার হয়নি। ফলে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। আবার সেতুর পর সড়কের শেষ অংশে প্রায় আধা কিলোমিটার অংশেও আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা হয়েছে।
চরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (৪৫) ও মো. জামাল উদ্দিন (৪৪) বলেন, সড়কের শুরুতে এবং শেষে উন্নত মানের সংস্কারকাজ হয়েছে। কিন্তু মাঝখানে কিছু অংশ সংস্কার না হওয়ার কারণে পুরো সড়কটিই এখন এলাকার বাসিন্দাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই অংশ দিয়ে হেঁটে যাওয়াও কষ্টকর।
সাতকানিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন তিন শতাধিক ছাত্রছাত্রী সাতকানিয়া সরকারি কলেজ, সাতকানিয়া আলিয়া মাদ্রাসা, সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয় ও সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে আসা-যাওয়া করে। তিনি বলেন, সড়কজুড়ে এলোমেলো ইট ও গর্তের কারণে বেশ কয়েকবার শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা হোঁচট খেয়ে আহত হয়েছেন।
এলাকার রিকশাচালক মো. ফরিদুল ইসলাম (৪৮) বলেন, সড়কটি দিয়ে একসময় অটোরিকশা চলাচল করত। এখন ভাঙা অংশে যাত্রীসহ রিকশা চালিয়ে যাওয়া যায় না। যাত্রীকে নামিয়ে দিয়ে গাড়ি টেনে নিয়ে যেতে হয়।
এলাকার কাউন্সিলর সাইফুল আলম বলেন, সড়কটির আশপাশে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তা ছাড়া ওই সড়কটি দিয়ে অন্তত তিন হাজার মানুষ নিয়মিত চলাচল করে। বেশির ভাগ অংশে ইতিমধ্যে সংস্কারকাজ করা হয়েছে। বাকি অংশ সংস্কারের জন্য মেয়রের কাছে কয়েকবার আবেদন করেছি। তিনি আশ্বাস দিয়েছেন কিছু দিনের মধ্যে সংস্কারকাজে হাত দেবেন।
এ প্রসঙ্গে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, সড়কের ভাঙা অংশটি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কয়েক দিনের মধ্যে আলিয়া মাদ্রাসায় সীমানাপ্রাচীরের কাজ শুরু হবে।এরপর সড়কের বেহাল অংশ সংস্কারের চিন্তাভাবনা আছে।