কক্সবাজারে শব্দায়নের ৩২ বছর পূর্তি উৎসব
সামাজিক অবক্ষয় ও জঙ্গিবাদ রোধে সংস্কৃতি বড় হাতিয়ার

জীবনযাপনে সংস্কৃতিচর্চা অপরিহার্য। সামাজিক অবক্ষয় ও জঙ্গিবাদ রোধে সংস্কৃতি বড় হাতিয়ার। শব্দায়ন তিন দশক ধরে কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনে যে অবদান রেখে আসছে, তা প্রশংসার দাবিদার।
সাংস্কৃতিক সংগঠন শব্দায়ন আবৃত্তি একাডেমির ৩২ বছর পূর্তি উৎসবের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ২১ অক্টোবর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানমালা শুরু হয় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জসীম উদ্দিন বকুল। প্রধান অতিথি ছিলেন প্রবীণ আইনজীবী ও কবি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নাট্যকার শাহজাহান আলী, আবৃত্তিকার পারভেজ চৌধুরী, সংগীতশিল্পী প্রবীর বড়ুয়া, গবেষক বিশ্বজিত সেন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক পিন্টু আরেং ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন।
আলোচনার পর সুন্দর হাতের লেখা, বাংলা বানান ও বর্ষ সমাপনী আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ৮৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শেষে শব্দায়নের শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থীর অংশগ্রহণে চলে ছড়া আবৃত্তি, সংগীত ও নৃত্য।
সাংস্কৃতিক পর্ব সঞ্চালনায় ছিলেন শব্দায়ন রামু উপকেন্দ্রের পরিচালক মানসী বড়ুয়া। উৎসব উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে।
উল্লেখ্য, ১৯৮৫ সালের ১ ফেব্রুয়ারি মাত্র সাতজন শিশু শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল শব্দায়ন আবৃত্তি একাডেমি। গত ৩২ বছরে এই সংগঠন থেকে প্রশিক্ষণ সহস্রাধিক ছেলেমেয়ে। বর্তমানে শিক্ষার্থী ১৪১ জন। নামমাত্র ফি দিয়ে নানা বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। শব্দায়নের প্রধান কেন্দ্র কক্সবাজার কেজি স্কুলে। শহরের টেকপাড়ার কালুর দোকান এলাকায় সংগঠনের একটি আঞ্চলিক কার্যালয় এবং রামুতে একটি উপকেন্দ্র চালু আছে।
শব্দায়নের পরিচালক জসীম উদ্দিন বলেন, শব্দায়নকে বহুদূর নিয়ে যাওয়ার চিন্তা মাথায় থাকলেও সাধ্যে কুলাচ্ছে না। তারপরও পাঁচজন প্রশিক্ষক ও তিনজন প্রশিক্ষক সহযোগী দিয়ে সংগঠনের কার্যক্রম চালানো হচ্ছে। ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার কাজ চলছে।