নাগরিক সংলাপে বক্তারা
সামাজিক আন্দোলনের মাধ্যমে উগ্রবাদ ও সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ সম্ভব
বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে সামাজিক সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে। আমাদের বাংলাদেশ বহু ভাষা, বহু ধর্ম, বহু সম্প্রদায়ের স্বাধীন গণতান্ত্রিক দেশ। দীর্ঘ সময় ধরে আমরা শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছি। প্রতিটি জাতীয় নির্বাচনের আগে ও পরে, এমনকি স্থানীয় সরকার নির্বাচনে প্রায়ই বিভিন্ন ধরনের সহিংসতা হয়ে থাকে। যেটা হওয়া কখনো উচিত নয়। আমরা সবাই শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে চাই, যেটি আমাদের দেশীয় ঐতিহ্য এবং আবহমান বাংলাদেশি মূল্যবোধ। গত সোমবার ইউএনডিপির সহযোগিতায় ইপসা ও স্টপ ভায়োলেন্স কোয়ালিশনের (এসভিসি) আয়োজনে ‘উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রর চট্টগ্রাম জেলা কমিটি সাধারণ সম্পাদক এবং ইপসার সামাজিক সম্পৃক্ততায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধবিষয়ক কার্যক্রমের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ শহিদুল ইসলাম। ইপসার প্রোগ্রাম অফিসার ফারহানা ইদ্রিসের সঞ্চালনায় সভায় প্যানেল আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার। সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, আবিদা আজাদ, আঞ্জুমান আরা বেগম, ফারজানা পারভীন, নুরজাহান খান, ক্যাব সভাপতি এস এম নাজের হোসাইন প্রমুখ। সভায় উপস্থিত সবাই উগ্রবাদ ও সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে যার যার অবস্থান থেকে অবদান রাখার জন্য এবং সম্মিলিত সবার প্রচেষ্টায় সামাজিক আন্দোলনের মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ করার আহ্বান জানানো হয়।