সামাজিক নিঃসঙ্গতা এক নীরব ঘাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ জীবন সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে, সমাজে থেকেও না থাকার, দীর্ঘ সময় ধরে নিঃসঙ্গ জীবনযাপন করার অভ্যাসটি থেকে নিজেকে মুক্ত করতে হবে। প্রতীকী ছবি।
দীর্ঘ জীবন সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে, সমাজে থেকেও না থাকার, দীর্ঘ সময় ধরে নিঃসঙ্গ জীবনযাপন করার অভ্যাসটি থেকে নিজেকে মুক্ত করতে হবে। প্রতীকী ছবি।

এই সময়কে বলা হচ্ছে ‘সোশ্যাল মিডিয়া’ আর ‘কানেকটিভিটির’ যুগ। হাতের মুঠোয় ফোন আর নানা গেজেটে সারাক্ষণই বিভিন্ন নেটওয়ার্কে যুক্ত থাকছি আমরা। কিন্তু এই সব সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটা দূর হচ্ছে ব্যক্তির নিঃসঙ্গতা! গবেষণা বলছে, সামাজিক পরিসরের নিঃসঙ্গতা আধুনিক মানুষের এক নীরব ঘাতক। কেবল মানসিক স্বাস্থ্যের জন্যই নয় শারীরিক স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর হতে পারে নিঃসঙ্গ জীবন।
নতুন এক গবেষণায় বলা হয়েছে, দীর্ঘ জীবন সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে, সমাজে থেকেও না থাকার, দীর্ঘ সময় ধরে নিঃসঙ্গ জীবনযাপন করার অভ্যাসটি থেকে নিজেকে মুক্ত করতে হবে। আস্কমেন ডটকম এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ব্রিগহ্যাম যুব বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি আধুনিক জীবনে নিঃসঙ্গতার প্রভাব নিয়ে এই গবেষণা চালিয়েছেন। তারা বলছেন, একটা উল্লেখযোগ্য সময় ধরে নিঃসঙ্গ জীবনযাপন স্বাস্থ্যের জন্য দিনে ১৫টা সিগারেট খাওয়া কিংবা অতিরিক্ত মুটিয়ে যাওয়ার চেয়েও ক্ষতিকর হতে পারে।
সবচেয়ে বড় পরিহাস হলো মোবাইল ফোন ও অনলাইন নেটওয়ার্কের এই যুগে এসে অনেক মানুষই আগের চেয়ে আরও বেশি নিঃসঙ্গ জীবনযাপন করছেন। এমনকি ফেসবুক, টুইটার, স্কাইপের মতো নানা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসারের পরও দিনের একটা লম্বা সময় ধরে একা থাকছেন অনেক মানুষ।

ব্রিগহ্যাম যুব বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রটির সহ-লেখক টিম স্মিথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামাজিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন,‘নিঃসঙ্গ থাকার ব্যাপারে কেবল পুরো দেশজুড়েই আমরা রেকর্ড করিনি, বরং পুরো বিশ্বের মধ্যেই সবচেয়ে বেশি নিঃসঙ্গ থাকার রেকর্ডটাও আমাদেরই করা।’
যুক্তরাষ্ট্রের নানা ধরনের স্বাস্থ্য সমীক্ষা থেকে প্রায় ৩০ লাখ মানুষের জীবনযাপনের নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয় এই গবেষণায়। সবক্ষেত্রেই মনোযোগ ছিল সামাজিক পরিসরে নিঃসঙ্গতা, একা একা বসবাস করা এবং ব্যক্তির মানসিক একাকিত্বের বিষয়টি। এতে দেখা যায়, সামাজিক পরিসরে যোগাযোগহীন থাকার সঙ্গে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা বেড়ে যাওয়ার যোগ আছে। আবার, সামাজিক জীবনযাপন এবং ইতিবাচক সম্পর্কের মধ্যে থাকাটা ব্যক্তির মানসিক ও শারীরিক সুস্থতার সঙ্গে সম্পর্কিত।
গবেষণাপত্রটির উপসংহারে বলা হয়েছে,‘আমরা জীবন সম্পর্কে যত বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীতে থাকতে পারব, আমরা ততটাই সক্ষমভাবে আবেগ-অনুভূতি সক্রিয় রেখে শারীরিকভাবে সুস্থ থেকে বাঁচতে পারব।’
মনোবিজ্ঞানীরা বলছেন, ফেসবুক বা টুইটারের বন্ধু সংখ্যা এমনকি বাস্তব সমাজে আমাদের পরিচিতজন বা বন্ধুর সংখ্যার ওপরও নিঃসঙ্গতা নির্ভর করে না। কিংবা দিনের কতটা সময় আমরা অন্যদের সংস্পর্শে কাটাচ্ছি সেটাই সব নয়। নিঃসঙ্গতার বিষয়টি ব্যক্তির সঙ্গে ব্যক্তির বা সমষ্টির সম্পর্কের গুণগত মানের ওপর নির্ভর করে। সঙ্গীর প্রতি, বন্ধুবান্ধবদের প্রতি, সমাজের প্রতি কতটা টান অনুভব করছি, আবেগের জায়গা থেকে কতটা কাছাকাছি বোধ করছি সেটাই হতে পারে নিঃসঙ্গতার পরিমাপক।