সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের অর্থ বিতরণ
সামাজিক বনায়নে উপকারভোগী হতদরিদ্র নারীদের মধ্যে লভ্যাংশের অর্থ বিতরণ করা হয়েছে। চেকের মাধ্যমে ছাগলনাইয়া উপজেলার আটজন উপকারভোগী নারীর প্রত্যেককে দুই লাখ ২৮ হাজার ৮৯৫ টাকা করে মোট ১৮ লাখ ৩১ হাজার ১৬০ টাকা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন মিলনায়তনে সামাজিক বনায়নের দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় ও ছাগলনাইয়া সামাজিক বন বিভাগ ফেনীর আয়োজনে উপকারভোগী আটজন নারীর হাতে চেক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশীদ। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদার, বিভাগীয় বন কর্মকর্তা ফেনীর মোল্লা রেজাউল করিম, সহকারী বন সংরক্ষক আবদুল করিম এবং ছাগলনাইয়া রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।বক্তাদের বক্তব্যে জানা যায়, ১৯৯৩-৯৪ অর্থবছরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপজেলার জঙ্গলমিয়া থেকে মধুগ্রাম বিজিবি ক্যাম্প পর্যন্ত সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। বাগানের এক হাজার ৪৪৯টি গাছ নিলামে ৩৪ লাখ টাকা মূল্যে বিক্রয় করা হয়েছে। সরকারি বিধি অনুসারে এসব উপকারভোগী নারীর মধ্যে শতকরা ৫৫ ভাগ লভ্যাংশ প্রদান করা হয়েছে। উপকারভোগী নারীরা হলেন—ফরিদা, ছেমনা, রোশনা, হালিমা, মনোয়ারা, আছিয়া, ছাবিয়া ও বিবি ফাতেমা। উপকারভোগী নারীরা জানান, তাঁরা এই টাকা দিয়ে কেউ ছেলেকে বিদেশ পাঠাবেন, কেউ মেয়ে বিয়ে দেবেন।