
কক্সবাজারের পেকুয়ায় সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়ার ঘটনায় ১০ দিনেও মামলা করেনি বন বিভাগ। উপজেলার শিলখালী ইউনিয়নের তারাবনিয়ারপাড়া এলাকায় ৩ ও ৫ অক্টোবর তিন দফায় ১০৫টি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাগানটি ২০০৬ সালে সৃজন করা হয় বলে জানা গেছে।
৬ অক্টোবর সরেজমিনে দেখা যায়, তারাবনিয়ারপাড়া সড়কের পাশের বাগানটিতে পড়ে আছে কাটা গাছের গোড়া। এসব গাছের মধ্যে বেশির ভাগ আকাশমণি। তবে কাঁঠালসহ অন্যান্য ফলদ গাছও রয়েছে।
বাগানের অংশীদার রফিকুল ইসলাম বলেন, ২০ থেকে ২৫ জনের একটি দল অস্ত্রশস্ত্রসহ ভ্যানগাড়ি নিয়ে এসে বাগানের কর্মচারীদের জিম্মি করে গাছগুলো কেটে নিয়ে গেছে। তারা বাগানে তিন দফায় করাত চালিয়েছে। কেটে নেওয়া প্রতিটি গাছের আনুমানিক মূল্য দুই থেকে তিন হাজার টাকা।
এদিকে গাছ কেটে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শোয়াইব খান ও বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার পাল সরেজমিেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানতে চাইলে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার পাল বলেন, বনের গাছ কাটা হয়েছে রাতের আঁধারে। তাই দুর্বৃত্তদের চিহ্নিত করতে একটু সময় নেওয়া হচ্ছে। শিগগিরই মামলা করা হবে।
সামাজিক বনায়নের অংশীদারেরা বলেছেন, বন বিভাগের পক্ষ থেকে বনদস্যুদের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে হবে।
এ ব্যাপারে ব্যবস্থা নিতে গত বৃহস্পতিবার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বরাবর ৪০ জন অংশীদারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এরপরও বন বিভাগ কোনো ব্যবস্থা না নিলে কর্মসূচি দেওয়া হবে।
জানতে চাইলে পহরচাঁদা বনবিট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘বাগানের গাছ কেটে নেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা গাছগুলো কেটে নিতে পারে সে বিষয়ে অনুসন্ধান চলছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’