সামাজিক বনায়নের জমি দখল করে বসতঘর খেতখামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে বন বিভাগের সামাজিক বনায়নের জমি দখল করে নিচ্ছেন একশ্রেণীর ভূমিদস্যু। এসব জমি বেচাকেনা, বসতঘর তৈরি, খেতখামার সৃজন এমনকি ক্ষতিকর তামাক চাষ করে অর্থ উপার্জন করছেন দখলদারেরা। অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বনায়নের জন্য জমি বরাদ্দপ্রাপ্ত উপকারভোগী ব্যক্তিরা।সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, বন-কর্মীদের নীরবতা এবং ক্ষেত্রবিশেষে তাদের সহযোগিতায় দখলযজ্ঞ দিন দিন বাড়ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যায়নি। বন বিভাগ সূত্র জানায়, কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের অধীনে রামু উপজেলার বিভিন্ন রেঞ্জের অধীনে প্রায় চার হাজার হেক্টর বনভূমিতে সামাজিক বনায়ন করা হয়েছে। এর মধ্যে প্রায় ৮০০ হেক্টরই বেদখল হয়ে গেছে।জোয়ারিয়ানালা সামাজিক বনায়ন প্রকল্প ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম জানান, কক্সবাজার উত্তর বন বিভাগের অধীনে জোয়ারিয়ানালা রেঞ্জের আওতায় ২০০৭-০৮ সালে সৃজিত সামাজিক বনায়ন প্রকল্পের বেশকিছু প্লট স্থানীয় লোকজনকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কয়েক বছর না যেতেই এসব জায়গা দখল করতে শুরু করেন নজির আলম নামের এক ব্যক্তি। ইতিমধ্যে প্রায় চার একর জায়গা দখল করে সেখানে টিনের বড় ঘর তৈরি করে বসবাস করছেন তিনি। বাগানের প্রায় পাঁচ হাজার সেগুন ও আকাশমণি গাছের চারা কেটে খেতে বেড়া দেওয়া এবং বাড়ি তৈরির কাজে ব্যবহার করা হয়েছে।সিরাজুল ইসলাম জানান, সম্প্রতি বন-কর্মীরা সেখান থেকে প্রায় একহাজার চারা গাছ উদ্ধার করলেও জমি উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বন বিভাগে একাধিকবার অভিযোগ করা হলেও জমিগুলো দখলমুক্ত করা হয়নি।সম্প্রতি বনের ভেতর গড়ে তোলা ওই বাড়িতে গিয়ে নজিরকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী পরিচয় দিয়ে এক নারী বলেন, বেড়া ও বাড়িতে ব্যবহার করা কাঠগুলো এ বনের নয়, এগুলো ব্যাংডেবার বন থেকে আনা হয়েছে। বনের ভেতর বাড়ি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই করেছে তাই আমরাও করেছি।’ বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা মো. আলমগীর জমি দখলের সত্যতা স্বীকার করে বলেন, ‘নজিরের বিরুদ্ধে গত দুই মাসে দুটি মামলা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও পাঁচ-ছয়টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।’ তিনি জানান, জমিগুলো তিনি এখানে যোগ দেওয়ার অনেক আগেই বেদখল হয়েছে। তা ছাড়া, জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু করলেই তাঁদের ওপর নানা চাপ আসে। খুনিয়াপালং দারিয়ার দীঘি সামাজিক বনায়নের উপকারভোগী সমিতির সভাপতি জহিরুল হক সিকদার বলেন, ‘দারিয়ার দীঘি ও আফাররেজু বিট এলাকায় সৃজিত বেশির ভাগ বাগানে গাছ তেমন নেই। যা আছে তা নিয়ে হরিলুট চলছে। পাশাপাশি চলছে বনভূমি দখল।’ তিনি অভিযোগ করেন, এলাকার প্রভাবশালী একটি চক্র দারিয়ার দীঘি ও আফাররেজু বিট কর্মকর্তার যোগসাজশে পানের বরজ, খেত-খামার এবং ঘর-বাড়ি তৈরির জন্য সামাজিক বনায়নের জমি বেচা-কেনা করছে। উপকারভোগীরা বাধা দিলেও কোনো কাজ হচ্ছে না। দারিয়ার দিঘি বিট কর্মকর্তা মো. শাহজালাল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার এখানে কাটার মতো কোনো গাছ নেই। যা আছে তা উপকারভোগীরা পাহারা দিচ্ছেন।’ সামাজিক বনায়নের জমি বেচাকেনায় তাঁর সম্পৃক্ততার বিষয়টিও সত্য নয় বলে মন্তব্য করেন তিনি। উখিয়ার ঘোনা এলাকার সামাজিক বনায়নের দুই ও ৩ নম্বর প্লটের কয়েকজন উপকারভোগী জানান, স্থানীয় ফরিদ আহমদসহ কয়েক ব্যক্তি সামাজিক বনায়নের জায়গা দখল করে সেখানে খেত খামার এবং নিষিদ্ধ তামাকের চাষ করছেন। বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল ওয়াহাব জানান, বর্তমানে উপকারভোগীরা পাহারা জোরদার করায় গাছ কাটা এবং জায়গা দখল কমেছে। দস্যুতার অভিযোগে সম্প্রতি গুদামকাটা এলাকার মো. জহির, ইউনুচ ও লুতু মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। রামু উপজেলা বন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. ছাইদুল হক বলেন, ‘বনকর্মীদের গাফিলতি এবং উপকারভোগীদের অবহেলার কারণে বনভূমি বেদখল হচ্ছে। বন রক্ষায় কর্মীদের আরও আন্তরিক হতে হবে।’