সামাজিক ব্যবসার শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরদুপুরেও বৃষ্টি হচ্ছে খুব। মাঝেমধ্যে প্রকৃতির মেজাজ বোঝা ভারী মুশকিল হয়ে পড়ে। কখনো আবার মেঘ মুছে নিমেষেই চারপাশটা ভরে যাচ্ছে রোদে। মেঘ, বৃষ্টি আর রোদের লুকোচুরির ভেতরই পৌঁছলাম প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। ভেতরে ঢুকে অবাকই হতে হলো কিছুটা। বৃষ্টিকে থোড়াই কেয়ার করে ‘সামাজিক ব্যবসা দিবস’-এ হাজির হয়েছেন কয়েক শ শিক্ষার্থী। তাঁদের হই-হুল্লোড়, আলোচনা আর কথার ফুলঝুরিতে মুখরিত পুরো আয়োজন। ২৮ জুন ‘সামাজিক ব্যবসা দিবস’ উপলক্ষে ইউনূস সেন্টার দিনব্যাপী আয়োজন করে দুটি সেমিনারের। বিকেলের আলোচনাপর্বটি ছিল শুধুই শিক্ষার্থীদের জন্য।এই দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে আলোচনা করেন ‘সামাজিক ব্যবসা’ নিয়ে। চলে প্রশ্নোত্তরপর্ব। তাঁদের কৌতূহল, আগ্রহ আর ভাবনাগুলো তুলে ধরা হয় সবার সামনে। বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং নর্থ সাউথ, ব্র্যাক, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়সহ ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেন এখানে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, ইতালি, অস্ট্রিয়া, থাইল্যান্ড থেকেও অর্ধশতাধিক শিক্ষার্থী এসেছেন ‘সামাজিক ব্যবসা’ সম্পর্কে জানতে। তাঁরা ড. মুহম্মদ ইউনূসের কাছ থেকে লাভ করেন সামাজিক ব্যবসার ধারণা। ভারত থেকে শিক্ষার্থীরা অনিবার্য কারণবশত আসতে না পারায় তাঁরা অংশ নিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।সমাজে যারা অনাহারী, প্রিয়জনকে হারিয়ে অসহায়, বেঁচে থাকার জন্য দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে, তাদের অবস্থার উন্নতির জন্যই প্রয়োজন সামাজিক ব্যবসা। সমস্যার গভীরে গিয়ে এর সমাধানের সঠিক কৌশল বের করা এবং দাতাদের কাছ থেকে পাওয়া অর্থ ও স্বেচ্ছাসেবীদের কাজের মাধ্যমে অসহায় মানুষদের জীবন বদলে দেওয়াই হলো সামাজিক ব্যবসা।‘সামাজিক ব্যবসা নিয়ে আমাদের অনেকেরই ধারণা স্পষ্ট ছিল না। আমরা নিজেদের ভেতরে থাকা প্রশ্নগুলোর উত্তর পেয়েছি আজ।’ বলেন অনুষ্ঠানে আসা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএপড়ুয়া কল্লোল বিশ্বাস।তরুণদের জন্য জাতিসংঘের নিয়োজিত দূত অভিনেত্রী মনিক কোলম্যানের ভিডিও বার্তাও এই দিন শোনানো হয় সবাইকে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিন হায়দার বলেন, ‘নানা দেশের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার এ এক দারুণ সুযোগ। আমরা তরুণেরা দেশটাকে বদলে দেওয়ার স্বপ্ন দেখি আর সামাজিক ব্যবসাই পারে এ কাজটি সবচেয়ে ভালোভাবে সম্পন্ন করতে।’সামাজিক ব্যবসার ক্ষেত্রে চারটি মূল বিষয়ে সব সময় লক্ষ রাখতে হয়। মানুষের নিম্ন জীবনযাত্রার মান বদলে দিয়ে কম খরচে সেরা দ্রব্যটি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। বেকারত্ব দূর করা, পণ্যদ্রব্য উৎপাদন, বিক্রি-বিতরণের সঠিক কৌশল বের করা এবং সামাজিক ব্যবসার মাধ্যমে লাভ তুলে আনার দিকে খেয়াল রাখতে হয় সবাইকে। অনুষ্ঠানে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস বলেন, ‘সামাজিক ব্যবসা কী, এটা আমাদের বুঝতে হবে। তরুণদের উচিত, সমাজের প্রতিটি স্তরে গিয়ে কাজ করা। সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণদের অংশগ্রহণ খুবই প্রয়োজন।’অনুষ্ঠান শেষ হতে হতে বাইরে নেমেছে আঁধার। কিন্তু বৃষ্টি কিংবা মেঘের ছিটেফোঁটাও নেই আকাশে। এর আভাস কিছুটা পাওয়া গেল শিক্ষার্থীদের চোখেমুখেও। অজ্ঞতা, অনিচ্ছা আর ভয়ের মেঘ যেন মুছে গিয়েছে তাঁদের ভেতর থেকে। বসে থাকার সময় নেই আর। সমাজটাকে বদলে দেওয়ার জন্য এখন কাজ করার পালা। কাজ করার পালা অসহায় মানুষদের জন্য। এরই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন সবাই, প্রতিটি তরুণ।