ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তারা
সামাজিক মাধ্যমকে আনন্দময় করে তুলতে পারে সাইবার নিরাপত্তা

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনারে বক্তারা বলেছেন, সবাই ফেসবুক, টুইটার, ইয়াহু, জি–মেইল কিংবা হটমেইল ব্যবহার করছেন। কিন্তু এসব যোগাযোগমাধ্যম ব্যবহার করতে গিয়ে নিরাপত্তার বিষয়টি অনেকেই জানেন না। অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যেতে পারে যেকোনো মুহূর্তে। এ জন্য প্রয়োজন সাইবার নিরাপত্তা। সামাজিক মাধ্যমকে আনন্দময় করে তুলতে পারে সাইবার নিরাপত্তা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে আস্থা অর্জন ও কৌশলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সম্প্রতি নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে আয়োজিত সেমিনারের আয়োজন করে স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগ। এতে মূল গবেষণাপত্র তুলে ধরেন জার্মানির টি ইউ ডার্মস্টাড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের গবেষক শেখ এম হাবিব।
অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। বক্তব্য দেন ট্রেজারার সামস উদ দোহা ও স্কুল অব সায়েন্সের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।
শেখ এম হাবিব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর মানুষের আস্থা কতটুকু, তা জানা যাবে সঠিক গবেষণার মাধ্যমে। এ ক্ষেত্রে ওই মাধ্যম ব্যবহারকারীদের মতামত, সংখ্যা, প্রতিক্রিয়া—সবকিছুই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, কীভাবে দীর্ঘদিন পর্যন্ত তথ্য সংরক্ষণ করা যায়, তা নিয়ে কৌশল তৈরি করার উদ্যোগ নেওয়া যায়।
মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আইটি সেক্টরে গবেষণাভিত্তিক কাজগুলো সাধারণত সরকারি প্রতিষ্ঠানে হয়ে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কীভাবে আস্থা অর্জন করতে পারে, সে ধারণা দিতে চট্টগ্রামে প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি