সামাজিক যোগাযোগ কি অসামাজিক করে দিচ্ছে?

নিজের ঘাড়ে দোষটা চাপিয়েই শুরু করি। বছর দুয়েক আগে বউ-বাচ্চাদের নিয়ে যাচ্ছি কুয়াকাটা। কোনো কাজটাজ নেই, স্রেফ বেড়ানো। যেতে যেতেই ফেসবুকে জানান দিয়ে যাচ্ছি কখন কোথায় আছি। কুয়াকাটা পৌঁছেও একই অবস্থা। বউ-বাচ্চারা সমুদ্রে নেমে গেছে, সৈকতে বালু নিয়ে খেলা করছে আর আমি সৈকতের ছবি দিয়ে স্ট্যাটাস দিচ্ছি ফেসবুকে। সেই ছবিতে কয়টা লাইক, কয়টা কমেন্টস, একটু পর পর আবার সেসব দেখি। ওরা হয়তো আমাকে ডাকছে, আমি সাড়া দিয়েও আবার ব্যস্ত মোবাইল ফোনে। নিজের কাছে নিজেই যুক্তি সাজাই—ওরা তো নিজেরা মজা করছে, আমি গেলেই কী আর না গেলেই বা কী! কুয়াকাটা থেকে ফেরার আগের রাতে আমার স্ত্রী আমাকে বলে, তোমার সঙ্গে আর বেড়াতে আসব না। আমি অবাক। ‘মোবাইলই তো তোমার সঙ্গী, আমরা কে? এভাবে বেড়ানো হয়!’ বাচ্চাদের দিকে তাকাই। তাদেরও এক কথা, বাবা তো মোবাইল নিয়েই ব্যস্ত।
আবির আর সাব্বির দুই বন্ধু গেছে বেড়াতে। আবির গাড়ি চালাচ্ছে আর সাব্বিরের সঙ্গে কথা বলছে। কাজের ব্যস্ততায় ছোটবেলার বন্ধুর সঙ্গে আগের মতো চুটিয়ে কথা বলার সময় কই। তাই ছুটির দিনে এই বেড়াতে আসা। কিন্তু পাশে বসে সাব্বিরের হাতের ১০ আঙুলই ব্যস্ত মোবাইল ফোনের টাচস্ক্রিনে। বিরক্ত আবিরের মুখ থেকে বেরিয়ে আসে, ‘তুই থামবি, না আমি গাড়ি থামাব।’
প্রযুক্তির এই রমরমা সময়ে এর জালে আটকা আমরা সবাই। ফেসবুক, ভাইবার, টুইটার, স্কাইপ—যোগাযোগের মাধ্যমের শেষ নেই। আদর করে বলা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, বাংলায় সামাজিক যোগাযোগ মাধ্যম। ওপরের উদাহরণ দুটি বা আমাদের চারপাশের মানুষদের আচরণ দেখলে এ কথা মনে আসতেই পারে যে, অনলাইননির্ভর এই সামাজিক যোগাযোগ কি বাস্তবে আমাদের অসামাজিক করে ফেলছে? এই প্রশ্ন নিয়ে একটি বিতর্ক ছাড়া হয়েছিল ডিবেট ডট ওআরজি ওয়েবসাইটে। বিতর্কে পশ্চিমা দেশের ইন্টারনেট ব্যবহারকারীরাই মূলত অংশ নিয়েছেন। ফলাফল—৮১ শতাংশ মত দিয়েছেন পক্ষে অর্থাৎ ‘হ্যঁা’। আর ১৯ শতাংশ বিপক্ষে। এই বিতর্কের মন্তব্যগুলোর মধ্যে কয়েকটাতে বলা হয়েছে—স্মার্টফোন আপনাকে আপনার ভাইবোন, মা-বাবা, সঙ্গী, সন্তানের কাছ থেকে একা করে ফেলে। সামাজিকভাবে আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন।
দুনিয়াজুড়ে তথ্যপ্রযুক্তির এই উত্থান, তা নিয়ে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অধ্যাপক স্প্যানিশ বংশোদ্ভূত সমাজবিজ্ঞানী ম্যানুয়ের ক্যাসলস ২০০০ থেকে ২০০৯— ১০ বছর গবেষণা করে ইনফরমেশন এজ (তথ্য যুগ) নামে তিন খণ্ডের বই লিখেছেন। এর প্রথম খণ্ড হলো দি রাইজ অব নেটওয়ার্ক সোসাইটি, দি ইনফরমেশন এজ: ইকোনমি, সোসাইটি অ্যান্ড কালচার (প্রকাশক: উইলি অ্যান্ড ব্ল্যাকওয়েল, ইংল্যান্ড)। ম্যানুয়েলের গবেষণার সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ বললেন, ‘ম্যানুয়েল তাঁর বইতে বলতে চেয়েছেন, নেটওয়ার্কের কারণে আমরা একটা ভার্চুয়াল জগতে বাস করছি। ধীরে ধীরে যা হচ্ছে, তা হলো নেট বনাম ব্যক্তিজীবন। মানুষ সমাজে একা হয়ে যাচ্ছে।’

কয়েক দিন আগে ফেসবুকে দেখলাম একজনের স্ট্যাটাস—কাল ছিল আমার ছেলের জন্মদিন। সারা দিন ওর সঙ্গে কাটিয়েছি, কত আনন্দ করেছি, কিন্তু আজ মনে পড়ল, ফেসবুকে ওকে উইশ করা হয়নি—শুভ জন্মদিন বেটা। মা-ছেলের সম্পর্কেও ফেসবুকনির্ভরতা বাড়ছে?
অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ জানালেন, ম্যানুয়াল তাঁর বইটিতে এই ব্যাপারটাও বলেছেন—‘পারিবারিক বন্ধনটা ধীরে ধীরে ফেসবুকে স্থানান্তরিত হচ্ছে।’ অধ্যাপক মাহবুব ইংরেজি একটা প্রবাদ শোনালেন—‘দি ফ্যামিলি দ্যাট ইট টুগেদার, স্টেইস টুগেদার।’ তিনি বললেন, ‘আগে পরিবারের সবাই একসঙ্গে খেত। বাসায় একটা টেলিফোন থাকত। এখন প্রত্যেকের আলাদা আলাদা ফোন। বাসায় ফিরে যে যার ঘরে ফোন বা নেট নিয়ে ব্যস্ত। নেটে যে তথ্য আমরা পাচ্ছি, তা প্রসেস করতে গিয়ে সময় ব্যয় হচ্ছে। ফলে বাস্তবজীবনের সামাজিকতা কমে যাচ্ছে।’
তিনি যোগ করলেন, ‘আজকাল একটা রাতের একটা সংস্কৃতি তৈরি হয়েছে। রাত জেগে ফোনে কথা বলছে বা নেট ব্যবহার করছে। এখনকার বেশির ভাগ যুবকই ভোরের আকাশ দেখে না। বেলা করে যখন ঘুম থেকে উঠছে, তখন পরিবারের অন্যরা যে যার কাজে বের হয়ে গেছে। আসলে এই ভার্চুয়াল যোগাযোগ আপনাকে বিচ্ছিন্ন করে ফেলছে সমাজ থেকে। সামাজিক যোগাযোগের কারণে একাধিক সম্পর্ক হয়ে যাচ্ছে একই সময়ে। এ কারণে অনেক সম্পর্কেই গভীরতা তৈরি হচ্ছে না। এখন এ অবস্থা শুধু আমাদের এখানে নয়, উন্নত দেশ বা পশ্চিমা বিশ্বের ঘটনা একই রকম।’
কম্পিউটার ইন হিউম্যান বিহেভিয়ার সাময়িকীর জুলাই ২০১৪ সংখ্যায় এক গবেষণা-প্রতিবেদনে বলা হয়েছে ‘ফেসবুক, টুইটার বা এ রকম মাধ্যমগুলোতে বেশি সময় দেওয়া মানুষেরা দাম্পত্যজীবনে অসুখী হতে পারেন, এমনকি বিয়েবিচ্ছেদের কথাও ভাবতে পারেন।’
ফেসবুকের ইতিবাচক দিক িনয়ে কথা শুরু করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আলগীন। বললেন, ‘কতগুলো বিষয় ইতিবাচক। ফেসবুকে পুরোনো বন্ধুদের খুঁজে পাচ্ছি, নিজের কথা নিজের কোনো মুহুর্ত ভাগাভাগি করতে পারছি। নেতিবাচক দিক হচ্ছে, সামাজিকতা, সৌজন্যবোধ আমরা হারাচ্ছি। আমরা তো এ সংস্কৃতিতে অভ্যস্ত নই। এখন আমাদেরই কোনো কোনো বন্ধু আছে যাদের সঙ্গে সামনাসামনি কথা বলার আগে বলে নিতে হয় তোমার ওইটা (মোবাইল ফোন) আগে বন্ধ করো, তারপর কথা।’
অতিরিক্ত কাজপাগল যারা (ওয়ার্কোহোলিক), তাদের মধ্যে নানা রকম মানসিক সমস্যা দেখা যায়। জানালেন সুলতানা আলগীন। যোগ করলেন, মাদকাসক্তিসহ নানা রকম আসক্তি এখন দেখা যাচ্ছে। ফেসবুক আসক্তির নমুনাও চোখে পড়ছে। সুলতানা আলগীনের মতে, ফেসবুক বা অনলাইনের যোগাযোগ এখন এমন পর্যায়ে, একে বাদ দেওয়া যাবে না। তবে সারাক্ষণ ফেসবুকে না থেকে সময় ভাগ করে নেওয়া উচিত। কিছুটা সময় নিজের পেশাগত বা আগ্রহের বিষয় সম্পর্কে ফেসবুক থেকে খবরাখবর নেওয়া যেতে পারে। বাস্তবের সামাজিক আড্ডা বা অনুষ্ঠানে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকা উচিত নয়। আর চিকিৎসাবিজ্ঞান তো বলেই দিয়েছে, কোথাও এক নাগাড়ে ৩০ মিনিট বা সর্বোচ্চ এক ঘণ্টার বেশি বসে থাকা স্বাস্থ্যসম্মত নয়।
বিজয় বাংলা সফটওয়্যার ও লে-আউটের নির্মাতা মোস্তাফা জব্বারের কাজ তথ্যপ্রযুক্তি নিয়েই। ফেসবুকেও তিনি সক্রিয়। তিনি বললেন, ‘সরাসরি, সামনাসামনি সাক্ষাতের কোনো বিকল্প নেই। প্রযুক্তি যে পর্যায়েই যাক না কেন, এর বিকল্প কখনোই তৈরি হবে না। তবে একটা বিষয়, সামাজিক যোগাযোগ বা প্রযুক্তি অনেক অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। যেখানে আমি যেতে পারছি না বা যা পাওয়ার পরিস্থিতি নেই, সেটা পাওয়া সম্ভব হচ্ছে প্রযুক্তির কল্যাণে। তবে এটা শুধু তেমন জায়গাতেই সীমাবদ্ধ থাকা উচিত। বন্ধু, পরিবারের সঙ্গে যোগাযোগ যেন সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর না হয়। আবার যখন আমি কারও সঙ্গে কথা বলছি, তখন পূর্ণ মনোযোগ তার প্রতিই থাকা উচিত।’
অনেক বছর আগে বিদ্রূপ ম্যাগাজিন উন্মাদ-এ বিভিন্ন পেশায় থাকা মানুষের আঙুলের ছবি এঁকে ক্যারিকেচার করা হয়েছিল। সেখানে ছিল একজনের হাতের একটা আঙুলের সামনের অংশ ক্ষয়ে গেছে। নিচে লেখা ছিল টেলিফোন অপারেটরের আঙুল। এ যুগে আমরা মোবাইল ফোনের পর্দায় দুই হাতের ১০ আঙুল যেভাবে ব্যস্ত রাখছি, তাতে কোনো কার্টুনে ক্ষয়ে যাওয়া ১০ আঙুল আর হাতের তালুর ছবি দেখা গেলে বিস্ময় জাগবে না। মোদ্দাকথা, আমরা যেন সমাজের জীব হয়েই থাকি, সামাজিক যোগাযোগ বাণিজ্যের ক্রীড়নকে পরিণত না হই।