সামাজিক যোগাযোগ নিয়ে পাঠকের মতামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনাসামনি আড্ডায় অনলাইন সামাজিক যোগাযোগের কি দরকার! ছবি: অধুনা
সামনাসামনি আড্ডায় অনলাইন সামাজিক যোগাযোগের কি দরকার! ছবি: অধুনা

‘সামাজিক যোগাযোগ কি অসামাজিক করে দিচ্ছে?’ শিরোনামে অধুনায় প্রতিবেদন প্রকাশের পর। পাঠকদের এ বিষয়ে মতামত পাঠাতে বলা হয়েছিল। পাঠকদের পাঠানো কয়েকটি মতামত প্রকাশ করা হলো।

রেস্তোরাঁয় গেলেও ছেলে ফেসবুকে থাকে
ভাবছি, কী লিখব? পক্ষে না বিপক্ষে! সামাজিক যোগাযোগ যেমন অসামাজিক করছে, সে রকম সামাজিকও করছে। আসলে বায়োজ্যেষ্ঠদের ওপর নির্ভর করছে অনেক কিছু। আমাদের পরিবারের কথাই বলি, খাবার টেবিলে আমার বড় ছেলে জানাল, কানাডায় আমাদের এক বন্ধুর নাতনি হয়েছে। বললাম, অভিনন্দন জানিয়ে দিয়ো আমাদের পক্ষ থেকে। সামাজিকতা রক্ষা পেল। ঠিক তেমনই আমার ভাইয়ের ছেলেমেয়ে দুজনই বিদেশে। ওদের জন্মদিন আমার মুখস্থ। নানা কাজে তারিখ পার হয়ে গেছে মনে নেই। যখন মনে হলো দেখি ছেলেমেয়েরা ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছে। ওরা ফেসবুক না থাকলে হয়তো বা সবাই এক ফোনেই শুভেচ্ছা জানাতাম। আইসক্রিম খেতে গেলাম কিংবা রেস্তোরাঁতে ছেলে ব্যস্ত স্ট্যাটাস দেওয়া নিয়ে। ছেলেকে কিন্তু ‘ওর’ অবস্থায় ছেড়ে দিই না। বলি, এবার আমাদের সঙ্গে যোগ দাও। অনেক বাসার দাওয়াতে দেখা যায় সেই বাসার ছেলেমেয়েরা নিজেদের নিয়ে ব্যস্ত। তাই আমার বাসায় কাউকে দাওয়াত দিলে লুডু, মনোপলির মতো খেলার ব্যবস্থা রাখি। ছোট-বড় সবাই মিলে যাতে অংশ নিতে পারে। আমাদের সবকিছুর ভালো দিকটা গ্রহণ করতে হবে।
নীনা আলম
(ফেসবুক থেকে)

আরও বেশি সামাজিক করে তুলছে
আমি মামার বাসায় থেকে বড় হয়েছি। মামা সরকারি চাকরি করার কারণে ছোটবেলায় বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে পড়েছি। এরই ধারাবাহিকতায় আমি পটুয়াখালী জুবিলী উচ্চবিদ্যালয়ে তৃতীয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছিলাম। চার বছরের বেশি এই শহরে থাকায় অনেকে আমার কাছের বন্ধু হলো। আবার ওখান থেকে মামা বদলি হলেন। তখন মুঠোফোনের চল সবে শুরু হয়েছে। তাই সবার ফোনও ছিল না। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ২০১০ সালে আমি যখন কলেজে উঠলাম এবং ফেসবুক চালানো শুরু করলাম তখন একদিন জুবিলী স্কুলের একজন বন্ধুকে হঠাৎ করে দেখলাম। ফেসবুকে ওর তথ্য দেখলাম। ওর সঙ্গে যোগাযোগ করলাম এবং আবার সেই পুরোনো বন্ধুত্ব শুরু হলো। পটুয়াখালীর সব বন্ধুকে আমি খুঁজে পেলাম। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম না থাকলে আমাদের এই বন্ধুত্ব আবার তৈরি হওয়া সম্ভব হতো কি না তাতে সন্দেহের অবকাশ থেকে যায়।
একবার আমার এক বন্ধুর সঙ্গে হঠাৎ করে দেখা। অভিমান করে বলল, ‘তুই আমার কেমন বন্ধু আমার জন্মদিনেই উইশ করলি না!’ আমার মনে পড়ল কিছুদিন আগে তার জন্মদিন ছিল। আমি ভুলে গিয়েছিলাম। ফেসবুকে দুজন বন্ধু হওয়ার পর ওর কেন কারও জন্মদিনে উইশ করা ভুলি না। ফলে যোগাযোগ বৃদ্ধি পায় এবং সম্পর্কও অটুট থাকে।
এখন সে কী করছে না-করছে সবকিছু খবর আমি পাই এবং তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। এসব শুধু ফেসবুকের জন্য প্রযোজ্য নয়। প্রতিটি সামাজিক যোগাযোগের মাধ্যমের জন্য প্রযোজ্য।
আমরা জানি কোনোকিছুর অতিরিক্ত ভালো না। কোনোকিছুতে আসক্তিও কখনো ভালো ফল বয়ে আনে না। একজন যদি সামাজিক যোগাযোগের নেশায় মত্ত হয়ে থাকে, এই বিষয়ে তার আসক্তি দেখা দেয় এবং সে সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাহলে তা কখনই স্বাভাবিক নয়। সামাজিক যোগাযোগে আসক্ত হয়ে পড়া; ব্যক্তির দোষ, সামাজিক যোগাযোগের দোষ নয়। সামাজিক যোগাযোগ আমাদের আরও বেশি সামাজিক করে তুলেছে বলে আমি মনে করি।
আহসান রনি
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বাস্তবেও যোগাযোগ রাখতে হবে
সব বিষয়ের ইতিবাচক ও নেতিবাচক দুটো দিক থাকে। কোনটি গ্রহণ করবে, তা নির্ভর করে ব্যক্তির ওপর। ফেসবুক ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগে নতুন দিক উন্মোচিত হয়েছে। নিজে না গিয়েও সব কাজ হয়ে যাচ্ছে। যদি এসবের মাধ্যমে আমি অসামাজিক হয়ে যায় তাহলে সেটার দোষ ফেসবুকের নয়, এর দোষ আমার নিজের। তাহলে আমি কেন এসব যোগাযোগের মাধ্যমের জন্য অসামাজিক হয়ে যাচ্ছি বলব? তবে এটা ঠিক যে এসব মাধ্যমে যোগাযোগ ছাড়াও বাস্তবে বা সশরীরে উপস্থিত হয়েও আমাদের যোগাযোগ রাখা উচিত বলে মনে করি।
বিনয় চাকমা
রাঙামাটি।

যোগাযোগব্যবস্থা যে আরও বিস্তৃত তা ভুলে গেছি
অনলাইন-নির্ভর যোগাযোগব্যবস্থা আমাদের যোগাযোগের মাধ্যমকে আরও সুবিধাজনক করে দিয়েছে। তবে এই সামাজিক যোগাযোগ আমাদের অসামাজিকও করে তুলছে। অনেককে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে যতটা স্বাচ্ছন্দ্য, সামনাসামনি ততটা নয়। ছবি তুলে সঙ্গে সঙ্গে পোস্ট করে দেওয়ার প্রচলন আছে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে, যা একধরনের অস্থিরতার প্রতিফলন। এমন আরও কিছু বিষয় আছে, যা আমাদের অসামাজিক করে তুলছে। অন্যদের কাছ থেকে আড়াল করে রাখার প্রবণতাও তৈরি হচ্ছে আমাদের মধ্যে। যোগাযোগ ব্যাপারটা যে আরও বিস্তৃত এবং শুধু এই সামাজিক যোগাযোগের মাধ্যমেই বন্দী নয়—এটা ভুলতেই বসেছি বোধ হয় আমরা।
প্রতীতি পূর্ণা, (ই-মেইল থেকে)।

সামাজিক যোগাযোগ নিজেকে উপস্থাপনের সুযোগ দিচ্ছে
সামাজিকতাকে যদি আমি শুধু পরিবারকে সময় দেওয়া বোঝাই তাহলে বলতে পারি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আমাদের সময় একটু বেশিই নিচ্ছে, তাই বলে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে বা অসামাজিক করে দিচ্ছে তা বলা যাবে না। আর যদি বলা হয় বন্ধু, পরিচিত ও সহকর্মীরাও সমাজের অংশ, তাহলে আমরা দিন দিন আরও সামাজিক হয়ে উঠছি। এটা মানতে বাধ্য যে প্রত্যেকটা মানুষের এখন দুটো জগৎ, একটা বাস্তব অন্যটা ভার্চুয়াল। কেউ যদি ভার্চুয়াল জগৎকে বেশি গুরুত্ব দেয় তাকে আমরা অসামাজিক বলতে পারি না। আবার কেউ যদি বাস্তব জগৎকে মেনে নেয় তাকেও অসামাজিক বলা চলবে না। আসক্তি পর্যায়ে চলে গেলে সেটা অসুস্থতা। অসুস্থ মানুষকে কি আমরা অসামাজিক বলি? সামাজিক যোগাযোগ বরং নিজেকে উপস্থাপনের একটা বড় সুযোগ করে দিচ্ছে। সুযোগ করে দিচ্ছে বিভিন্ন ব্যবসা করে উপার্জনক্ষম হতে। এর ভালো দিকটা খুঁজে বের করতে হবে।
মিজানুর রহমান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।