
‘সামাজিক যোগাযোগ কি অসামাজিক করে দিচ্ছে?’ শিরোনামে অধুনায় প্রতিবেদন প্রকাশের পর। পাঠকদের এ বিষয়ে মতামত পাঠাতে বলা হয়েছিল। পাঠকদের পাঠানো কয়েকটি মতামত প্রকাশ করা হলো।
কারও শখ, ভালো লাগাগুলো বোঝা যায়
সবকিছুরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। অনেক পুরোনো বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ফেসবুকের মাধ্যমে পেয়েছি। যাদের সঙ্গে যোগাযোগ নেই অনেক দিন ধরে, যারা দেশের বাইরে আছে, তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে নিয়মিত। ফেসবুক ছাড়া এটা সম্ভব হতো না।
তবে এর কিছু নেতিবাচক দিকও আছে, যেমন কাউকে না জেনে তুমি বলা, মেসেজ ইনবক্সে উদ্ভট অনেক কিছু লেখা। মানসিকভাবে চাপে ফেলা। যেমন কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের বন্ধু আমাকে লিখেছে, হায় সুমা! আমি উত্তর দিলাম, আমি তোমার বন্ধুর বড় বোন। তারপর সরি লিখে ভরে ফেলেছে। স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ে হয়তো ভালো কবিতা লিখত, সেটা হয়তো সবাইকে দেখানোর সুযোগ ছিল না, এখন সেটা টাইমলাইন দেখে বোঝা যায়। বিশেষ দিনে, বিশেষ অভিব্যক্তি প্রকাশ করা সবারই একটা সহজাত প্রবৃত্তি।
কারও শখ, ভালো লাগাগুলো বোঝা যায়। নতুন নতুন ছবি দেওয়া বা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার অনুভূতি সবার সঙ্গে ভাগাভাগি করা যায়। আপনি নতুন কোনো বন্ধু পেয়েও যেতে পারেন, সৃজনশীল বন্ধু, যার সৃজনশীল কাজের অংশীদার আপনিও হতে পারেন! তবে খেয়াল রাখতে হবে, আমরা যেন রাতজাগা পাখি হয়ে না যাই। তবে এটা যেন আমাদের বন্ধু বা পরিবার থেকে বিচ্ছিন্ন করে না দেয়!
সর্বোপরি সামাজিক যোগাযোগমাধ্যম যেন সামাজিক অসুখে পরিণত না হয়।
শাইলা পারভীন, গাজীপুর
আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি
আমরা অনেকখানি অসামাজিক হয়েই গেছি। ছোটকালে পড়েছিলাম, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ৷ এখন মনে হয়, মাঝেমধ্যে হয়তো অভিশাপ। আমি প্রযুক্তির বিপক্ষে নই। তবে নিজের চারপাশ থেকে দেখছি, সামাজিক যোগাযোগব্যবস্থার কারণে আগের মতো আন্তরিকতা থাকছে না। ফলে মনঃকষ্টের সৃষ্টি হয় এবং দূরত্ব বাড়ে। এটা পরিবারের বাইরেও ঘটে। আমরা দিন দিন এভাবে সমাজ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছি। অনেক আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। আমরা যখন সামনাসামনি দেখা করি কথা বলি, তখন আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। একটা ভালো লাগা সৃষ্টি হয়, যা কখনোই ফেসবুক বা অনলাইনে সম্ভব নয়। প্রযুক্তি আমাদের গতিময় করেছে কিন্তু কেড়ে নিয়েছে আমাদের আবেগ। যেটা বড় বেশি দরকার এ প্রজন্মের।
সিদ্দিকা ফেরদৌস (ই-মেইল)
সামাজিক যোগাযোগ মানুষকে সামাজিক করে তুলছে
প্রথমে ফেসবুকের বিষয়ে বলি, ফেসবুকের মাধ্যমে মানুষ বন্ধু, শিক্ষক, বাবা-মা, পরিবারসহ অসংখ্য মানুষের সঙ্গে স্ট্যাটাসের মাধ্যমে মনের কথা মুহূর্তেই শেয়ার করছে। চ্যাটের মাধ্যমে প্রয়োজনীয় আলাপও লম্বা সময় ধরে করছে। জানতে পারছে, কে কী অবস্থায় আছে। বিপদে-আপদে দ্রুত মানুষকে সান্ত্বনা দিচ্ছে। বিশেষ দিনগুলোয় অথবা কারও আনন্দের সংবাদে তাৎক্ষণিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে। ফেসবুক না থাকলে মানুষ কখনোই এসব কাজ সহজভাবে করতে পারত না।
স্কাইপে বিনা মূল্যে দেশ-বিদেশে থাকা আপনজনদের সঙ্গে ইচ্ছেমতো কথা বলা যায়।
আমি তো দেখছি, এসব সহজ সামাজিক যোগাযোগগুলো মানুষকে আরও সামাজিক করে তুলছে। সামাজিক যোগাযোগ বাড়িয়ে দিচ্ছে।
তবে এসব মাধ্যমের কখনোই অপব্যবহার করা যাবে না। তাহলে নিশ্চিত ফলাফল হিতে বিপরীত হয়ে যাবে।
আব্দুল্লাহ মুহাম্মাদ, কল্যাণপুর ঢাকা
সামনাসামনি আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি
বর্তমান সময়ের যোগাযোগব্যবস্থার ইতিবাচক দিক হিসেবে বলা হচ্ছে আমরা পুরোনো বন্ধুদের খুঁজে পাচ্ছি। বন্ধুদের খুঁজে পাচ্ছি ঠিক আছে বন্ধুদের সঙ্গে আলাপ করছি ঠিক আছে। কিন্তু কেন জানি মনে হয়, বন্ধুত্বের বন্ধনটা খুব শক্ত নয়। হয়তো বন্ধুর সঙ্গে আলাপের মাধ্যমে যোগাযোগ ঠিক রাখছি, কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে ভাগাভাগি করে চা খাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি। সামনাসামনি হাসি-ঠাট্টা আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি।
সৌরভ আতিক (ই-মেইল)