সামাজিক যোগাযোগের মাধ্যমে ভালো খবরই এগিয়ে
বর্তমানে ফেসবুক, টুইটারসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তথ্যের বিস্তার নিয়ন্ত্রিত হচ্ছে ভিন্ন উপায়ে। মার্কিন গবেষকেরা মানুষের মস্তিষ্ক বিশ্লেষণ (স্ক্যান) করে এবং অনলাইনে তাঁদের বিভিন্ন লেখা (পোস্ট) ও ই-মেইল ঘেঁটে দেখেছেন, বিপর্যয় বা শোকাবহ খবরের তুলনায় ইতিবাচক খবর দ্রুত ও অনেক দূর ছড়িয়ে পড়ে। এই গবেষণায় প্রযুক্তিনির্ভর বিভিন্ন মাধ্যমের পাশাপাশি মৌখিক যোগাযোগের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা হয়। এসব যোগাযোগের ক্ষেত্রে মানুষের মধ্যে ইতিবাচক সংবাদের বিনিময় বেশি হয়ে থাকে।সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন, সংবাদমাধ্যমে নেতিবাচক খবরের কাটতি বেশি। রক্তক্ষয়ী ঘটনার খবরই শীর্ষ শিরোনাম হিসেবে ঠাঁই করে নেয়। সেই বিবেচনায় কোনো খবরই ‘ভালো খবর’ নয়, আবার ‘ভালো খবর’ কোনো খবরই নয়। মানুষের দুঃখ-দুর্দশা যত তীব্র হয়, সংবাদমাধ্যমের প্রতিবেদনও সাধারণত ততটাই জোরালো হয়। সামাজিক মনস্তত্ত্ব গবেষক জোনা বার্গার বলেন, গণমাধ্যমগুলো দুঃসংবাদ প্রচারের মাধ্যমে পাঠক-দর্শক-শ্রোতাদের কাছে টানার চেষ্টা করে। মানুষের অনুভূতির ওপর এসব খবরের প্রভাব কী হবে, সেটা তেমন গুরুত্ব পায় না। কিন্তু স্বজন বা বন্ধুকে কোনো একটা খবর জানানোর সময় তার সম্ভাব্য প্রতিক্রিয়াকে মানুষ অনেক গুরুত্ব দেয়। নিউইয়র্ক টাইমস।