জামায়াত-শিবিরের নাশকতা তথা তাণ্ডবে হতভম্ব নাগরিকেরা এবার নাশকতা সৃষ্টিকারীদের সামাজিকভাবে প্রতিরোধ করবেন। এ লক্ষ্যে নগরের পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধ কমিটি গঠন শুরু করেছেন তাঁরা। এরই মধ্যে কমিটি কাজ শুরু করে দিয়েছে। কমিটির ব্যানারে গতকাল শনিবার বিকেলে লালদীঘি ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আলেম সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের নাগরিক ও পেশাজীবী নেতারা অংশ নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে চট্টগ্রাম নগরের ৪০টি ওয়ার্ড ও ১২টি থানা এলাকায় সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। প্রতিটি কমিটিতে প্রতিনিধি থাকছেন ৫১ জন। তাঁরা তৃণমূল পর্যায়ের লোকজনকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের সহিংস কর্মকাণ্ডের মোকাবিলা করবেন।সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সামাজিক প্রতিরোধ কমিটিতে রাজনৈতিক নেতা ছাড়াও মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-ছাত্রসহ সর্বস্তরের প্রতিনিধি রাখা হচ্ছে। এরই মধ্যে আমরা সব সাংগঠনিক ওয়ার্ড ও ১২টি থানায় কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বলে দিয়েছি। তাঁরাই স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। পাশপাশি যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের দাবিতে জোরালো আন্দোলন অব্যাহত রাখবে।’ নগরের হালিশহর সাংগঠনিক ওয়ার্ড সামাজিক প্রতিরোধ কমিটির আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমার এলাকায় সবার কাছে গ্রহণযোগ্য নাগরিকদের অন্তর্ভুক্ত করে ৫১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। কমিটির তৎপরতার কারণে এলাকায় গত সপ্তাহের কর্মসূচিকে ঘিরে কেউ ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি। যারা নাশকতা করতে আসবে, তারা পালানোর পথ পাবে না।’ প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের শীর্ষ নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দেওয়ায় জামায়াত-শিবির দক্ষিণ চট্টগ্রামে ব্যাপক তান্ডব চালায়। এমন বর্বরতা ও পৈশাচিক কর্মকান্ড এই প্রজন্মের লোকজন দেখেনি। হামলাকারীরা বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ায় হাজার হাজার গাছ কেটে রাস্তায় অবরোধ করে। সংখ্যালঘুসহ সাধারণ মানুষের ওপর বাড়িঘরে অগ্নিসংযোগসহ নির্যাতন চালানো হয়। এই তাণ্ডবকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়ের তাণ্ডবের সঙ্গে কেউ কেউ তুলনা করছেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতকানিয়ার বাসিন্দা আমিনুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনের নামে জামায়াত-শিবির রাস্তার দুই পাশের হাজার হাজার গাছ কেটে অবরোধ সৃষ্টি করেছে। এই গাছ কী ক্ষতি করেছে তাঁদের? ইসলাম শান্তির ধর্ম। কিন্তু নাশকতা করে জামায়াত-শিবির কী প্রতিষ্ঠা করতে চায় সেটা আমাদের প্রশ্ন।’ সাধারণ নাগরিকরা জামায়াত-শিবিরের তান্ডবে হতভম্ব হলেও এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করে আমিনুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে নগরের ১২টি মোড়সহ বিভিন্ন স্থানে জামায়াত-শিবির বিরোধী প্রতিরোধ কর্মসূচি শুরু হয়েছে।’