আঘাতটা হয়তো খুব সামান্য ছিল, আঙুলে একটা কাটার খোঁচা বা চলতে গিয়ে রাস্তায় হোঁচট খাওয়া। কিন্তু সেই সামান্য আঘাত থেকেই ত্বক ও ত্বকের নিচে সংক্রমণ, সেলুলাইটিস, তারপর গ্যাংগ্রিন, পচন ধরা, শেষ পর্যন্ত হয়তো কেটে ফেলতে হলো আঙুলটা বা পায়ের পাতা। হ্যাঁ, এমনও হয়। সামান্য একটা পিনের আঘাত থেকে গ্যাংগ্রিন হয়ে রক্তে সংক্রমণ ছড়িয়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই যেকোনো আঘাত সামান্য হলেও আসলে তা নয়। জানতে হবে এ থেকে জটিলতার ঝুঁকি কতটুকু।
ঝুঁকির যত কারণ
যেকোনো আঘাতের পর সেটা দ্রুত সেরে ওঠার বা শুকিয়ে যাওয়ার জন্য দরকার সেই জায়গায় পর্যাপ্ত অক্সিজেন বা রক্ত সরবরাহের ব্যবস্থা। কোনো কারণে রক্ত সংবহন কমে গেলে আঘাতপ্রাপ্ত জায়গায় ঠিকমতো অক্সিজেন, শ্বেতরক্ত কণিকা ও বিভিন্ন প্রয়োজনীয় রাসায়নিক পৌঁছাতে পারে না, ফলে ঘা সারানোর শারীরবৃত্তীয় স্বাভাবিক পদ্ধতিতে ব্যাঘাত ঘটে। এ সমস্যা হয় ডায়াবেটিসের কারণে রক্ত চলাচল কমে যাওয়ায় এবং ধূমপায়ীদের। এরা তাই গ্যাংগ্রিনের ঝুঁকির মধ্যে পড়ে যান। এ ছাড়া রক্তনালিতে চর্বির আস্তর পড়ে, যা রক্ত সংবহনে বাধা দেয়। ময়লা-অপরিচ্ছন্ন আঘাত জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ায়। অপুষ্টি, রক্তশূন্যতাও আঘাত ঠিকঠাক না সারার জন্য দায়ী হতে পারে।
আঘাত থেকে যত জটিলতা
সাধারণ একটা কাটা বা আঘাতপ্রাপ্ত স্থান স্বাভাবিকভাবেই খানিকটা লাল হয়ে যায় ও ফুলে ওঠে। তারপর নিজে নিজে সেটা শুকিয়েও যায়। কিন্তু জীবাণু সংক্রমণ হলে এ থেকে ত্বকের নিচের কোষকলায় সংক্রমণ ছড়িয়ে পড়ে ও গোটা জায়গা অনেকখানি ফুলে লাল চকচকে হয়ে উঠতে পারে, পুঁজ জমে যায় ও শুরু হয় প্রচণ্ড ব্যথা। এ পরিস্থিতিকে বলা হয় সেলুলাইটিস। সময়মতো সঠিক মাত্রায় অ্যান্টিবায়োটিক বা প্রয়োজনে খানিকটা কেটে পুঁজ বের করে নেওয়া ও ড্রেসিং করা হলো এ থেকে উত্তরণের উপায়। কিন্তু সঠিক চিকিৎসা না করা হলে সংক্রমণ আরও গভীরে ছড়িয়ে পড়তে পারে, এমনকি পেশি ছাড়িয়ে হাড় পর্যন্ত যেতে পারে।
অস্টিওমায়োলাইটিস বা হাড়ে সংক্রমণ খুবই জটিল একটি অবস্থা। কোনো একটি খোলা ঘা বা আলসার প্রথমে লালচে থাকে ও ধীরে ধীরে নতুন কোষ ও ত্বক দিয়ে পূর্ণ হয়ে যায়। কিন্তু জটিল ও সংক্রমিত ঘা পুঁজসমৃদ্ধ থাকে, সাদাটে দেখায়, বড় ও গভীর হতে থাকে, পরে গ্যাংগ্রিন হয়ে গেলে কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে। তখন ওটা কেটে ফেলে দেওয়া ছাড়া আর উপায় থাকে না।
তাই সতর্ক থাকুন
তাই সামান্য আঘাতকেও অবহেলা করবেন না। ক্ষতস্থানটি পরিষ্কার রাখুন, অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে পরিষ্কার গজ দিয়ে ব্যান্ডেজ করতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক সেবন করুন। মরচে ধরা অপরিচ্ছন্ন কিছু দিয়ে কাটলে টিটেনাসের বুস্টার ডোজ নিয়ে নিন। ক্ষতস্থান অনেক ফুলে গেলে, লাল হয়ে গেলে বা তীব্র ব্যথা হলে দ্রুত চিকিৎসকের কাছে যান। ডায়াবেটিক রোগীরা অবশ্যই রক্তে শর্করা মেপে নিন ও নিয়ন্ত্রণ করুন। পুষ্টিকর ও ভিটামিন সি-সমৃদ্ধ খাবার ঘা শুকাতে সাহায্য করে। l সার্জারি বিভাগঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল |