সামান্য বর্ষণেই পানি পড়ে বাঘাইছড়ি থানা ভবনে

ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ের টিনের চালে বেশ বড় একটি ফুটো। বেশ কিছুদিন আগে ফুটোটি এক প্রস্থ টিন দিয়ে বন্ধ করে দেওয়া হলেও বৃষ্টির পানি পড়া আটকানো যায়নি। সামান্য বর্ষণেই পানি পড়ে ভিজে যায় কক্ষটি। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় নয়, রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার প্রতিটি কক্ষেরই এই দশা। আশির দশকে নির্মিত এই ভবনের সর্বশেষ সংস্কার হয়েছিল ২৩ বছর আগে। জীর্ণ এই ভবনেই চলছে থানার কার্যক্রম।
জীর্ণ ভবনের কারণে কর্মরত পুলিশ সদস্যদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। টিনের ছাউনির নিচে দেওয়া সিলিংয়ের বেড়া ও গাছ পচে গেছে পানি পড়ে। ভবনের দরজা-জানালাও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অনেক স্থানে দেয়ালের পলেস্তারা খসে গিয়ে ইট দেখা যাচ্ছে। ভেঙে গেছে থানার সীমানাপ্রাচীরের একটি অংশও। এ ছাড়া পুলিশ সদস্যদের আবাসিক ভবন, ব্যারাক ও শৌচাগারেরও বেহাল অবস্থা। সম্প্রতি বাঘাইছড়ি থানায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
বাঘাইছড়ি থানা সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে এই থানা প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৮১ সালে উপজেলা সদরের টিঅ্যান্ডটি কলোনিতে ১০টি টিনের চালের পাকা ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে রয়েছে সাতটি আবাসিক ভবন, একটি কার্যালয়, একটি ব্যারাক ও একটি রান্নাঘর। এ ভবনগুলো নির্মাণের পর ১৯৯৩ সালে একবার মাত্র সংস্কার করা হয়। এরপর আর সংস্কার না হওয়ায় ভবনগুলোর টিনের চালে অসংখ্য ফুটো তৈরি হয়। সিলিংয়ের ছাউনির নিচে গাছ, বাঁশ ও বেড়া পচে গেছে। ১০টি শৌচাগারও ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, থানা প্রাঙ্গণের সব ভবনের ছাদেই ছোট–বড় অসংখ্য ফুটো। কিছু কিছু ফুটো টিন দিয়ে ঢেকে দেওয়া হলেও বৃষ্টির পানি পড়ে কক্ষগুলোতে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষের পাশেই অন্য একটি কক্ষে গাদাগাদি করে বসেন উপপরিদর্শকেরা। তার পাশে হাজতখানা ও পুলিশের ব্যারাকের অবস্থান।
উপপরিদর্শক (এসআই) মো. নাসির বলেন, ‘থানার সব ভবনেই পানি পড়ে। টিনের ছাউনির সিলিং নষ্ট হয়ে যাওয়ায় অস্ত্রাগার ও হাজতখানা অরক্ষিত হয়ে পড়েছে। এ ছাড়া জব্দ করা মালামাল রাখার কক্ষটিতেও পানি পড়ে। আশপাশে কোনো ভাড়া বাড়ি না পাওয়া বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ ভবনে আমাদের কাজ চালিয়ে নিতে হচ্ছে।’
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘থানার পশ্চিমের ও উত্তরে সীমানাপ্রাচীর ভেঙে গেছে। ফলে অরক্ষিত হয়ে পড়েছে থানাটি। আবাসিক ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে গেছে। ভবনগুলোর অধিকাংশ টিনই নষ্ট হয়ে গেছে। বলতে গেলে সব ভবনেরই একই অবস্থা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছাদ থেকে পানি পড়ে টিনের নিচে বেড়া ও গাছ পচে গেছে। আমার কার্যালয়ে পানি পড়ে সব সময় স্যাঁতসেঁতে হয়ে থাকে থাকে। এ কারণে পুলিশ সদস্যদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা।’
বাঘাইছড়ি উপজেলা প্রকৌশলী মো. মুনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি, বাঘাইছড়ি থানা ভবন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলজিইডি থানায় কোনো নির্মাণকাজ করে না। থানা নির্মাণের জন্য আলাদা বিভাগ আছে। সেটা হলো গণপূর্ত মন্ত্রণালয়ের পিডব্লিউডি। আশা করছি এ ব্যাপারে দ্রুতই তারা পদক্ষেপ নেবে।’