
সড়কজুড়ে ছোট-বড় গর্ত। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জমে যায় হাঁটুপানি। পানি সরে গেলে শুরু হয় কাদার অত্যাচার। সাতকানিয়া পৌরসভার বাসস্ট্যান্ড সড়কে চলাচলে এমনই ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় লোকজন।
জানা যায়, সাতকানিয়ার ১০ ইউনিয়নের লোকজেনর নানা কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কার্যালয়, সহকারী জজ আদালত ও থানায় আসার একমাত্র মাধ্যম সড়ক ও জনপথ বিভাগের এই সড়কটি। এ ছাড়া এ সড়ক দিয়ে বাঁশখালী, সাতকানিয়া সদরসহ উপজেলার দক্ষিণ-পশ্চিম অংশে বসবাসকারী লোকজন চট্টগ্রাম শহরে আসা-যাওয়া করেন। প্রতিদিন চলাচল করে তিন শতাধিক গাড়ি।
স্থানীয় লোকজন জানান, পাঁচ-ছয় বছর আগে সড়কটি সংস্কার করা হয়। এরপর মাঝেমধ্যে সড়কে সৃষ্ট গর্তগুলো জোড়াতালি দিয়ে ভরাট করা হলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতি বছর বর্ষা মৌসুম এলে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে চলাচলকারী লোকজনের ভোগান্তি বাড়ে।
সরেজমিনে দেখা গেছে, সাত কিলোমিটারের সড়কটির ডলু সেতুর পূর্বপাশ, জামে মসজিদ মোড় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব এলাকায় হঁাটুপানি জমে যাচ্ছে। পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে প্রায় সময় বিকল হচ্ছে সিএনজিচালিত অটোরিকশা। এ ছাড়া অন্য স্থানেও কাদা পানিতে এলাকার হয়ে আছে।
সড়কের পাশের বাসিন্দা ও দোকানদার বদি আলম বলেন, বর্ষা শুরু হওয়ার পর জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের কষ্ট বেড়ে গেছে। নর্দমা না থাকায় বৃষ্টির পানি সড়কের ওপর জমে থাকছে। তিনি আরও বলেন, সড়কের পাশে নর্দমা নির্মাণের জন্য জনপ্রতিনিধি ও পৌরসভা কার্যালয়ে স্থানীয় লোকজন একাধিকবার যোগাযোগ করেছে। তাঁরা কেবল আশ্বাসের বাণী শুনিয়েছেন। কাজের কাজ কিছুই করেননি।
এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, এখন সড়ক সংস্কার করে কোনো লাভ নেই। আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এই দায়িত্ব পৌরসভার।
পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান বলেন, ‘কাদা পানিতে জলাবদ্ধ সড়কটি পরিদর্শন করে দেখেছি। জলাবদ্ধতার কারণে সড়কেরও যথেষ্ট ক্ষতি হচ্ছে। শিগগির অর্থ বরাদ্দ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা চালু করে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে।’