সামান্য বৃষ্টিতে সড়কে কাদা-পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামান্য বৃষ্টি হলেই সাতকানিয়া উপজেলা সড়কে পানি জমে যায় l প্রথম আলো
সামান্য বৃষ্টি হলেই সাতকানিয়া উপজেলা সড়কে পানি জমে যায় l প্রথম আলো

সামান্য বৃষ্টিতে সাতকানিয়া উপজেলা পরিষদ সড়কের কয়েকটি স্থানে কাদা-পানিতে একাকার হয়ে যাচ্ছে। ফলে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে পথচারী, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয়ে আসা লোকজন।
স্থানীয় লোকজন জানান, ডাকঘর মোড় থেকে উপজেলা পরিষদ কার্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কারের মুখ দেখেনি। মাস দু-এক আগে সড়কের ওপর ইটের খোয়া ফেলা হয়। এরপর আর কোনো কাজ করা হয়নি। ফলে বর্ষা শুরুর আগে সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদায় পরিণত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদ সড়কটি দিয়ে চলাচল করছে সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়, সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়, সাতকানিয়া সরকারি কলেজসহ অন্তত সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এ ছাড়া উপজেলার অন্যতম কাঁচাবাজার ও বিপণিকেন্দ্রে প্রতিদিন কেনাবেচার কাজে সড়কটি দিয়ে চলাচল করছে শত শত মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কটির কানুপুকুর পশ্চিমপাড়, দক্ষিণপাড়, সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয় গেটসহ পাঁচটি স্থানে কাদা-পানি জমে একাকার হয়ে যাচ্ছে। এই কাদা–পানি ডিঙিয়ে চলাচল করছেন শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন।
সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার হোসাইন বলে, বর্ষা এখনো আসেনি। তারপরও সামান্য বৃষ্টিতে সড়কটিতে কাদা–পানি জমে থাকছে। এই কাদা–পানি মাড়িয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। পুরোপুরি বর্ষা এলে চলাচল করাই দায় হবে।
ভোয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান (৪৩) বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার করা হয়নি। সংস্কারের পাশাপাশি সড়কের পাশে নর্দমার ব্যবস্থা করা না হলে কাদা-পানির কষ্ট শেষ হবে না।
এ প্রসঙ্গে সাতকানিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশ বলেন, সড়কে সৃষ্ট গর্তগুলো ইতিমধ্যে ইটের খোয়া দিয়ে ভরাট করা হয়েছে। কিছু দিনের মধ্যে পুরো সড়কটিকে কার্পেটিংয়ের কাজ শুরু হবে। তা ছাড়া সড়কের পাশে নর্দমা তৈরির পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রাথমিকভাবে কিছু কাজ করা হয়েছে। শিগগির সংস্কারের বাকি কাজগুলো শুরু করা হবে।