সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটুপানি। বৃষ্টি থেমে গেলেও পানি সরে না। রোদে শুকানো ছাড়া পানি সরার কোনো উপায়ও নেই। ফলে থিকথিকে কাদার মধ্যে চলাচলে দুর্ভোগ পোহাতে হয় ক্রেতাদের। যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে প্রতিনিয়ত। প্রায় সময় লেগে থাকে যানজট। আনোয়ারার সবচেয়ে ব্যস্ততম এলাকা চাতরী চৌমুহনী বাজারে এমন দুর্দশা লেগেই আছে।জানা যায়, চাতরী বাজার এলাকায় প্রায় সময় যানজট লেগে থাকায় সড়কটি সম্প্রসারণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এর পরিপ্রেক্ষিতে চার-পাঁচ মাস আগে সড়কের আশপাশের অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর সমপ্রসারিত অংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বাজারের ব্যবসায়ী গাউসিয়া মেশিনারিজের স্বত্বাধিকারী মো. জমির উদ্দিন বলেন, পিএবি সড়ক সম্প্রসারণের জন্য অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে চার-পাঁচ মাস আগে। কিন্তু এখনো সম্প্রসারণকাজ শুরু হয়নি। এখন বৃষ্টি হলে এসব অংশে পানি জমে থাকায় ক্রেতাদের ভোগান্তি বাড়ছে। এতে বেচাবিক্রি কমে যাচ্ছে। ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।আনোয়ারা কলেজের ছাত্রী সুরাইয়া খাতুন বলেন, ‘সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদায় ভরে যায়। গাড়িতে উঠতে সমস্যার মধ্যে পড়তে হয়। মাত্র দুই দিনে এ অবস্থা হলে সমানের বর্ষায় ভোগান্তি যে কী পরিমাণ হবে তা এখন বোঝা যাচ্ছে।’ অটোরিকশাচালক আবদুল মান্নান বলেন, ‘বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। পানির ওপর দিয়ে গাড়ি চালনোর কারণে ইঞ্জিনের বারোটা বাজছে।’ স্থানীয় লোকজন জানান, এ বাজারের ওপর দিয়ে যাওয়া পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কের মাধ্যমে আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশের বেশির ভাগ মানুষ চট্টগ্রামে আসা-যাওয়া করেন। এ ছাড়া আনোয়ারার সবচেয়ে বড় বাজার এটি। এখান থেকে প্রতিদিন কেনাকাটা করেন হাজারো মানুষ। শুধু তাই নয়, দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বড় শ্রমবাজারও এটি। কিন্তু ব্যস্ততম এ বাজারের এখন বেহাল দশা।এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বলদেব চাকমা বলেন, সড়ক সম্প্রসারণের সব কাজ চূড়ান্ত হয়ে আছে। এখন শুধু বরাদ্দের জন্য অপেক্ষা। আশা রাখছি শিগগির বরাদ্দ পেয়ে যাব। তবে জরুরি ভিত্তিতে চাতরী চৌমুহনী বাজারের পানি সরানোর ব্যবস্থা করা হবে। পরে স্থায়ীভাবে নালা নির্মাণ করা হবে।