সামান্য বৃষ্টিতেই নাজিরহাট পৌরসভায় জলাবদ্ধতা

অপরিকল্পিত সড়ক নির্মাণ এবং নালা–নর্দমা ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টি হলেই ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকার বিভিন্ন স্থানে পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে এলাকার পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে।
পৌরসভার বাসিন্দা মো. শওকত আলী জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে এখানকার বিভিন্ন সড়কে হাঁটু থেকে গোড়ালিসমান পনি জমেছে। এ কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা যাতায়াত করতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছে।
সম্প্রতি নাজিরহাট পৌরসভায় গিয়ে মো. শওকত আলীর এ কথার সত্যতা মিলেছে। নাজিরহাট বাজারের আশপাশের সড়কের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে পানি জমে থাকতে দেখা গেছে। নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়েছে। এ কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
জলাবদ্ধতার কারণে পৌর এলাকার সড়কগুলোয় গর্ত ও খানাখন্দ দেখা দিয়েছে। এলাকার কুতুব শাহ সড়ক দিয়ে যাতায়াত করে নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কটি বর্তমানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কাদাপানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। স্থানীয় বাসিন্দা ও নাজিরহাট বাজারের ব্যবসায়ী মো. দিদারুল আলম বলেন, পৌরসভার রাস্তাগুলো অপরিকল্পিতভাবে করা হয়েছে। এগুলো উঁচু না করায় বৃষ্টি হলেই পানি জমছে।
নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী বলেন, সড়কে জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকেও জানানো হয়েছে।
দৌলতপুর ইউপির চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী বলেন, সড়কটি সংস্কারে একাধিকবার বরাদ্দ দেওয়া হয়েছে। ঘরবাড়ি থেকে ময়লা-আবর্জনা ফেলার কারণে নালা-নর্দমাগুলো ভরাট হয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করেছে। নালা-নর্দমা সংস্কার করে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বলা হয়েছে।