সামান্য বৃষ্টি হলেই চন্দ্রঘোনার লিচুবাগান ফেরিঘাটে নদী তীরের সঙ্গে পন্টুনের সংযোগস্থল পানির নিচে তলিয়ে যায়। এ অবস্থায় ঝুঁকি নিয়ে সড়কে ওঠে ফেরির যানবাহন। প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। আর ফেরিতে উঠতে-নামতে দুর্ভোগ পোহান যাত্রীরা। কিন্তু গত কয়েক বছর ধরে এ অবস্থা চলছে। তারপরও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, কাপ্তাই-রাজস্থলী সড়কের মাধ্যমে তিন পার্বত্য জেলা—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িসহ কাপ্তাইয়ের রাজস্থলী, নারানগিরি এবং রাঙ্গুনিয়ার পদুয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়।এ ছাড়া চাষিরা এখানে উৎপাদিত বিভিন্ন শাকসবজি, মৌসুমি ফল চন্দ্রঘোনা বাজারসহ চট্টগ্রাম শহরে আনেন এ ফেরি পাড়ি দিয়ে। প্রতিদিন চলাচল করে শতাধিক অটোরিকশা, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি।৯ ও ১৬ জুন সরেজমিনে লিচুবাগান ফেরিঘাটে গিয়ে দেখা যায়, বৃষ্টির ফলে কর্ণফুলী নদীর পানি বেড়ে ফেরির পন্টুনে পানি জমে আছে। চালক নদীর তীরে পন্টুনের সঙ্গে ফেরি ভেড়ালেও গাড়িচালকেরা পানিতে ডুবে থাকা পন্টুনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে আনতে সাহস করছিলেন না। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকে যাত্রী নামিয়ে দিয়ে খালি গাড়ি কোনোরকমে তীরে ওঠান।এদিকে যাত্রীদেরও পানি ডিঙিয়ে সড়কে উঠতে হচ্ছে। ট্রাকচালক লোকমান হোসেন বলেন, ‘এমনিতেই ফেরিতে ওঠানো-নামানো হয় সতর্কতার সঙ্গে। একটু অন্যমনস্ক হলে দুর্ঘটনায় পড়ার আশঙ্কা থাকে। এ অবস্থায় যদি পন্টুনে পানি জমে থাকে তাহলে সতর্ক থেকেও কোনো লাভ নেই। এখন বর্ষাকাল প্রায় সময় এ অবস্থা থাকবে।’ সিএনজিচালিত অটোরিকশা চালক মো. সুরুজ বলেন, ‘বাস-ট্রাকের চাকা বড় হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও তাঁরা পানির মধ্য দিয়েই গাড়ি চালিয়ে যেতে পারেন। কিন্তু অটোরিকশার চাকা ছোট হওয়ায় আমাদের দুর্ভোগ বেশি।’ প্রাইভেট কারের চালক এনামুল হক জানান, তিনি বান্দরবান থেকে রাঙামাটি যাচ্ছিলেন। সারা পথ নির্বিঘ্নে এলেও লিচুবাগান ফেরিতে এসে দুর্ভোগে পড়েন। ফেরিচালক আবুল হাশেম বলেন, ফেরির পন্টুন ঠিকই আছে। পন্টুনের সংযোগ সড়কটি অনেকখানি দেবে গেছে। কর্ণফুলী নদীর লিচুবাগান এবং রাইখালী উভয় অংশের একই সমস্যা। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংশি মারমা বলেন, সড়কের কিছু অংশ দেবে গেছে। কিন্তু পন্টুনেও সমস্যা আছে। পন্টুন মেরামত করা হলে পানিতে ডুবে থাকত না।