সামান্য বৃষ্টিতেই ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য বৃষ্টিতেই পৌরসভার প্রধান সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। কাদাপানিতে একাকার সড়কে পথ চলতে দুর্ভোগ পোহাতে হয়। বছরের পর বছর এ অবস্থা চলতে থাকলেও কারও কোনো মাথাব্যথা নেই। কথাগুলো বলেন কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ শহিদুল্লাহ।১৪ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, ভারী বৃষ্টিপাতে পৌর এলাকার পানি উন্নয়ন বোর্ড এলাকা হিন্দুপাড়া, জলদাশপাড়া, ঘোনারপাড়া, থানাসংলগ্ন এলাকা, নতুন পালপাড়া ও সিকদারপাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর এলাকার বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ নাগরিক সুবিধা দিতে পারেনি। অথচ প্রতিবছর নাগরিকেরা কর পরিশোধ করে আসছে।গোরকঘাটা বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ কাসেম বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত নালা নির্মাণ না করায় প্রতিবছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। এ নিয়ে বেশ কয়েক বার পৌর কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেও কোনো কাজ হয়নি।’ ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জামালুর রশিদ বলেন, ‘পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে পরিকল্পিতভাবে কোনো নালা নির্মাণ করা হয়নি। কয়েক বছর ধরে পৌর কর্তৃপক্ষের কাছে নালা নির্মাণের দাবি জানিয়ে আসলেও কাজ হয়নি। তবে বর্তমান মেয়র মকছুদ মিয়া এবারের বাজেটে উন্নয়নের জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখায় আমরা আশাবাদী।’ এ প্রসঙ্গে মহেশখালী পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাইদুল আলম বলেন, এবারের বাজেটে অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও নালা নির্মাণ ও মেরামতের জন্য সর্বোচ্চ ছয় কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। ফলে পৌর নাগরিকদের দুর্ভোগ কমাতে অগ্রাধিকার ভিত্তিতে চলতি অর্থবছরে পর্যাপ্ত নালা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। পৌর মেয়র মাকসুদ মিয়া বলেন, এত দিন পরিকল্পিতভাবে উন্নয়নকাজ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে চলতি বাজেটে উন্নয়নের জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। তাই পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবে নালা নির্মাণ করা হবে।