
নিজেই ছাত্রী আবার খণ্ডকালীন শিক্ষকও। যুক্ত আছেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের সঙ্গে। এতে শেষ নয়, ব্যবসা–সংক্রান্ত খুঁটিনাটি নিয়ে এখনই চালান চুলচেরা বিশ্লেষণ। এক হাতে এত কাজ একসঙ্গে সামলে এগিয়ে যাচ্ছেন সামিনা আরেফীন। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক নবম অর্ধবর্ষের শিক্ষার্থী তিনি। বিগত আটটি অর্ধবর্ষের পরীক্ষার ফলাফলে তাঁকে ছাড়িয়ে যেতে পারেনি কেউ। এখন পর্যন্ত তাঁর সিজিপিএ চার এ চার।
এক বছর ধরে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বিজনেস ক্লাবের সমন্বয়কারী হিসেবে কাজ করছেন সামিনা। বিশ্ববিদ্যালয় জীবনে সোশ্যাল বিজনেস ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার পর বেশ কয়েকটি সাফল্যও আছে তাঁর ঝুলিতে। এর মধ্যে সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৪ সাল। ঢাকার ইউনূস সেন্টারে আয়োজিত সারা দেশের ২০০টি বিজনেস ক্লাবের মধ্যে প্রতিযোগিতা করে রানারআপ হয় ইস্ট ডেল্টা। রানারআপ হওয়া সেই দলের দলনেতা ছিলেন সামিনা।
বর্তমানে সংস্কৃতির সঙ্গে জড়িত না থাকলেও এ জগতেও একসময় বিচরণ ছিল সামিনার। বিদ্যালয়ে পড়া অবস্থাতেই চট্টগ্রাম শিশু একাডেমি থেকে চার বছর মেয়াদি নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর অবশ্য পড়ালেখার চাপে আর যুক্ত থাকেননি নাচের সঙ্গে। নাচের সঙ্গে এখন যুক্ত না থাকলেও সামিনার অবসর সময় কাটে গান শুনে ও বই পড়ে।
ভবিষ্যতে সামিনা কোথায় থাকবেন এমন প্রশ্নে তাঁর উত্তর, ‘পড়াশোনা শেষে করপোরেট জগতে কাজ করতে চাই। ব্যাংকিং সেক্টরে ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছে আছে আমার। সেই সঙ্গে সুযোগ পেলে কাজ করতে চাই দেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন নিয়েও।’
সামিনাদের মূল বাড়ি নোয়াখালীতে হলেও বেড়ে ওঠা চট্টগ্রামে। বাবা শামসুল আরেফীন ও মা শাহানাজ আরেফীন। বাবা বর্তমানে ব্যবসা থেকে অবসর নিলেও মা এখনো যুক্ত আছেন শিক্ষকতা পেশায়। সামিনা প্লে গ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত পড়াশোনা করেছেন চট্টগ্রামের লিটল জুয়েলস স্কুলে। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি তিনি ছয় বছর ধরে খণ্ডকালীন শিক্ষকতা করছেন লিটল জুয়েলস স্কুলেই। সঙ্গে বাসায় পড়াচ্ছেন বেশ কিছু শিক্ষার্থীকে।
পড়ালেখার চাপ সামলে এত কিছু করার সময় পাওয়া প্রসঙ্গে সামিনা বলেন, ‘নিজেকে আমি একজন আত্মনির্ভরশীল মানুষ হিসেবে দেখি। আমি কোনো কিছুতে দমে যেতে চাই না। সময়ানুবর্তিতার মাধ্যমেই সবকিছু সামলে চলা সম্ভব।’