সামিনার মাটির কাব্যগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলার গ্যালারিতে শিল্পী সামিনা করিমের ভাস্কর্য প্রদর্শনী দেখছেন দর্শকেরা l জুয়েল শীল
শিল্পকলার গ্যালারিতে শিল্পী সামিনা করিমের ভাস্কর্য প্রদর্শনী দেখছেন দর্শকেরা l জুয়েল শীল

মাটিকে ভেঙেচুরে নতুন অবয়ব দিয়েছেন শিল্পী সামিনা করিম। বস্তুময় প্রকৃতিজগৎকে দেখেছেন নিজের চোখ দিয়ে। এ যেন অনুভূতির এক ভিন্ন বিশ্ব। যেখানে বস্তু ও দেহের অবয়বে সঞ্চার হয়েছে নতুন ভাবের। মাটির কাব্যগাথা ছাড়া কী বলা যায় একে?
‘স্বপ্নিল মৃন্ময়’ শিরোনামে নগরের শিল্পকলা একাডেমীর শিল্পাচার্য জয়নুল আবেদীন গ্যালারিতে ৭ নভেম্বর শুরু হয়েছে সামিনা এম করিমের একক ভাস্কর্য প্রদর্শনী। ৫০টিরও বেশি ভাস্কর্য নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে এসে অভিভূত হননি এমন দর্শক সম্ভবত খুঁজে পাওয়া যাবে না।

.
.

সামিনার এই প্রদর্শনীটি নানা কারণেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল। তাঁর ভাস্কর্যের প্রধান বৈশিষ্ট্য এর সরল সৌন্দর্য। বাইরের অবয়ব ভীষণভাবে টেনে রাখে দর্শককে। যাকে বলে চোখ ফেরানো যায় না, অনেকটা সেই রকম। তবে এই সরল সৌন্দর্যের পাশাপাশি আছে অন্য এক স্তরও। তাঁর ভাস্কর্যগুলো যেন জীবন ও প্রকৃতি সম্পর্কে এক নতুন ভাষ্য হাজির করে। আর সেটাই সম্ভবত সামিনার বলার কথা।
টেরাকোটা বা পোড়ামাটির কাজের সনাতন রীতির সঙ্গে ভাস্কর্যের আধুনিক আঙ্গিকের সফল মিশ্রণ ঘটিয়েছেন শিল্পী। ভাস্কর্যের ওপর রং ও মোমের প্রলেপ দিয়ে বিভ্রম তৈরি করেছেন। সে কারণে কখনো কখনো মাটির কাজে যোগ হয়েছে ধাতব অনুভূতি।
মানবদেহ সামিনার অন্যতম প্রধান বিষয়। দেহের ভঙ্গি নয়, বরং ভাবের ভাস্কর্য করেছেন তিনি। পাশাপাশি মানুষ যে জড় ও জীবজগতেরই অবিচ্ছেদ্য অংশ, সেই আবিষ্কারও আছে। ‘মা ও শিশু’ শিরোনামের ভাস্কর্যটির উদাহরণ টানলে বিষয়টা পরিষ্কার হবে। দর্শক প্রথমে দেখে ভাববেন, এ বুঝি কুড়িয়ে আনা কোনো পাথরের খণ্ড। কিন্তু ভালো করে লক্ষ করলে এর ভেতরে মায়ের নিবিড় বাহুবন্ধনে থাকা শিশুটি স্পষ্ট হয়ে ওঠে। জড় প্রতিরূপের ভেতরে এভাবেই তো শিল্পীরা জগৎকে আবিষ্কার করেছেন যুগ যুগ ধরে। সামিনাও তার ব্যতিক্রম নন।
প্রদর্শনী উদ্বোধন করেন ভাস্কর অলক রায়। অতিথি ছিলেন বার্জার পেইন্টসের সাবেক মহাব্যবস্থাপক মাসিউল করিম, বিস্তারের পরিচালক আলম খোরশেদ, জাইন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জয়নুল আবেদিন। প্রদর্শনীটি ১২ নভেম্বর পর্যন্ত চলবে।